খুলনা
নড়াইলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে কুয়েত প্রবাসীকে কুপিয়ে জখম
নড়াইলে পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে কুয়েত প্রবাসী মো. আকাশ মোল্যাকে (২২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সমাইজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত আকাশ মোল্যা (২২) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. জিহাদুল মোল্যার ছেলে।
স্থানীয় এক ব্যক্তি বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে চা খাচ্ছিলেন আকাশ। এ সময় মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের ৪০ থেকে ৫০ জন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান।
এ ঘটনার পর স্থানীয়রা আহত আকাশকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঈদের পরের দিন মাইজপাড়া পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে হোসেনপুর গ্রামের কয়েকটি ছেলের সঙ্গে আকাশের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই তার ওপর হামলা করা হয়েছে।
আহত আকাশ মোল্যার বাবা মো. জিহাদুল মোল্যা বলেন, আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। ছেলেকে নিয়ে ঢামেক হাসপাতালে যাচ্ছি। ছেলের অবস্থা ভালো না। তার শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত। শুনেছি তার ফুসফুস ছিদ্র হয়ে গেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৭০ দিন আগে
ঝিনাইদহে বাওড়ে মাছ ধরতে নেমে 'সাপের কামড়ে' যুবকের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরের নস্তি বাওড়ে মাছ ধরতে নেমে আশিক আহম্মেদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাপের কামড়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আশিক নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি পুলিশের গাড়িচালক ছিলেন।
নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রাইভার আশিক আহম্মেদ বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকেল সাড়ে ৩টার দিকে আশিককে বিষধর সাপে কামড় দেয়।
তিনি আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক হাবিবুর রহমান জানান, তিনি ওই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন। হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী মারা গেছেন। তবে তার পায়ে সাপে কাটার মতো ক্ষতচিহ্ন ছিল। এছাড়া তার হাতের নখগুলো নীল হয়ে গিয়েছিল। সাপেকাটা রোগীর যে ধরনের লক্ষণ থাকে, আশিকেরও সেরকম ছিল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চার পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপে আশিককে দংশন করেছিল।
৭২ দিন আগে
সাতক্ষীরায় ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ, কৌশলে ধরল পুলিশ
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থানরত এক যুবকের কাছে থাকা ব্যাগ ছিনতাইকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে।
সোমবার (২৩ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ওই যুবককে ছুরিকাঘাত করে পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়েন ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে পুকুরটির চারপাশে অবস্থান নেন স্থানীয়রা। এরপর ঘণ্টাখানেক পানিতে থাকার পর খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী পুকুর থেকে পাকড়াও করা হয়। এরপর ওই যুবককে থানা হেফাজতে নেয় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আটক ব্যক্তি একটা পাক্কা চোর ও ছিনতাইকারী। ভুক্তভোগীরা অভিযোগ দিক বা না দিক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভুক্তভোগী ও আটক ব্যক্তি, কারোর পরিচয় জানা যায়নি।
৭২ দিন আগে
খুলনায় স্ত্রীর হাতে স্বামী খুন
খুলনার কয়রা উপজেলায় স্বামীকে শ্বাসরোধ ও অণ্ডকোষ চেপে হত্যা করেছে স্ত্রী।
সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন স্ত্রী খুকুমনি।
নিহত ফজলু গাজী জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে ছিলেন।
স্থানীরা জানান, গতকাল (সোমবার) সন্ধ্যার পর জোড়শিং গ্রামের ফজলু গাজীর (৬৬) সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী খুকুমনির কথা কাটাকাটি শুরু হয়। পরে রাত ৯টার দিকে স্বামীর অণ্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে গ্রাম্য চিকিৎসকের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রথম স্ত্রীর মৃত্যুর পর পাশ্ববর্তী গ্রামের স্বামী পরিত্যক্তা খুকুমনিকে বিয়ে করেন ফজলু গাজী।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। ইতোমধ্যে বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তদন্ত ও অভিযুক্তকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
