রাজশাহী
বদলগাছীর ৪০ মণের ‘সোনামানিক’, দাম হাঁকা হচ্ছে ১২ লাখ
আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে বড় আকৃতির গরু নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নওগাঁর বদলগাছীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘সোনামানিক’ নামের একটি বিশাল আকৃতির ষাঁড়। প্রায় ৪০ মণ ওজনের গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ।
উপজেলার আধাইপুর গ্রামের বাসিন্দা আবু জাফরের বাড়িতে গেলেই চোখে পড়ে বিশাল দেহের ষাঁড়টি। দূর থেকে দেখলে অনেকের কাছে সেটি ছোটখাটো পাহাড়ের মতো মনে হয়। কালো ও লাল রঙের মিশেলে গড়া গরুটির শক্তপোক্ত গঠন সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের।
মালিকের দাবি, নেপলিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় দেড় হাজার কেজি, অর্থাৎ ৪০ মণ। গত কয়েক সপ্তাহ ধরে গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করছেন।
গরুর মালিক আবু জাফর বলেন, ‘সোনামানিককে আমরা পরিবারের সদস্যের মতো করেই বড় করেছি। কোনো ধরনের ইনজেকশন বা কৃত্রিম মোটাতাজাকরণ করা হয়নি। ঘাস, তুষ ও চালের গুঁড়া খাইয়েই প্রায় চার বছর ধরে লালনপালন করেছি।’
তিনি আরও বলেন, গরুটির পেছনে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা বাড়িতে এসে গরুটি দেখে যাচ্ছেন।
গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। উপযুক্ত দাম পেলে বাড়ি থেকেই ষাঁড়টি বিক্রি করবেন বলে জানান আবু জাফর।
স্থানীয় বাসিন্দা রঞ্জু জানান, প্রতিবছরই আবু জাফরের পরিবার বড় আকৃতির গরু পালন করে থাকেন। তবে এবার ‘সোনামানিক’ আকার ও ওজনের কারণে আলাদা করে সবার নজর কেড়েছে।
উপজেলা সদরের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘আমি গতকাল ষাঁড়টি দেখতে আবু জাফরের বাড়ি গিয়েছিলাম। ষাঁড়টির ওপর নজর পড়তেই মনে হলো কোনো হাতি দাঁড়িয়ে আছে। সেলফি তুললাম, ভিডিও করলাম আমার কাছের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন দেখানোর জন্য।’
বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, এবার কোরবানির ঈদ উপলক্ষে উপজেলায় ৫৪ হাজার ৮২০টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকাতেও পশু সরবরাহ করা সম্ভব হবে। আধাইপুর ইউনিয়নের ‘সোনামানিক’ নামের ষাঁড়টি ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে। মালিক যেন ন্যায্যমূল্য পান, সেটিই আমার প্রত্যাশা।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই সোনামানিককে ঘিরে মানুষের আগ্রহ বাড়ছে। শেষ পর্যন্ত গরুটি কত দামে বিক্রি হয়, সেটিই এখন দেখার বিষয়।
২১ দিন আগে
দিনাজপুরে সম্পত্তির অংশীদারত্ব নিয়ে বিরোধের জেরে বাবা এবং সৎভাই খুন
দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তির অংশীদারত্ব নিয়ে বিরোধের জেরে দ্বিতীয় পক্ষের দুই সন্তানের ছুরিকাঘাতে বাবা ও সৎভাই খুন হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে ওই ঘটনা ঘটেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী জানান, গৃহকর্তা দুলু মিয়ার দুই স্ত্রীর ৪টি ছেলে রয়েছে। পিতার প্রায় ১৬ বিঘা জমির অংশীদারিত্ব ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদেকুল এবং সাকিব ধারাল ছুরি দিয়ে বাবা দুলু মিয়ার এবং সৎ ভাই কাবিলকে হত্যা করেছেন। এ সময় আরেক সৎ ভাই হাবিল আহত হয়েছেন। হত্যাকাণ্ড ঘটিয়ে সাদেকুল এবং সাকিব আত্মগোপনে রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২৩ দিন আগে
নাটোরে পার্কে দুই রুশ নাগরিককে হেনস্তা, ২ টিকটকার আটক
নাটোরের লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে দুই রুশ নাগরিককে হেনস্তার ঘটনায় আমিনুল ইসলাম ও রাসেল ইসলাম নামে ২ টিকটকারকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে রাজশাহীর আড়ানি ও তানোর থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিক গত শুক্রবার লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে বেড়াতে যান। সেখানে পিকনিকে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন কথিত টিকটকার। এ সময় টিকটকাররা ওই দুই রুশ নাগরিককে ঘিরে ধরে অশালীন ভাষায় হেনস্তা করেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তী সময়ে গ্রীনভ্যালী পার্কের ব্যবস্থাপক ওয়াজেদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।
