ল্যাটিন-আমেরিকা
দুই দিনে শতাধিক বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা
নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দি হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির কারাগারগুলো থেকে গত সপ্তাহের শেষ দুই দিনে বেশ কয়েকজন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। মাদুরো বন্দি হওয়ার পর ওইসব ভিন্নমতাবলম্বীকে মুক্তি দিতে দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) ভেনেজুয়েলায় বন্দিদের অধিকার নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা ফোরো পেনাল এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির সভাপতি আলফ্রেদো রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, দায়িত্ব গ্রহণের পর জাতিকে পথে ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখযোগ্যসংখ্যক বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবে গত ৮ জানুয়ারি থেকে মোট ২৬৬ জন রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছেন। আর গত দুই দিনে মুক্তি দেওয়া হয়েছে অন্তত ১০০ জনকে।
গত ৩ জানুয়ারি একটি বিশেষ অভিযানে মাদুরোকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে তার স্থলাভিষিক্ত হন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনিই বর্তমানে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন।
এদিকে, নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভেনেজুয়েলা তার রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তি দিচ্ছে, যা আগামী অল্প সময়ের মধ্যে আরও বাড়বে। এই শক্তিশালী মানবিক পদক্ষেপে সম্মত হওয়ায় আমি ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই!’
১২৮ দিন আগে
মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীর গুলি, নিহত ১১
মেক্সিকোর একটি ফুটবল মাঠে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
স্থানীয় সময় রবিবার (২৫ জানুয়ারি) দেশটির রাজধানী মধ্য মেক্সিকোর একটি ফুটবল মাঠে এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সালামাঙ্কার মেয়র সেজার প্রিয়েতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, ফুটবল ম্যাচের শেষে বন্দুকধারীরা সেখানে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশু রয়েছে বলেও জানান তিনি।
এই হামলাকে শহরে চলমান ‘অপরাধের ঢেউয়ের’ অংশ আখ্যা দিয়েছেন মেয়র। সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে তিনি প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সহযোগিতা কামনা করেছেন।
গুয়ানহুয়াতো প্রদেশের প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, তারা এ ঘটনা তারা তদন্ত করছে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদারে ফেডারেল কর্তৃপক্ষের সহযোগিতা নিচ্ছে।
গত বছর মেক্সিকোর গুয়ানহুয়াতোতে সর্বাধিক হত্যকাণ্ড ঘটেছে। সান্তা রোজা দে লিমা নামের স্থানীয় একটি অপরাধী দল সেখানকার শক্তিশালী জালিস্কোর নিউ জেনেরেশন কার্টেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।
মেয়র বলেন, ‘দু্র্ভাগ্যজনকভাবে কিছু অপরাধী গোষ্ঠী কর্তৃপক্ষকে বশে আনতে চাচ্ছে। তবে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।’
মেক্সিকো সরকারের তথ্য অনুসারে, ২০২৫ সালে দেশটির প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৭.৫ জনকে হত্যা করা হয়। এটি ২০১৬ সালের পর থেকে দেশটিতে সবচেয়ে কম হত্যাকাণ্ডের হার। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই তথ্য দেশটির সার্বিক অপরাধের চিত্র তুলে ধরতে পারেনি।
১২৯ দিন আগে
ভেনিজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পের ‘সর্বাত্মক অবরোধ’ ঘোষণা
