কপ-৩১
জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ ও বিশ্বনেতাদের সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আনতালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর শুক্রবার ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা।
কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে আনতালিয়ায় পৌঁছান তিনি।
বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি।
সম্মেলনের ফাঁকে তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী আরও কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া কপ-৩১-এ অংশ নিতে আসা বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
প্রধানমন্ত্রী সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন।
১১ ঘণ্টা আগে