ট্রাকচাপা
রাজবাড়ীতে তেল পাম্পে ট্রাকের চাপায় পৃথক দুই ট্রাকের চালক ও সহকারী নিহত
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের একটি পাম্পে তেল নিতে আসা এক ট্রাকের চাপায় অপর ড্রাম ট্রাকের চালক এবং আরেক ট্রাকের সহকারী নিহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফিলিং স্টেশন নামক তেল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে ডাম ট্রাকচালক সোবাহান পাটোয়ারী (৪৫) ও অপর আরেক ট্রাকের সহকারী স্বপন মিয়া (২২) ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ড্রাম ট্রাকের চালক সোবাহান পাটোয়ারী তেল নেওয়ার জন্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই তেল পাম্পে আসেন। এ সময় ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে তিনি দাঁড়ান।
অন্যদিকে, ঢাকা থেকে বেনাপোলগামী অপর একটি ট্রাকের সহকারী স্বপন মিয়াও ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। একই সময় মেশিন থেকে তেল নিচ্ছিল একটি মাহেন্দ্র গাড়ি। মাহেন্দ্র গাড়িটির তেল নেওয়া শেষ হওয়ায় ওই সময় পাম্পে তেল নিতে আগে থেকে অপেক্ষায় থাকা অপর আরেকটি ট্রাকের চালক গাড়ি চালু করা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেন। এ সময় গাড়িটি ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সোবহান পাটোয়ারী ও স্বপন মিয়া। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ আজ (সোমবার) সকালে বলেন, স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর ওই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে রবিবার মধ্যরাতে ফরিদপুর থেকে ট্রাকচালক সোবহানের মরদেহ তার গ্রামের বাড়ি খানখানাপুর নেওয়া হয়েছে। এছাড়া অপর ট্রাকের সহকারী স্বপনের মরদেহ তার গ্রামের বাড়ি ধামরাই নিয়ে গেছে তার পরিবার। দাফনের কাজ শেষে নিহতের পরিবারকে আসতে বলা হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
১ দিন আগে
মতিঝিলে ট্রাকচাপায় ২ মুরগি ব্যবসায়ী নিহত
রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে মতিঝিল থানার বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে রিপন (৪৫) এবং শেরপুর জেলার সদর থানার বেপারিবাড়ির জমশেদ আলীর ছেলে সুলতান (৫০)।
নিহতদের হাসপাতালে নিয়ে আসা মো. শাহিন জানান, আজ (মঙ্গলবার) ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগির একটি ভ্যানগাড়ি ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ভ্যানগাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ দুইটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
৭ দিন আগে
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় মো. আরাফাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর মোল্লা কলেজের ইউটার্নের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরাফাতের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মুন্সীকান্দি গ্রামে। তার বাবার নাম রুহুল আমিন। তিনি পরিবারের সঙ্গে কোনাপাড়া বাসের পুল এলাকায় বসবাস করতেন।
নিহতের বাবা রুহুল আমিন জানান, ‘আমার ছেলে গত বছর মুন্সিগঞ্জ সদর স্কুল থেকে এসএসসি পাস করেছিল। এরপর সে যাত্রাবাড়ী এলাকায় একটি মোবাইলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। গতরাতে এক বন্ধুর সঙ্গে সে মোটরসাইকেলের পেছনে বসে ঘুরতে বেরিয়েছিল। পরে আমরা জানতে পারি, মোল্লা কলেজের সামনে ইউটার্নে একটি ট্রাকের চাপায় সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’
তিনি আরও জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৯ দিন আগে
ট্রাকচাপায় ছেলে মর্গে, মৃত্যুশয্যায় বাবা
ফেনীতে সেহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) ভোরে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)। এ সময় তারা চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ নিহত হন।
অপরদিকে, গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৪ দিন আগে
ঝিনাইদহে ট্রাকচাপায় দুই যুবক হতাহত
ঝিনাইদহ শহরে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী টিটোন (৩২) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর শহরের পবহাটী কলারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত শহরের আরাপপুর এলাকার দুঃখি মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। আহত টিটোন ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১১টার দিকে পবহাটী কলারহাট এলাকায় একটি ট্রাক একটি মটরসাইকেলকে চাপা দিলে শান্ত ও টিটোন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত টিটোনকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২৪ দিন আগে