ভেনিজুয়েলায় প্রবেশকারী এবং সেখান থেকে ছেড়ে যাওয়া নিষেধাজ্ঞার আওতাভুক্ত সকল তেলের ট্যাঙ্কারের ওপর সর্বাত্মক অবরোধের নির্দেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপ প্রয়োগ তৎপরতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভেনিজুয়েলার বিরুদ্ধে অবরোধের ঘোষণা দেন ট্রাম্প।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের তৎপরতার অংশ হিসেবে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার উপকূলবর্তী প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে বিভিন্ন জাহাজের ওপর ইতোমধ্যে বেশ কিছু সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলা বহু মানুষ হতাহত হয়েছেন।
গত সপ্তাহে ক্যারিবিয়ান সাগর পাড়ি দেওয়ার সময় ভেনিজুয়েলা উপকূল থেকে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে মার্কিন বাহিনী। নিউইয়র্ক টাইমসের মতে, ট্যাঙ্কারটিতে ভেনিজুয়েলার প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ওই ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে ‘প্রকাশ্যে চুরি’ এবং ‘আন্তর্জাতিক দস্যুবৃত্তি’ হিসেবে আখ্যায়িত করেছে, যা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অবরোধের ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভেনিজুয়েলা মাদক পাচার ও অন্যান্য অপরাধে অর্থায়নের জন্য এই তেল ব্যবহার করছে। একই সঙ্গে (ভেনিজুয়েলা উপকূলে) সামরিক শক্তি আরও জোরদার করার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনিজুয়েলাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। এই বহর আরও বড় হবে এবং তারা (ভেনিজুয়েলা) এমন এক ধাক্কা খাবে যা তারা আগে কখনো দেখেনি... আজ আমি ভেনিজুয়েলায় আসা-যাওয়া নিষেধাজ্ঞার আওতাভুক্ত সকল তেলের ট্যাঙ্কারের ওপর “সর্বাত্মক ও সম্পূর্ণ অবরোধ”-এর নির্দেশ দিচ্ছি।’
তবে কীভাবে এই অবরোধ কার্যকর করা হবে এবং গত সপ্তাহের মতো জাহাজ আটকানোর কাজে কোস্ট গার্ডকে ব্যবহার করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি মার্কিন প্রশাসন ওই অঞ্চলে হাজার হাজার সৈন্য এবং একটি বিমানবাহী রণতরীসহ প্রায় বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
১৬৯ দিন আগে
গুপ্তচরবৃত্তির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন
কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো হিল ফের্নান্দেসকে গুপ্তচরবৃত্তির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে কোনো শীর্ষ সরকারি কর্মকর্তাকে আইনের আওতায় আনার সর্বোচ্চ ঘটনা এটি।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) কিউবার সুপ্রিম কোর্টের পপুলার ট্রাইব্যুনাল এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আলাদা মামলায় ঘুষ, নথি জালিয়াতি ও কর ফাঁকিসহ অন্যান্য অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় হিলকে আরও ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হিল। প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। ২০১৯ সালে তাকে উপ-প্রধানমন্ত্রীও করা হয়।
তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে পদচ্যুত করা হয়। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর কিউবার প্রেসিডেন্ট বলেন, হিল ‘গুরুতর ভুল’ করেছেন এবং কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
কিউবার সর্বোচ্চ আদালতও সাবেক এই মন্ত্রী ঠিক কী করেছেন বা কার জন্য গুপ্তচরবৃত্তি করেছেন—তা জানায়নি।
২০০৯ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কার্লোস লাগে ও পররাষ্ট্রমন্ত্রী ফেলিপে পেরেস রোকেকে বহিষ্কারের পর কিউবায় এটি সবচেয়ে আলোচিত মামলা। তাদের ক্ষেত্রে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ থাকলেও তাদের শাস্তি দেওয়া হয়নি।
২০২১ সালে কিউবার মুদ্রা ও আর্থিক খাতের সংস্কার কার্যক্রমের মুখপাত্র ছিলেন হিল। তৎকালীন সরকারের পক্ষে সে সময় দেশটির মুদ্রাব্যবস্থা একীভূত করার চেষ্টা করেছিলেন তিনি। তবে আগে থেকেই চলতে থাকা অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের ঘাটতিতে ভুগতে থাকা কিউবায় তখন মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে।
