এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সাভার, আশুলিয়া, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য শুক্রবার সকাল থেকে সাভার, আশুলিয়া, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এছাড়া নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২ দিন আগে