জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম
জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকস (বিইএআর) কনফারেন্স ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের উচ্চপ্রযুক্তি খাতের বিকাশে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
রাজধানীর তেজগাঁওয়ে নভোথিয়েটারে শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
‘বিল্ডিং বাংলাদেশ’স সেমিকন্ডাক্টর ফিউচার থ্রু গ্লোবাল পার্টনারশিপ’, অর্থাৎ ‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। তারা দেশের সেমিকন্ডাক্টর খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করছেন।
আয়োজকদের মতে, সম্মেলনের লক্ষ্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ ত্বরান্বিত করা এবং উদীয়মান প্রযুক্তি খাতে দেশের অবস্থান আরও শক্তিশালী করা।
সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা নিয়ে ১১টি কারিগরি অধিবেশন ও সাতটি কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে