চট্টগ্রাম
চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভেল্লাপাড়া সেতু এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও একটি লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা রওনা দিলে পথে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে সামনে থাকা লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি যানবাহনই সঙ্গে সঙ্গে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই ঈগল পরিবহনের বাসচালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ি ও কর্ণফুলী থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থেকে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এমন দুর্ঘটনায় ঈদুল আজহার আনন্দমুখর দিনে হঠাৎ বিষাদের ছায়া নেমে আসে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ২৫ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৬ দিন আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত, স্বস্তিতে চালক ও যাত্রীরা
ঈদের বাকি আর মাত্র একদিন। আজও নাড়ির টানে বাড়ি ফিরছেন দূরপাল্লার মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী, বাস ও ব্যাক্তিগত যানবাহনে চাপ রয়েছে। তবে তা গেল কয়েকদিনের থেকেও কিছুটা কম। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্য এবং রোভার স্কাউটস সদস্যরা কাজ করে যাচ্ছেন।
বুধবার (২৭ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি যানবাহন চলাচল করছে। আজও (বুধবার) রাজধানী থেকে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন অনেকে।
আজ বেলা ১১টায় এ প্রতিবেদন লেখার আগে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মহাসড়কের গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা, ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ারবাজার, মিয়ানমার, চৌদ্দগ্রাম, পদুয়াসহ বিভিন্ন বাজার ও স্টেশনগুলোতেও যানবাহনগুলো চলাচল স্বাভাবিক ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট পলাশ আহমেদ জানান, আজ সকাল থেকে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
৮ দিন আগে
ভোলার চরফ্যাশনে বজ্রপাতে জেলে নিহত, মনপুরায় ঝড়ে দোকানপাট লন্ডভন্ড
ভোলার চরফ্যাশনে ঈদের আগে আকস্মিক ঝড়ো বাতাসসহ বজ্রপাতে এক জেলে নিহত হয়েছে। ঝড়ে আরেক উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে চরফ্যাশনে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়। একই সময়ে ে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি তুলেছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট-সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন সজীব (২৯) নামে এক জেলে। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছুল হক মাঝির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জেলে।
স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে নদীতে গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে নৌকাতেই সজীবের মৃত্যু হয়। পরে অন্য জেলেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, এটি বজ্রপাতে মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকানঘর বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে দোকানে খাদ্যসামগ্রী ও বিভিন্ন মালামাল মজুত করেছিলেন তারা। কিন্তু ঝড়ের তীব্রতায় দোকানঘর ভেঙে পড়ে এবং অনেক মালামাল নদীতে ভেসে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসা বলেছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
৯ দিন আগে
৫৬ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৫ জন
চাঁদপুর জেলা পুলিশের শিক্ষানবিশ কনস্টেবল (টিআরসি) পদে ৫৬ টাকায় মোট ৪৫ জন নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করেছেন নিয়োগ বোর্ডের প্রধান।
২৪ মে (রবিবার) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩ নারীসহ মোট ৪৫ জন ও অপেক্ষমাণ ৩ জনসহ সর্বমোট ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের প্রধান ও চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান। নিয়োগপ্রাপ্ত সবাই এই জেলার নাগরিক।
ফলাফল ঘোষণা শেষে নিয়োগ পাওয়া প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. রবিউল বলেন, ’৫৬ টাকায় পুলিশের চাকরি পেয়েছ তোমরা। শতভাগ স্বচ্ছ, অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধাপে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তোমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আজকে যারা পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হয়েছেন, আপনাদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। চাঁদপুরে একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ায় পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্টদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি, নতুন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা দেশের কল্যাণে তাদের দায়িত্ব পালন করবেন।
এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৯৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে প্রথম দিন ৬৩৮ জন অংশগ্রহণ করেন। তার মধ্যে থেকে চূড়ান্তভাবে ৪৫ জন নির্বাচিত হয়েছে এবং অপেক্ষামাণ রয়েছেন আরও ৩ জন।
এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) লুৎফুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তারা।
১০ দিন আগে
নাইক্ষ্যংছড়ি শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার ৪২ ও ৪২/১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকে মং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় নিজেদের কৃষিক্ষেত পরিচর্যার জন্য প্রায়ই সেখানে যেতেন ওই তিনজন। আজ দুপুরেও তারা সেখানে গেলে হঠাৎ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ দিন আগে
কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসামিকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২
কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসামিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ ঘটনার পর দুপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন ও রণি নামে দুজন স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
১১ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের পটিয়ায় বাসের চাপায় মোটরসাইকেলআরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ পাড়ার জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। তাসলিম পটিয়া সদরের রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং সামি উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
আহত তানবীর ইসলাম জয়কে (১৮) প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, আজ (শনিবার) সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির গরু দেখতে বের হন। দুপুরে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ওসি মো. হারুনুর রশিদ আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
১২ দিন আগে
ফেনীতে অস্ত্রের মুখে ব্যবসায়ীর গরু ছিনতাই
ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা এক ব্যবসায়ীর গরুর পালে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানির পর এলাকায় ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে অবস্থিত র্যাব ক্যাম্প-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মানুষের থেকে ঋণ নিয়ে ঈদুল আজহায় বিক্রির জন্য ১০টি গরু ক্রয় করি। ফেনীর র্যাব ক্যাম্পের পাশেই গরুগুলো বেঁধে রেখে পাহারা দিচ্ছিলাম। শনিবার ভোর ৫টার দিকে হঠাৎ ৪/৫ জন ব্যক্তি এসে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন আমার চিৎকার শুনে এগিয়ে এসে গাড়িটির পেছনে ধাওয়া করলেও আটকাতে পারেনি। আমি গরুটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
স্থানীয়রা জানায়, অনেকেই লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু এনে ফেনীর হাট বাজারে বিক্রি করছেন। এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তায় কাউকে ছাড় দেওয়া হবে না।
১২ দিন আগে
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বার আউলিয়া, বড় কুমিরা, বাড়বকুণ্ড এবং ছোট দারোগারহাট এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় মহাসড়কে বালু ভর্তি একটি ট্রাকের ধাক্কায় মো হারুনুর রশিদ (৫৪) নামে এক ব্যক্তি নিহত হন।
তিনি ছোট কুমিরার হিঙ্গুরী পাড়া গ্রামের মোহরম আলির ছেলে ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় চট্টগ্রামমূখী গরু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হাসান (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত হাসান মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নদুয়ারীয়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ছিল। সে মীরসরাইয়ের মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাসান সহপাঠীদের নিয়ে একটি খোলা মিনি ট্রাকে করে কুমিরাস্থ আলেকদিয়া সমুদ্র সৈকতে বেড়াতে যায়। গাড়ি থেকে লাফ দিয়ে মহাসড়কে নামার সঙ্গে সঙ্গেই চট্টগ্রামমুখী গরুবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে, বেলা ১১টার দিকে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. রোস্তম আলী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উত্তর পশ্চিম সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ারিশ ভূঁইয়া বাড়ির তমিজ উদ্দিনের ছেলে ছিলেন।
এ দুর্ঘটনাগুলোর বিষয় নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক।
এ ছাড়াও আজ সকালে উপজেলার বাড়বকুণ্ডের মুছা কলোনী এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক দেওয়ান জানান, সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। মরদেহটি দুই রেললাইনের মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এখনও নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। তবে মুখে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
১৪ দিন আগে
পরিবহন শ্রমিকদের ওপর হামলা, প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর হয়। এর প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্থানের অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
জেলা পরিবহন মালিক সম্পাদক শোয়েবুর রহমান ও কয়েকজন পরিবহন শ্রমিক জানান, গতকাল (বুধবার) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ (বৃহস্পতিবার) ভোর থেকেই চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। ফলে আজ ভোর থেকে এই রুটে আইদি ও বোগদাদ পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী ও সাধারণ যাত্রীরা। তবে চাঁদপুর থেকে দেশের দূর-দূরান্তের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস মালিক নেতা শোয়েবুর রহমান বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা গতকাল রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করেছে এবং প্রায় ১০/১৫ জন শ্রমিককে আহত করেছে। আহতদের মধ্যে অনেককে সরকারি হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, অন্য দিনের মতো বলাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিংয়ে রাখা হয় বাস। বাসে থাকা শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুরও করা হয়।
স্থানীয়দের দাবি, কিছু ‘উচ্ছৃঙ্খল ছাত্র’ চাঁদপুর–কুমিল্লা রুটের বলাখাল বাজারে শিক্ষার্থীদের স্বার্থে বাস স্টপেজের দাবি না মানায় এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ মিয়া জানান, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দৈনিক ২৫০টি বাস চলাচল করে বলে জানান বাস মালিক সমিতির নেতা শোয়েবুর রহমান ।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন অবগত। সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ওদিকে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
১৪ দিন আগে