সৃপ্রিম কোর্ট জানায়, হিল নিজ স্বার্থে প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন। বিদেশি প্রতিষ্ঠান থেকে তিনি অর্থ গ্রহণ করেছেন এবং অন্য কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন।
১৭৭ দিন আগে
মেক্সিকোয় ১০ ‘সন্ত্রাসী’র প্রত্যেককে ১৪১ বছরের কারাদণ্ড
মেক্সিকোর পশ্চিমাঞ্চলের জালিস্কো রাজ্যের একটি খামারে মাদকচক্রের সদস্য নিয়োগসহ হত্যা ও গুম করার সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ ব্যক্তিকে ১৪১ বছর ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) এ রায় ঘোষণা করে আদালত। তার আগের দিন (সোমবার) তিন ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে ওই ১০ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
আসামিদের প্রত্যেককে ১৪১ বছর ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারেগুলোকে ১৩ লাখ পেসো (প্রায় ৬৫ হাজার ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটরেরর কার্যালয়।
চলতি বছরের শুরুর দিকে ‘ইসাগুইর’ নামক ওই প্রতিষ্ঠানটির খোঁজ মেলে, যেখানে ২০২১ সাল থেকে সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ চালিয়ে আসছিল জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)। এ ঘটনায় পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত বছরের সেপ্টেম্বর মাসে ওই স্থানে প্রথম অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। শুরুতে সেটি যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সদস্য সংগ্রহ ও তাদের প্রশিক্ষণকেন্দ্র, তা অজানা ছিল। তবে গ্রেপ্তারদের জেরা ও আরও তদন্তের পর বেরিয়ে আসে থলের বেড়াল।
আরও পড়ুন: পোষা সিংহ দেওয়াল টপকে রাস্তায়, পাকিস্তানে আহত ৩
এ ঘটনায় আরও পাঁচ আসামির বিচার এখনও শেষ হয়নি। তাদের মধ্যে রয়েছেন তিন পৌর পুলিশ কর্মকর্তা এবং একজন সিজেএনজি সদস্য যিনি নতুন সদস্য সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া রয়েছেন তেউচিতলান শহরের মেয়র হোসে মুরগিয়া সান্তিয়াগো। তার প্রসাশনিক অঞ্চলেই ওই প্রতিষ্ঠানটি অবস্থিত।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আলেহান্দ্রো গের্তস মানেরোর এক ঘোষণার কয়েক দিনের মাথায় মুরগিয়া সান্তিয়াগোকে গ্রেপ্তার করা হয়। গের্তস মানেরো জানান, ২০২১ সাল থেকেই তেউচিতলান কর্তৃপক্ষকে খামারটির বিষয়ে সতর্ক করেছিল জালিস্কো রাজ্যের মানবাধিকার কমিশন। তবে সেই সতর্কতা দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়।
এ ঘটনা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়। এরই মধ্যে চলতি বছরের ৫ মার্চ ওই প্রতিষ্ঠানে প্রচুর মানুষের পোড়া হাড়, পোশাক ও জুতার খোঁজ পাওয়ার তথ্য জানায় গেরেরোস বুসকাদোরেস দে জালিস্কো। এই দলটি নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করে থাকে। তাদের দেওয়া তথ্য জানাজানি হলে বিতর্ক তুঙ্গে ওঠে।
এ ঘটনা মেক্সিকোর ভয়াবহ সহিংসতা, মাদকচক্রের দাপট এবং দেশটির ১ লাখ ৩০ হাজারের বেশি নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে চলমান দুর্দশার চিত্রকে আরও একবার সামনে নিয়ে আসে।
আরও পড়ুন: জাপানি দ্বীপপুঞ্জে দুই সপ্তাহে ৯ শতাধিক ভূমিকম্প
ওই প্রতিবেদন প্রকাশের পর জানা যায়, প্রথম দফার অভিযানের পর খামারের তদন্ত কয়েক মাস স্থগিত রেখেছিলেন রাজ্য প্রসিকিউটররা। পরে জাতীয় নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে খামার থেকে একটি লাশ এবং পরবর্তীতে দুজনকে উদ্ধার করা হয়।
এরপর রাজ্য কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার কারণে মামলার দায়িত্ব নেয় কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেলের দপ্তর। তবে এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সমালোচনা থামেনি।
