বাংলাদেশ-উজবেক সম্পর্ক
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী ও উজবেক প্রেসিডেন্টের বৈঠক
তুরস্কের আনতালিয়ায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্মেলনস্থলে প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন উজবেক ও চীনা নেতাদের সঙ্গে
তুরস্কের আনতালিয়া এক্সিবিশন সেন্টারে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে আনতালিয়া শহরে সম্মেলনস্থলে পৌঁছান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সম্মেলনে সভাপতিত্বকারী তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।
সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। এরপর তিনি জিরো ওয়েস্ট গোলটেবিল বৈঠকে যোগ দেবেন বলে জানান হাসান শিপলু।
সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে তার।
সন্ধ্যায় সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তারেক রহমান।
তিন দিনের সফরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীদের নিয়ে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আনতালিয়ায় পৌঁছানোর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন তারেক রহমান, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
এছাড়া রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দুই দেশের উষ্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের প্রচেষ্টার প্রতিফলন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ সোমবার আনুষ্ঠানিকভাবে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর দুই দিনব্যাপী বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে তার কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথাও রয়েছে।
এ সফরে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এছাড়া সম্মেলনের ফাঁকে বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে