পৌর নির্বাহী কর্মকর্তা
রংপুরে ছাদ ধসে ২ শ্রমিক নিহত: পৌর নির্বাহী কর্মকর্তা আটক
রংপুরের পীরগঞ্জে পৌরসভা ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
ওসি নাজমুল বলেন, নির্মাণকাজ তদারকির দায়িত্বে অবহেলা এবং কাজের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক নিহতের ঘটনায় পৌরসভার সচিব (পৌর নির্বাহী কর্মকর্তা) টিপুকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে আটককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি মাথায় রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এ ঘটনায় যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।
এর আগে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পৌরসভার নির্মীয়মাণ ভবনে ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে চারজন নিচে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে কর্তব্যরত চিকিৎসক গাইবান্ধার সাদুল্লাহপুর থানার আসাদুল হক (৩০) ও রংপুর সদর থানার শিহাবকে (১৯) মৃত ঘোষণা করেন। আর আহতদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১ দিন আগে