তাৎক্ষণিক বদলি
দায়িত্ব অবহেলায় চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় এক মাস ধরে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মজুতসহ প্রয়োজনীয় অনেক কিছুই নাই দেখে এবং দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং সিভিল সার্জনকে উত্তরবঙ্গের কোথাও তাৎক্ষণিক বদলির জন্য মুঠোফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি হাসপাতালের নতুন ভবণ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস এবং হাসপাতালের চলমান পরিস্থিতি উন্নতি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
স্বস্থ্যমন্ত্রী প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন এবং পুরো হাসপাতাল ঘুরে দেখেন।
হাইমচর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ গত কয়েক বছর ধরে পতিত সরকারপুষ্ট ঠিকাদারের গাফিলতিতে ধীর গতিতে চলছে বলে অনেকের অভিযোগ।
এ হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বেশ কয়েক বছর যাবত এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক (শিশু ডাক্তার, ডেন্টাল ডাক্তার, গাইনী ও মেডিসিন ডাক্তার) এবং অ্যাম্বুল্যান্সও নেই। ফলে নদীবেষ্টিত এ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের সাধারণ জনগণ ও প্রসূতি মায়েরা এবং শিশুরা এখানে সুষ্ঠু চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
আরও জানা গেছে, হাসপাতালে আগত বহু রোগী এই হাসপাতালে ভালো চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে।
২০২৪ সালে জুলাই-আগস্টে সরকার পরির্তনের পর ওই বছরের ১৬ অক্টোবর ডা. মোহাম্মদ নুর আলম দীন চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন বলে জানা যায়।
এদিন দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন। এতে জেলার সার্বিক স্বাস্থ ব্যবস্থা উন্নয়ন নিয়ে আলাপ আলোচনা করেন তিনি।
মন্ত্রীকে স্বাগত জানান হাসপাতালের তত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান। এ সময় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।
২২ ঘণ্টা আগে