বাংলা পোস্ট
সরকারি নিবন্ধন পেল অনলাইন নিউজ পোর্টাল বাংলা পোস্ট
সরকারি নিবন্ধন পেয়েছে দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম ডেইলি বাংলা পোস্ট ডটকম।
সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটির অনুকূলে নিবন্ধন সনদ ইস্যু করেছে।
এর আগে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যাচাই-বাছাই শেষে বাংলা পোস্টকে নিবন্ধন দেওয়ার সুপারিশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। সরকার-নির্ধারিত ফি জমা দেওয়ার পর তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ প্রদান করে।
নিবন্ধন পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলা পোস্টের সম্পাদক মাসউদুল হক বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘শুধু সংবাদ প্রকাশেই নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে এগিয়ে থাকতে চাই। সত্য, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে আমরা পাঠকের পাশে থাকার অঙ্গীকার করছি।’
নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দিয়ে বাংলা পোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে পোর্টালটিতে দেশ-বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ ছাড়াও বিশেষ প্রতিবেদন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদন ও শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশিত হচ্ছে। পাশাপাশি লাইভ কাভারেজ, ভিডিও কনটেন্ট ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও নিজেদের অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
বাংলা পোস্ট কর্তৃপক্ষের দাবি, দুই বছরে সংবাদের বস্তুনিষ্ঠতায় বাংলা পোস্ট ছিল অবিচল। এর প্রতিদানও পাঠক ও বোদ্ধা মহল দিয়েছে। শুধু জনপ্রিয়তা নয়, এখন আস্থার শক্ত ভীতের ওপর ধীরে ধীরে দাঁড়াচ্ছে পোর্টালটি।
জানা গেছে, বাংলা পোস্টের অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিজ লিমিটেড (এমপিএল)।
১ দিন আগে