খোয়াই প্রতিরক্ষা বাঁধ
হুমকির মুখে হবিগঞ্জের খোয়াই প্রতিরক্ষা বাঁধ, নদীর পাড় উপচে হাওরে ঢুকছে পানি
হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি বৃদ্ধি উজানে হ্রাস পেলেও ভাটিতে বৃদ্ধি পাচ্ছে। নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের হুমকি দেখা দিয়েছে। পানির চাপে নড়বড়ে হয়ে পড়ছে বাঁধ। হালকা ফাটল ও ছিদ্র হয়ে চুইছে পানি।
প্রতিরক্ষা বাঁধের অপর পাশে থাকা বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের রাধাপুর এলাকায় নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে ওই উপজেলার মকরমপুর ও সুজাতপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে হাওরে কোনো ফসল না থাকায় ক্ষতির আশঙ্কা কম রয়েছে।
এদিকে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকার দানিয়ালপুর যশের আব্দা, কামড়াপুর এলাকায় শতাধিক বসতঘরে পানি প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা স্থানীয় কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল ৩টায় খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২১২ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ১১৮ সেন্টিমিটার ও শহরের মাছুলিয়া পয়েন্টে ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, সীমান্তবর্তী বাল্লায় খোয়াই নদীর পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ও হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকায় ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, শহরের প্রতিরক্ষা বাঁধ মোটামুটি ভালো আছে। তবে শরতলীর ভাদই এলাকায় বাঁধের কিছু স্থান ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব স্থানে জিও ব্যাগ ও বালু দিয়ে মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বানিয়াচং উপজেলার রাধানগর গ্রামে খোয়াই নদীর তীর উপচে বন্যার পানি হাওরে প্রবেশ করছে।
ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত কমছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী জানান, উজানে বৃষ্টি কমায় আশা করা যাচ্ছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে হবিগঞ্জেও খোয়াই নদীর পানি কমবে।
৭ ঘণ্টা আগে