ঢাকা ফ্ল্যাশ
ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হলেন অভিজ্ঞ সাংবাদিক ফরিদ হোসেন
অভিজ্ঞ সাংবাদিক ফরিদ হোসেন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হিসেবে যোগ দিয়েছেন।
সাংবাদিকতায় পাঁচ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ ফরিদ হোসেন রাজনীতি, কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা ফ্ল্যাশে ফরিদ হোসেনের যোগদান প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজিং এডিটর জয়ন্ত কর্মকার বলেন, ‘তার মতো একজন অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিককে আমাদের সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান রয়েছে। তার সমৃদ্ধ অভিজ্ঞতা ঢাকা ফ্ল্যাশকে আরও পেশাদার, ভবিষ্যতমুখী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের উপযোগী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি সুস্পষ্ট ডিজিটাল মিশন রয়েছে। ফরিদ হোসেনের অন্তর্ভুক্তি সেই লক্ষ্য ও স্বপ্নকে আরও শক্তিশালী করবে। পাঠক, দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য খেলাধুলা, রাজনীতি, আন্তর্জাতিক বিষয়াবলি ও বিনোদনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্বাসযোগ্য তথ্য, বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে আমরা কাজ করছি।’
ফরিদ হোসেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি টাইম ম্যাগাজিন, কলকাতাভিত্তিক দ্য টেলিগ্রাফসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।
পাঁচ দশকের বেশি সময়ের সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কাভার করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও সাংবাদিকতার দক্ষতা ঢাকা ফ্ল্যাশের সংবাদ, বিশ্লেষণ ও ডিজিটাল কনটেন্টের মান আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ঢাকা ফ্ল্যাশ একটি ঢাকাভিত্তিক ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম। সংবাদ, বিশ্লেষণ, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়াবলি, বিনোদন ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির পাশাপাশি একটি পেশাদার, বিশ্বাসযোগ্য ও আধুনিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
৩ দিন আগে