বার্ষিক জেলা প্রতিনিধি সম্মেলন
নির্ভরযোগ্য সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ইউএনবির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সত্য, বস্তুনিষ্ঠতা ও নির্ভরযোগ্য সাংবাদিকতার অঙ্গীকারের মধ্য দিয়ে সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা, পেশাগত সততা এবং ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি)-এর বার্ষিক জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে ইউএনবির সম্মেলনকক্ষে দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ১০০ জন সাংবাদিক অংশ নেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছেড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেওয়া জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘হলুদ সাংবাদিকতা বনাম সাদা সাংবাদিকতা একটা মহীরুহে রূপান্তরিত হয়ে গিয়েছে। এটার মাঝে পার্থক্য নিরূপণ করার মতো কোনো লাইন যে টানবেন, সেই জায়গাটা কিন্তু এখন ফুরিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, তথ্যের প্ল্যাটফর্মের সংখ্যা অসংখ্য হলেও প্রকৃত তথ্যের উৎসের সংখ্যা সীমিত। ‘পুরো আকাশটাই এখন একটি প্ল্যাটফর্ম হয়ে গেছে, কিন্তু প্ল্যাটফর্মের সংখ্যা এবং তথ্যের উৎসের সংখ্যা সীমিত। প্ল্যাটফর্মের সংখ্যা ও উৎসের সংখ্যার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে।’
স্বপন বলেন, নতুন গণমাধ্যম, বিদ্যমান গণমাধ্যম এবং গণমাধ্যম নীতিনির্ধারকদের বড় চ্যালেঞ্জ হলো—তথ্যের উৎস থেকে বিপুলসংখ্যক প্ল্যাটফর্মে তথ্য পৌঁছানোর সময় তার বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতিটি প্ল্যাটফর্মে সেই বস্তুনিষ্ঠতা তুলে ধরার সক্ষমতা তৈরি করা।
‘আমি মনে করি, এটাই নতুন গণমাধ্যমের চ্যালেঞ্জ, বিদ্যমান গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং গণমাধ্যম নীতিনির্ধারকদের চ্যালেঞ্জ,’ বলেন তিনি।
১৮ ঘণ্টা আগে