দক্ষিণ লেবানন
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৯
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোরে দক্ষিণ লেবাননের আনসার গ্রামের প্রান্তে একটি বাড়িতে এই হামলা চালানো হয়।
২০ জুন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি অন্যতম প্রাণঘাতী হামলা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সন্ধানে কাজ করেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সাতজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম তিনজন আহত হওয়ার কথা জানিয়েছিল।
গত ২৬ জুন ইসরায়েল ও লেবানন সরকার একটি ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ ঘোষণা করে। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে ভবিষ্যতে একটি শান্তিচুক্তির পথ তৈরির বিষয়টিও এতে রয়েছে। ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় ৮০ বছর পরও দেশ দুটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।
তবে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ সরাসরি আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছে এবং ওই চুক্তির অংশীদারও ছিল না।
এদিকে, শনিবার ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী তাহের পাহাড়েও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাহাড়টি দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ এবং শহরটির দিকে যাওয়া প্রধান সড়কগুলোর ওপর অবস্থিত।
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। এলাকাটি লিতানি নদীর উত্তরে অবস্থিত। নদীটি দীর্ঘদিন ধরে লেবাননে দক্ষিণ ও উত্তরাঞ্চলের মধ্যে একটি কার্যত সীমারেখা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর দক্ষিণের বিস্তীর্ণ এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
১৪ ঘণ্টা আগে