ড. নাহরিন ইসলাম খান
তথ্য কমিশন জনগণের জন্য কাজ করবে: প্রধান তথ্য কমিশনার
তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
তিনি আরও বলেন, তথ্যের অধিকার নিশ্চিত করা, কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও কমিশনে মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে তাদের প্রাথমিক কাজ।
রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো তথ্য কমিশনে নারী সদস্য নিয়োগ এবং কমিশনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নাহরিন বলেন, ‘যখন দায়িত্ব দেওয়া হয়, তখন আসলে কোনো জেন্ডার কাজ করে না, দায়িত্বটাই কাজ করে, যাতে সমভাবে প্রায়োরিটি পায় সোসাইটিতে, সেটাই আসলে সবচেয়ে বড় কথা।’
এ সময় গত ১৭ বছরে তথ্য কমিশনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রধান তথ্য কমিশনার।
তিনি বলেন, গত ১৭ বছর তথ্য কমিশন থাকলেও বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ তথ্য কমিশন করতে পারেনি।
তথ্য কমিশন এখন স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ করবে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন ড. নাহরিন।
তথ্য কমিশন কোনো সরকারের বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের জন্য কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, তথ্যের অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও কমিশনে মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে প্রাথমিক কাজ।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনের পর এবার তথ্য কমিশনার হিসেবে নতুন দায়িত্ব ও অগ্রাধিকার সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান বলেন, আমি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে কাজ করেছি। এখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে এসেছি।
এ সময় প্রধান তথ্য কমিশনারের সঙ্গে একমত প্রকাশ করে তিনি বলেন, এই প্রতিষ্ঠান গত ১৭ বছরে উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কীভাবে কাজ করে, জনগণের কল্যাণে কীভাবে আসবে—এসব আমাদের প্রকাশ্যে আনতে হবে।
তথ্যপ্রবাহে স্বচ্ছতা ও সঠিক তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কমিশন স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সঠিক তথ্যের প্রবাহের মধ্য দিয়ে সমাজ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করবে।
কমিশন জনগণের পাশে দাঁড়াবে এবং তথ্যপ্রবাহ ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সরকার গতকাল (শনিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার এবং সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়।
১ দিন আগে