কাতলা মাছ
পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৪০ কেজির বিশাল কাতলা
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো এক মণ ওজনের বিশাল কাতলা মাছ। পরে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) বিকেলে স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো মাছ শিকারের উদ্দেশে কিছু সংখ্যক জেলেদের নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। জাল ফেলার কয়েক ঘণ্টার পর বিকেল ৫টার দিকে জেলেরা জালে বড় একটা কিছুর অস্তিত্ব লক্ষ করেন। এক পর্যায়ে জাল কিনারায় আনলে তারা দেখতে পান বিশালাকার কাতলা মাছটি।
জেলেরা জানান, এত বড় মাছ এর আগে তাদের জালে কোনোদিন ওঠেনি।
তারা জানান, কাতলা মাছটির ওজন হয়েছে ৪০ কেজি। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মাছটির মোট দাম হয়েছে ৪৬ হাজার টাকা।
ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন মিলে পরবর্তীতে মাছটি কিনে ভাগ করে নেন।
এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। অধিকাংশই জানান, তাদের জীবদ্দশায় এত বড় মাছ এর আগে কখনও দেখেননি। এমনকি পদ্মা নদীর এই অংশে এত বড় মাছ ধরা পড়েছে কি না তাদের জানা নেই।
৪ ঘণ্টা আগে