জোনায়েদ আব্দুর রহিম সাকি
সরকার, শিল্প ও শিক্ষাঙ্গনের সমন্বয় জোরদারের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গঠন এবং স্মার্ট ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে সরকার, ব্যবসা ও শিল্পখাত এবং শিক্ষাঙ্গন বা একাডেমিয়ার মধ্যে আরও জোরালো সমন্বয়ের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর নভো থিয়েটারের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জোনায়েদ সাকি বলেন, টেকসই ও গতিশীল উন্নয়নের জন্য সরকার, ব্যবসা ও শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব অত্যন্ত জরুরি।
উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের ওভারল্যাপিং ও ডুপ্লিকেশন ঠেকাতে তিনি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয় বাড়াতে হবে। এর মাধ্যমে সরকারি সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় কমানো সম্ভব হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার, ব্যবসা ও শিল্পখাত এবং একাডেমিয়া—এই ‘ট্রিনিটি’র সমন্বিত উদ্যোগ উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
গবেষণা ও উদ্ভাবনকে শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা গেলে নতুন প্রযুক্তি উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও জানান, উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করতে চায় সরকার।
তিনি বলেন, অভিন্ন প্ল্যাটফর্ম ও অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অংশীদারত্ব কাজে লাগানো হবে।
জোনায়েদ সাকি বলেন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। উদ্ভাবন মেলা তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, শিক্ষার্থী ও শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিখোর সিইও শাহির চৌধুরী, বিআইআইএনের চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখতার উদ্দিন মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক দুরদানা চৌধুরী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের সম্ভাবনা, প্রযুক্তির ব্যবহার, শিল্প-একাডেমিয়া সহযোগিতা ও তরুণদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য প্রস্তুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
১৪ দিন আগে