ডা. আসাদ
সন্ত্রাসী হামলায় আহত ডা. আসাদকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বুধবার (১৯ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ডা. বিটু। এ সময় তিনি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে ডা. আসাদুর রহমানের চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় ডা. আসাদুর রহমানের ওপর হামলা হয়।
হাসপাতালে ডা. আসাদুর রহমানকে দেখে ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক।
হাসপাতাল পরিদর্শনকালে ডা. বিটু অধ্যাপক মো. আসাদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।
৭ দিন আগে