ফল জালিয়াতি
এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার
এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২১ নভেম্বর) পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল আরমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক এবং স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম জিসান।
ওসি জানান, গত বুধবার রাতে সিআইডির ঢাকা মেট্রোর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। বোর্ডের সচিব বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪ নম্বরকে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩ নম্বরকে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ নম্বরকে ৮২ করা হয়।
এছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানোর অভিযোগ আনা হয়েছে।
এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিলেও নানা অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি।
৫২ মিনিট আগে