বর্ডার গার্ড বাংলাদেশে
বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, ৪ বিএনপি-স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৬
লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাসহ ছয়জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বিজিবি তাদের আটক করে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশের কাছে সোপর্দ করে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বিবরণ অনুযায়ী, বিজিবি সদস্যরা আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকা থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান। খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। সেখানে তারা বিজিবি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে জব্দ করা ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেন বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বরত সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছয়জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৬ দিন আগে