চলতি বছরের ওই জায়গাটিতে কোনো সমাধি স্থাপনা নেই বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল গের্তস মানেরো। তার এই বক্তব্যের পর আরও ক্ষোভ ছড়ায়। গেরেরোস বুসকাদোরেস দে জালিস্কো জানায়, তারা ওই খামার থেকে অন্তত ১৭টি মানুষের পোড়া হাড়ের অংশ উদ্ধার করেছে, যেগুলো এখন ফরেনসিক বিশেষজ্ঞদের হেফাজতে রয়েছে।
৩৩০ দিন আগে
পোপ ফ্রান্সিস মারা গেছেন
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এমন খবর দিয়েছে। ল্যাটিন আমেরিকান ইতিহাসে তিনিই ছিলেন প্রথম কোনো পোপ। এরআগে মহাদেশটি থেকে কোনো পোপ নির্বাচিত হননি। যাপিত জীবনে বিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন তিনি। দরিদ্রদের নিয়ে তার উদ্বেগ ও পুঁজিবাদের সমালোচনায় মুখর ছিলেন তিনি। এছাড়া বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন নিয়েও তাকে সরব থাকতে দেখা গেছে।
কার্ডিনাল কেভিন ফেরেল তার মৃত্যুর ঘোষণা দিয়েছেন। এরপর রোমের গির্জাগুলোতে ঘণ্টাধ্বনি বাজানো হয়েছে। কেভিন ফেরেল বলেন, ‘আজ (রবিবার) সকাল ৭টা ৩৫ মিনিটে স্বর্গে গমন করেছেন রোমের বিশপ। প্রভু ও তার গির্জার জন্য নিজের পুরো জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন।’
আরও পড়ুন: পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি
শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় অসুস্থ হয়ে গেল ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ ফ্রান্সিস। দীর্ঘস্থায়ী ফুসফুস রোগে আক্রান্ত ছিলেন পোপ ফ্রান্সিস। তরুণ বয়সে তার ফুসফুসের একটি অংশ কেটে ফেলতে হয়েছিল।
১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর ৩৮ দিন হাসপাতালে কাটাতে হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের এই ধর্মীয় গুরুকে। তার গেল এক যুগের পোপজীবনে এটা ছিল সবচেয়ে বেশি সময়ে হাসপাতালে থাকা।
কিন্তু মৃত্যুর আগের দিন রবিবার ইস্টার সানডেতে জড়ো হওয়া কয়েক হাজার লোককে আশীর্বাদ জানাতে তিনি সেন্ট পিটার্স চত্বরে আসেন। পোপমোবাইলে—পোপের জন্য বানানো বিশেষ গাড়ি—চড়ে হাজির হলে লোকজন তাকে দেখে উল্লাশ প্রকাশ করেন।
২০১৩ সালের ১৩ মার্চের এক বৃষ্টিভেজা রাতে দুই হাজার বছরের পুরোনো প্রতিষ্ঠানে এসে নতুন বাতাসে শ্বাস নেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া জর্জ মারিও বার্গোগ্লিও। এমন এক সময়ে তিনি পোপ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন প্রতিষ্ঠানটির প্রভাব ছিল অনেকটা কমতির দিকে।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আকস্মিক পদত্যাগ করেন পোপ এ্যামিরেটাস ষোড়শ বেনেডিক্ট। ১৪১৫ সালে ত্রয়োদশ গ্রেগরির পর প্রথম ব্যক্তি হিসেবে তিনি মৃত্যুর আগেই পোপের দায়িত্ব ছেড়েছিলেন। এরপর নতুন পোপ নির্বাচিত হয়েছিলেন ফ্রান্সিস। কিন্তু তার নেওয়া কিছু প্রগতিশীল পদক্ষেপে রক্ষণশীলদের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাকে।
আরও পড়ুন: পোপ ফ্রান্সিস-অধ্যাপক ইউনূসের নামে যৌথ উদ্যোগ চালু করল ভ্যাটিকান
তাকে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে হয় ২০১৮ সালে। তখন চিলিতে ধর্মযাজকের যৌন হয়রানির ঘটনা ফাঁস হয়ে গেলে তিনি ঘটনাটি জোড়াতালি দিয়ে সুরাহা করার চেষ্টা করেন। এতে যারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন, তারা ব্যথিত হন এবং পোপের সমালোচনা করেন।
পোপ ফ্রান্সিস ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সময় তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করে সবার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।
৪০৯ দিন আগে
মেক্সিকোতে ক্লিনিকে বন্দুক হামলায় নিহত ৯
মেক্সিকোর একটি মাদকাসক্তি নিরাময় ক্লিনিকে সশস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (৭ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এসব হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় জননিরাপত্তা সচিবালয়ের মতে, সোমবার (৭ এপ্রিল) সকালে সশস্ত্র হামলাকারীরা উত্তর-পশ্চিম মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কুলিয়াকান পৌরসভার একটি ক্লিনিকে হামলা চালায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে পার্কে বন্দুক হামলায় নিহত ৩
