বিউটি ক্রিম
দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৪০ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ থেকে ৪০ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
শনিবার (৭ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সিআইআইডির কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। পরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা মোহাম্মদ জাহেদের ব্যাগ তল্লাশি করেন তারা।
ব্যাগ স্ক্যানিং ও পরবর্তী শারীরিক তল্লাশির সময় নিষিদ্ধ প্রসাধনীগুলো উদ্ধার করা হয়।
সিআইআইডি জানায়, জব্দ করা এক হাজার ৩০০ পিস ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিমের’ আনুমানিক বাজারমূল্য আট লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রযোজ্য আমদানি নীতির বিধান লঙ্ঘন করে এসব পণ্য আমদানি করা হয়েছে।
এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর।
সিআইআইডি বলেছে, দেশে এ ধরনের নিষিদ্ধ প্রসাধনীর প্রবেশ ও বিতরণ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ফেস ক্রিমসহ সম্ভাব্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি ঠেকাতে অভিযানও অব্যাহত রাখা হবে।
৭ দিন আগে