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজার এলাকায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাটের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব (৩৫) এবং একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে রাব্বি (৩৪)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক ও আরোহী নিহত হন। ট্রাকটির চালককে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
২৫ দিন আগে
কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
কুষ্টিয়ায় আলুবাহী মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন তার এক কর্মী।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক বাদশা (৪৮)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। এ ছাড়াও কুমারখালী বাসস্টান্ডের গোলচত্বর এলাকার আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ছিলেন তিনি। আর আহত ব্যক্তির নাম মুফতি খাইরুল বাশার।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে একজন আরোহীসহ বাদশা কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়ি খোকসাতে যাচ্ছিলেন। আর একটি আলুবোঝাই মিনিট্রাকও খোকসার দিকে যাচ্ছিল। পথের মাঝে ফুলতলা এলাকায় বাদশা ট্রাকটিকে ওভার টেক করতে গিয়ে সড়কে ছিটকে পড়েন। তখন ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী বাশার। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা কাজী সাইফুল বলেন, হাতপাখা মার্কার প্রার্থীর সঙ্গে খোকসায় দেখা করতে যাচ্ছিলেন বাদশা ও তার কর্মী। রাস্তায় আলুবোঝাই ট্রাকটিকে অতিক্রম করার সময় সড়কের ওপর ছিটকে পড়ে যান তারা। তখন ট্রাকটি তাদের চাপা দেয়।
কুষ্টিয়া-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খাঁন বলেন, ‘দুর্ঘটনার কিছুক্ষণ আগে আমার সঙ্গে বাদশার কথা হয়েছিল। তিনি দেখা করে কিছু বলতে চেয়েছিলেন। পরে শুনতে পাই বাদশা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
৫২ দিন আগে
মেঘনা সেতুর ওপর ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর জরুরি লেনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার এক যাত্রী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মেঘনা সেতুর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী সুরমা আক্তার (২১) ওই উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বজনরা জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় চড়ে সেতুর জরুরি লেন দিয়ে গ্রামে যাচ্ছিলেন ওই নারী। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানান নিহতের স্বজনরা।
ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আখন্দ জানান, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে স্থানীয় জনতা। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫৫ দিন আগে
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আইএলটিএস পরীক্ষার্থী তাহমিদুর সোহাগ (২০) নিহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহাগ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের ছেলে। তিন ভাই–বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই যুক্তরাজ্যে থাকেন এবং ছোট বোন সিলেটে পড়াশোনা করছেন।
আরও পড়ুন: ১০ মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, প্রাণ গেল দুই বন্ধুর
২০২৪ সালে এইচএসসি পাস করা সোহাগ আগামী ৩০ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রতিবেশী ও চাচা মো. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহাগ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে উমনপুর টার্নিং এলাকায় যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোরে তিনি মারা যান।
তার সঙ্গে থাকা বন্ধু সাফির হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।
২০৯ দিন আগে
লালমনিরহাটে ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
লালমনিরহাট সদরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমি বেগম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা বাজার এলাকার রেজাউল হকের মেয়ে। তিনি বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
আরও পড়ুন: বাসের ধাক্কায় জাবি শিক্ষার্থীর বাবা নিহত, ক্ষতিপূরণ দাবিতে ১০ বাস আটক
পুলিশ জানায়, গতকাল (বুধবার) রাতে যাত্রীবাহী একটি অটোরিকশা ফকিরের তকেয়া এলাকা থেকে তিস্তা বাজারের দিকে যাওয়ার সময় কুড়িগ্রাম থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই রিমি নিহত হন। একই সঙ্গে আহত হন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ দিন আগে