মুখোশধারী হামলাকারীরা ক্লিনিকের গেট খুলে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে রোগী ও কর্মীদের উপর গুলি চালায়।
৯১১ জরুরি হটলাইনে একাধিক ফোনের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৮জন নিহত হন। আহত হওয়ার কয়েক ঘণ্টা পর আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গুলি চালিয়ে হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
৪২২ দিন আগে
বলিভিয়ায় খনি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
বলিভিয়ায় একটি খনিতে ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে লা পাজ শহর থেকে ১৪৯ কিলোমিটর দূরের পশ্চিমাঞ্চলীয় লারেকাজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় পুলিশের কমান্ডার কর্নেল গুন্থার আগুডো বার্তা সংস্থা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: ম্যাঁখো
আগুডো বলেন, শিগগিরিই এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দেশটির খনির নীতি বিষয়ক উপমন্ত্রী মার্সেলো ব্যালেস্টেরোস এক সাক্ষাৎকারে বলেছেন, এমন দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
৪৩৪ দিন আগে
বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকায় মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু হয়ছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির পোটোসি ও ওরুরো বিভাগের মধ্যে সংযোগকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। আমরা এখনও মৃতদেহগুলো উদ্ধার করছি।’
পুলিশের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গণপরিবহনটি মহাসড়ক থেকে ছিটকে ৮০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।
আরও পড়ুন: বলিভিয়ায় ভারী বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ২৮
লিমবার্ট চক বলেন, সড়কটির দুর্ঘটনাস্থলে তীক্ষ্ণ বাঁক এবং খাড়া ঢাল রয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে—তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পরিচর্যা চলছে। আর আহত বাকী ১১ জন প্রাপ্তবয়স্ক— যাদের মধ্যে দু'জনের গুরুতর জখম হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে।
৪৭২ দিন আগে
বলিভিয়ায় ভারী বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ২৮
বলিভিয়ায় গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টিপাতের কারণে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির উপবেসামরিক প্রতিরক্ষামন্ত্রী হুয়ান কার্লোস কালভিমন্তেস এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃষ্টিতে দেশের ৯টি বিভাগের মধ্যে আটটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তা বলেন, 'আমরা ক্ষতিগ্রস্ত ৮৩টি পৌরসভার কথা বলছি এবং আমি নিশ্চিত যে, এক সপ্তাহের মধ্যে তাদের অনেকেই নিজেরা দুর্যোগের সম্মুখীন থাকার কথা বলবেন।’
আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
এখন পর্যন্ত ২৭টি পৌরসভা নিজেদের জরুরি অবস্থা ঘোষণা করেছে, যার মধ্যে ২২টি লা পাজের এলাকার। জলবায়ুর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিভাগটি।
দেশটির সরকার জানিয়েছে, চুকুইসাকা (দক্ষিণ), লা পাজ (পশ্চিম), তারিজা (দক্ষিণ), কোচাবাম্বা (কেন্দ্র), সান্তা ক্রুজ (পূর্ব) এবং পোটোসি (দক্ষিণ-পশ্চিম) বিভাগে বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
সরকারের তথ্যানুযায়ী এখনো চারজন নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের তিনজন লা পাজের উত্তরে এবং একজন চুকুইসাকা বিভাগের।
ন্যাশনাল মেটিওরোলজি অ্যান্ড হাইড্রোলজি সার্ভিস পূর্বাভাস দিয়েছে যে, আগামী সপ্তাহগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমনকি বৃষ্টিপাত মার্চ ও এপ্রিল পর্যন্তও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে বন্যায় নিহত ৩, নিখোঁজ ২
৪৭৫ দিন আগে