রাজনৈতিক স্ট্যান্টবাজি
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরবে প্রসিকিউশন।’
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা একটি চিঠিতে দেখা যায়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইলে হাসিনার আইনজীবী একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মিশনের প্রধান কূটনীতিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে ও ‘আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনটি ‘দ্রুত’ প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।
২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান এবং তখন থেকেই ভারতে অবস্থান করছেন।
এরপর ২০২৫ সালে একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায়ে বলা হয়েছে, দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য তিনি দায়ী। ওই দমন-পীড়নে শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে।
বাংলাদেশ বারবার হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারত কোনো সাড়া দেয়নি। গত আগস্টে প্রথমবারের মতো তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান।
১০ ঘণ্টা আগে