গেস্ট হাউস
বাকৃবির গেস্ট হাউস থেকে ইয়াবাসহ আটক ৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গেস্ট হাউস থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, বহিরাগতসহ চারজনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও কয়েকটি ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলিম। এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে গেস্ট হাউসের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিঠুন এবং বিশ্ববিদ্যালয়ের বাইরের সামিউল আলিম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সয়াদ। তাদের চারজনকেই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রক্টর আবদুল আলিম জানান, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের একটি কক্ষে অবস্থান করছেন—এমন খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ও পুলিশ মঙ্গলবার রাতে সেখানে যায়। এ সময় সেখানে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে সেখান থেকে ইয়াবাও উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তারা সেখানে যাওয়ার পর আটক ব্যক্তিরা কিছু ইয়াবা টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করেন। পরে পুলিশ বাথরুমে তল্লাশি চালিয়ে চার থেকে পাঁচটি ইয়াবা ও একটি কিট আলামত হিসেবে জব্দ করে।
গেস্ট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার বলেন, মিঠুনের নামে বুক করা ৬ নম্বর কক্ষে লোকজনের অস্বাভাবিক যাতায়াত এবং তাদের মোটরসাইকেল রাখা ও সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে অন্য কর্মীরা তাকে বিষয়টি জানান। পরে তিনি বিষয়টি সহকারী প্রক্টরকে জানান। এরপর প্রক্টরের সঙ্গে পরামর্শ করে সহকারী প্রক্টর প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিম নিয়ে ওই কক্ষে যান।
এ সময় কক্ষে মিঠুনসহ চারজনকে দেখতে পান তারা। তাদের মধ্যে একজন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) মেকানিক। বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
কক্ষটিতে তীব্র গন্ধ ছিল এবং সেখানে থাকা ব্যক্তিদের আচরণ অস্বাভাবিক মনে হচ্ছিল বলেও জানান তিনি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, আটক চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে ঠিক কোন ধারায় মামলা হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
৫ দিন আগে