আ ন ম আয়াস
রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: আয়াসসহ রিমান্ডে ৪
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে মোছার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াসসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নাকচ করে দেন। সেই সঙ্গে আয়াস ও তার সহযোগী সাকিবুল হাসানের তিন দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল (শনিবার) শিল্পকলা একাডেমির সামনে আয়াসের নেতৃত্বে একটি দল রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা করেন।
মামলার এজাহার অনুযায়ী, এ মামলায় গ্রেপ্তার রিমি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিতে গেলে এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। তখন রিমি বলেন, তারা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন। এ সময় পুলিশের বাধার মুখে আয়াসের নেতৃত্বে স্লোগানও দেন তারা। পরে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শাহবাগ থানার এসআই জিয়াউল হক আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা করেন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ফুটপাত দখলমুক্ত করার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ফুটপাত-সংলগ্ন দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগহসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
১ দিন আগে