৭২ দিন আগে
খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে হরিণটানা গেট-সংলগ্ন একটি ফাঁকাস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশুটি নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে ছিল।
পুলিশ জানায়, সোমবার দুপুরে শিশুটি বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াত খেতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায়। সেখানে পরিচিত এক ব্যক্তি তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নেন। এর মধ্যে মেয়ের ফিরে আসতে দেরি দেখে তার মা তাকে ফোন দেন। তখন বিপরীত থেকে তাকে জানানো হয়, মাওয়া আইসক্রিম খাচ্ছে; ওর যেতে দেরি হবে। এরপর থেকে পরিচিত ওই ব্যক্তির ফোন বন্ধ হয়ে যায়।
পুলিশ আরও জানায়, দুপুরের পর থেকে মাওয়াকে ফিরে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন, কিন্তু না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেটসংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, মরদেহের পাশে একটি দড়ি ছিল। সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
৭২ দিন আগে
যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ ঝরল একই পরিবারের ৩ জনের
চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ঘরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের মনিরামপুরের একই পরিবারের তিনজন।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের যশোর সদর উপজেলা গাইদঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের বটগাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪২), তার বাবা ও পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৪) এবং জনির চার বছর বয়সী শিশু কন্যা শেহেরিশ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) এবং ছেলে সামিন আলমাস (১০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, প্রাইভেটকারটি চুয়াডাঙ্গা থেকে যশোরের দিকে আসছিল। গাড়িটি গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জনি ও তার বাবা আব্দুল মজিদ নিহত হন।
স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ছোট শিশু শেহেরিশেরও মৃত্যু হয় বলে পুলিশের এ ওসি জানান।
জনির সহকর্মী রিয়াদ হোসেন জানান, সোমবার সপরিবারে চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জনি। সেখান থেকে ফেরার পথেই এই করুণ পরিণতি হয়। বর্তমানে নিহতদের মরদেহ মনিরামপুরের বাড়িতে রয়েছে। তাদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
৭২ দিন আগে
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ঝিনাইদহের পাঁচজনের পরিবারে শোকের মাতম
কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে ঝিনাইদহ জেলার পাঁচজন নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকাচ্ছন্ন হয়ে ওঠে গোটা এলাকা। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭) এবং তাদের দুই মেয়ে খাদিজা (৫) ও মরিয়ম (৩), ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) এবং ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন।
নিহতরা ঈদুল ফিতরের নামাজ শেষ করে ঝিনাইদহ থেকে মামুন পরিবহনের একটি বাসে নোয়াখালীতে আত্মীয়বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন এলাকার পাঁচজনের মৃত্যুতে গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মহেশপুরের পাতিবিলা গ্রামের শহিদুল ইসলাম জানান, তার ভাই পিন্টু ছিলেন মামুন পরিবহনের ড্রাইভার। তার শ্বশুরবাড়ি নোয়াখালী জেলায়। ওই গাড়িতেই তার ভাইয়ের পরিবার নোয়াখালী যাচ্ছিল। ঢাকায় পিন্টু বদলি ড্রাইভার হিসেবে নেমে পড়েন। গাড়িতে তার স্ত্রী লাইজু ও দুই মেয়ে ছিল। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান।
তিনি আরও জানান, তাদের মৃত্যুর খবরে গোটা পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এই মৃত্যুর খবর শুনেছেন। মরদেহগুলো বাড়িতে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে।
দুর্ঘটনায় ঝিনাইদহ জেলার পাঁচজন নিহত হয়েছেন জানিয়ে শোক প্রকাশ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
৭৪ দিন আগে
চুয়াডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে যুবক নিহত, খবরে ‘স্ট্রোকে’ দাদার মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে শিমুল হোসেন কাজি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর শুনে শিমুলের দাদা নাজিম উদ্দিন কাজি (৭০) স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি করেছে তার পরিবার। সংঘর্ষের ঘটনায় নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত শিমুল হোসেন কাজি ওই গ্রামের লাবু হোসেনের ছেলে। নাজিম উদ্দিন কাজি তার দাদা এবং মৃত ইংরেজ আলী কাজির ছেলে ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকায় অবস্থানকালে কয়েক দিন আগে ফেসবুকে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। এ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ঈদের দুই দিন আগে তিনি বাড়িতে ফিরলে উত্তেজনা বাড়তে থাকে।
ঈদের দিন (শনিবার) দুপুরে হৃদয় হোসেনের সঙ্গে সাহাবুল ইসলামের ছেলে আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হৃদয় ও তার চাচা বজলু আহত হন। পরে পাল্টা হামলায় আব্দুল্লাহর মা আলিয়া বেগম, তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
পরবর্তীতে পূর্বশত্রুতার জেরে হান্নান-কুবির গ্রুপ ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কুবির কাজি ও শিমুল কাজি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিমুলের মৃত্যু হয়।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে নাজিম উদ্দিন কাজি বাড়ি থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে স্ট্রোক করেন। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
৭৫ দিন আগে
ঈদের নামাজের স্থান নিয়ে কুষ্টিয়ায় সংঘর্ষ, আহত ১৩
ঈদের নামাজ মসজিদে হবে নাকি ঈদগাহ মাঠে—এ নিয়ে বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। সংঘর্ষের কারণে গ্রামের অধিকাংশ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—রুবেল হোসেন (৩০), গফুর (৪০), আলম (৪৫), শাকিল (২৫), রিপন (২৬), সরোয়ার (৪৫), আশরাফুল (৩৫), শাহিন (৩৫), জিয়া (৩৭), মুসা (৪৫), মন্টু (৫৫), জুয়েল (২৭) ও ফিরোজা খাতুন (৩৩)। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর চরে অবস্থিত এই গ্রামে প্রায় ১২০টি পরিবারে পাঁচ শতাধিক মানুষের বসবাস। তাদের জন্য একটি জামে মসজিদ ও একটি ঈদগাহ মাঠ রয়েছে। ঈদের দিন সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টির কারণে ঈদগাহ কমিটি সকাল সাড়ে ৮টার পরিবর্তে সাড়ে ৯টায় জামাত নির্ধারণ করে।
এ নিয়ে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ মসজিদে নামাজ শুরু করলে অপরপক্ষ তাদের ঈদগাহে যাওয়ার আহ্বান জানায়। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
সংঘর্ষে আহত রুবেল হোসেন অভিযোগ করেন, তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে জুয়েল বলেন, মসজিদে নামাজ শেষে খুতবা চলাকালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি, তার বাবা ও স্বজনসহ কয়েকজন আহত হন। তাদের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত কয়েকজনকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে, যাদের হাত, মুখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কয়েকটি বাড়িতে ভাঙচুরের চিহ্ন রয়েছে।
এ সময় স্থানীয় বাসিন্দা রোকেয়া খাতুন অভিযোগ করেন, ‘নামাজ নিয়ে রাস্তায় মারামারির পর আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’ অন্যদিকে ছারা খাতুন দাবি করেন, তার ছেলের অটোরিকশা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
এদিকে, সংঘর্ষের কারণে ঈদের নামাজ আদায় করতে পারেননি স্থানীয় স্কুলশিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে নামাজের স্থান নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নামাজ আর অনুষ্ঠিত হয়নি।’
ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, বৃষ্টির কারণে নির্ধারিত সময় পরিবর্তন করা হলেও একপক্ষ মসজিদে নামাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে প্রায় ৪৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেননি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নামাজের স্থান নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নামাজ অনুষ্ঠিত হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
৭৫ দিন আগে
ঈদের দিন নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
নড়াইলে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাব্বী মোল্যা (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় রোমান মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) বিকেল তিনটার দিকে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বী। এ সময় তার সঙ্গে পেছনে ছিলেন বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে মো. রেহান। সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর বিকেলে নড়াইল শহরের দিকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাব্বী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মোটরসাইকেলে থাকা রেহান অক্ষত রয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
৭৫ দিন আগে