এডিপির প্রকল্প
এডিপির প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনার পাশাপাশি বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, কোনো প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পথে থাকলে এবং তা বাস্তবায়নে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তবে মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনোভাবেই প্রকল্প ব্যয় বাড়ানো যাবে না।
সভা শুরুর আগে ‘সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬’, ‘ওঅ্যান্ডএম ম্যানুয়্যাল’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৫’ বইয়ের মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব মুহাম্মদ আব্দুস সালাম, পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশ নেন।
২ দিন আগে