ড. নাজনীন আহমেদ
মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত: নাজনীন আহমেদ
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা এড়াতে আগেই মজুরি বোর্ড গঠন করে মালিক, শ্রমিক ও সরকারে একত্রে বসে আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) এফডিসিতে পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজি এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সিপিডি নির্বাহী পরিচালক বলেন, শুধু মজুরি বাড়িয়েই পোশাক শ্রমিকদের সুরক্ষা সম্ভব নয়। কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সদাচরণসহ সুন্দর কাঠামো থাকতে হবে।
মজুরি বোর্ড আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত উল্লেখ করে তিনি বলেন, মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকার একত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত ছিল ।
নাজজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনমান নির্বাহের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে। যেকোনো অস্থিরতা ক্রেতাদের আস্থা কমিয়ে দেয়।
ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো নেওয়া অর্ডার নির্ধারিত সময়ে সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি হতে পারে। কোনোভাবেই সহিংসতা সৃষ্টি করে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোনো পক্ষের ইন্ধন থাকলে মালিক—শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারসহ সকল পক্ষকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিও বাড়ছে, যার প্রভাব পড়তে পারে রপ্তানিতে।
তিনি বলেন, অস্থিতিশীলতা চলতে থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। এ খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রতিটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রমিকদের চলমান আন্দোলন স্বতঃস্ফূর্ত কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলছে। আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ ধরনের অপচেষ্টা হলে কঠোর হাতে দমন করা উচিত।
‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক হোসাইন শাহাদাত, সাংবাদিক মো. আতিকুর রহমান ও বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে