কর্মপন্থা
অর্থবছরের সময়কাল পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণে কমিটি
অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
রবিবার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থবছরের সময়কাল পরিবর্তনের উদ্দেশ্যে কর্মপন্থা নির্ধারণসংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অর্থবছরের সময়কাল পরিবর্তনের উদ্দেশ্যে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করা।
কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে, গত ১৭ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। এর আগে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে নয় মাসে, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে শেষ করা হবে।
১ ঘণ্টা আগে