স্থানীয় দ্বন্দ্ব
শরীয়তপুরে সংঘর্ষের নেপথ্যে স্থানীয় দ্বন্দ্ব: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা-সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় পদ্মা সেতুর কাছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সেতুর দুই পাশের এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্তাধীন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সতর্ক রয়েছে।
‘কথিত লকডাউন’কে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।
এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় এ পর্যটন মহাপরিকল্পনা তৈরি করছে বলে জানান তিনি।
সভায় এদিন আগের বৈঠকগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ উপকূলীয় এলাকাজুড়ে টেকসই পর্যটন গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।
পরিবেশ সংরক্ষণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ জরিপ ছাড়াই আগে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। এসব এলাকার ইসিএ মর্যাদা পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ আইনের সংশ্লিষ্ট বিধানে প্রয়োজনীয় সংশোধন এবং হাইকোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে আগামী কয়েক দিনের মধ্যে একটি বিস্তারিত সারসংক্ষেপ তৈরি করা হবে। এরপর ওই তথ্যের ভিত্তিতে এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমুদ্রসৈকত থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগে জারি করা প্রজ্ঞাপনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
তবে সেন্ট মার্টিন ও সোনাদিয়া দ্বীপকে মহাপরিকল্পনায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সেখানে নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।
দ্বীপ দুটির বাস্তুতন্ত্রের ক্ষতি না করে সেখানে শুধু পরিবেশবান্ধব পর্যটন সুবিধা বা পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করছে সরকার।
মহেশখালীর বড় উন্নয়ন প্রকল্পের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) অধীনে সেখানে বিদ্যুৎকেন্দ্রের হাব, টার্মিনালসহ বড় আকারের অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।
এসব প্রকল্প দেশের অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম চালিকাশক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, কক্সবাজারের সংসদ সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে