মো. মিজানুর রহমান মিনু
দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত: ভূমিমন্ত্রী
দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর হেয়ার রোডে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সঙ্গে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন।
তিনি বলেন, নিউ গভ. ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন।
দেশে নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।
কলেজটির ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সব প্রাক্তন শিক্ষার্থীকে নিয়ে বৃহৎ পরিসরে হীরকজয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া কলেজের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া সংসদ সদস্য ও নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে