শিশু ক্যান্সার
শিশু ক্যান্সারে দ্রুত চিকিৎসার আহ্বান
শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে অভিভাবকদের জানাতে ঢাকায় র্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএইচওএসবি)।
শিশুদের ক্যান্সার শনাক্তে দেরি না করে সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র্যালি বের করা হয়। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘ভয় নয়, সচেতনতা; বিলম্ব নয়, সময়মতো চিকিৎসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শিশু ক্যান্সার বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে অনেক শিশুই সুস্থ হয়ে উঠতে পারে। তবে সচেতনতার অভাব, রোগ নির্ণয়ে বিলম্বসহ নানা কারণে অনেক শিশু সময়মতো চিকিৎসা পায় না।
শিশুদের দীর্ঘস্থায়ী জ্বর বা কাশি, অস্বাভাবিক ফ্যাকাশে ভাব, শরীরে কালশিটে দাগ বা অস্বাভাবিক রক্তপাত, হাড়ে ব্যথা, অস্বাভাবিক দুর্বলতা এবং হঠাৎ আচরণে পরিবর্তন—পিএইচওএসবির বার্তায় এসবকে সতর্কসংকেত হিসেবে উল্লেখ করা হয়। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে এসব লক্ষণ থাকলেই ক্যান্সার হয়েছে—এমন নয় বলেও জানানো হয়। অন্যান্য রোগ বা শারীরিক সমস্যার কারণেও এসব লক্ষণ দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা জরুরি।
পিএইচওএসবির সমন্বয়ক ডা. শামসুল হক কিবরিয়া বলেন, শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভুল ধারণা ও ভয় কমিয়ে চিকিৎসায় বিলম্ব রোধ করতে হাসপাতাল, মেডিকেল কলেজ, চিকিৎসকদের সংগঠন, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যমসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে