ঘণ্টা
মোহাম্মদপুরে চার্চ থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে একটি চার্চ থেকে ৭০ কেজি ওজনের চুরি হওয়া একটি ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডস্থ একটি ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
ওসি আরও জানান, বুধবার রাতে চার্চ থেকে একটি পিতলের ঘন্টা চুরি হয়েছিল। এরপর এ ঘটনায় একটি মামলা হয়। মামলার পর বৃহস্পতিবার রাতে ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা পলিথিন ব্যাগে মোড়ানো চুরি যাওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চুরির পূর্বে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও চুরির সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার পর মোহাম্মদপুরের ৯২ আসাদ এভিনিউ (ওয়াসা ভবনের সামনে) অবস্থিত ‘সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ’-এর দ্বিতীয় তলার ফাঁকা জায়গায় রক্ষিত ঘণ্টাটি চুরি হয়। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চার্চের সংশ্লিষ্ট ব্যক্তি একটি মামলা করেন।
২ দিন আগে