গ্রামীণ ব্যাংক
বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
বরিশালের উজিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি হাতে তৈরি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে অজ্ঞাতনামা তিন ব্যক্তি মোটরসাইকেলে চড়ে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়ির ওপর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার অংশবিশেষ উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। একইসঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১২ ঘণ্টা আগে