আপহরণ
চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ আটক ৬
চার দিন আগে অপহৃত এক ব্যবসায়ীকে চট্টগ্রামের বাঁশখালী থেকে উদ্ধার এবং এ ঘটনায় সাবেক এক সেনাসদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম পুঁইছড়ি এলাকা থেকে ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করা হয়।
আটকরা হলেন সাবেক সেনাসদস্য সুমন মুন্সি, মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)।
এহছান বাঁশখালীর পশ্চিম পুঁইছড়ি এলাকার তেরিয়াকাটা গ্রামের হাজী নুরুল কবিরের ছেলে। তিনি ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজার এলাকায় হার্ডওয়্যারের ব্যবসা করছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এহছানের ব্যবসাপ্রতিষ্ঠান আবদুল্লাহ এন্টারপ্রাইজে যান কালো পোশাক ও মাস্ক পরা কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজন নিজেদের এসআরবি সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই ব্যক্তিদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করেন এবং অন্যরা বাইরে অবস্থান করেন। পরে তারা এহছানকে নিয়ে চলে যান।
ঘটনাটি জানাজানি হলে তার পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, অপহরণের পর বিভিন্ন নম্বর থেকে এহছানের স্ত্রী ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনের কাছে ফোন করা হয়। ফোনে অপহরণকারীরা এহছানের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
অপহরণে ব্যবহৃত যানবাহনের চালকদেরও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে।
১০ ঘণ্টা আগে