বিদেশি নাগরিক হয়রানির ব্যাপারে আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে অন্য অভিযুক্তদের ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
২৫ দিন আগে
সিরাজগঞ্জে টাকার প্রলোভন দেখিয়ে মানসিক প্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণ’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর বাবা-মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন। তাদের মেয়ে ওই গ্রামে নানা বাড়িতে থাকে। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৬ এপ্রিল সকালে ওই শিশু স্কুলে যাওয়ার পথে একই এলাকার শান্ত (২৫) তাকে ২৫ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। শান্তর বাড়িতে কেউ ছিল না। এ সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। শনিবার (২ এপ্রিল) শিশুটিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (৩ এপ্রিল) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৩০ দিন আগে
সিরাজগঞ্জে রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের অর্থায়নে নির্মাণের ৪ দিনের মাথায় হেরিংবন রাস্তার ইট তুলে নিয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আফসার আলী। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে সাবেক ওই ইউপি সদস্যর নেতৃত্বে তার সহযোগীরা রাস্তার সব ইট তুলে নিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে ওই গ্রামের ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যাতায়াত করতেন। সম্প্রতি তাদের প্রতিবেশী মিনা খাতুন ওই জমির ওপর বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। প্রায় ৩ সপ্তাহ অবরুদ্ধ থাকার পর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেন সরেজমিন পরিদর্শন করেন এবং তাদের চলাচলের জন্য ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যর একটি ইট বিছানো রাস্তা নির্মাণ করা হয়।
তবে, ইউএনও বদলি হওয়ার পর গতকাল (শনিবার) বিকেলে সাবেক ওই ইউপি সদস্যের নেতৃত্বে তার সহযোগীরা রাস্তার সব ইট তুলে নিয়ে যান।
এ বিষয়ে ইউএনও সাবরিনা শারমিন বলেন, ওই গ্রামে সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি জেনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩২ দিন আগে
সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা সোহেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
রবিবার (৩ মে) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত পৌর এলাকার কোবদাসপাড়া আক্কার মোড় মহল্লায় মনোহারী ব্যবসায়ী শাহজাহান আলী দোকান পরিচালনা করতেন। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তার ব্যবসায়িক সহযোগী নাজমুল ইসলাম ব্যাবসা-সংক্রান্ত আলোচনার জন্য শাহজাহন আলীর বাড়িতে যান। কিন্তু তিনি বাড়িতে না থাকায় তার মায়ের সঙ্গে নাজমুল কথাবার্তা বলছিলেন। এ সময় যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ কয়েকজন বাড়িতে ঢুকে নাজমুল ও শাহজাহানের স্ত্রী নূপুরকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটান এবং হুমকি-ধমকি দিয়ে নাজমুলকে তুলে নিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এ চাঁদার টাকা ৫ দিনের মধ্যে দেওয়ার কথা স্বীকার করে নাজমুলকে উদ্ধার করা হয়। পরবর্তীতে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা নাজমুলকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে জানান ওসি।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আজ (রবিবার) সকালে ওই ব্যবসায়ীর স্ত্রী নুপুর বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই ছিলেন।
রবিবার (৩ মে) সকাল পৌনে ৬টার দিকে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে সোহাগ হোসেন (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ও সোহাগ আজ (রবিবার) সকাল পৌনে ৬টার দিকে মোটরসাইকেলে নাচোল থেকে ধানসুড়ার উদ্দেশে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছালে ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে ট্রাকটি জব্দ করে। সেখান থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
৩২ দিন আগে
রূপপুরে ব্যায়াম করার সময় রুশ নাগরিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকায় জিমে ব্যায়াম করার সময় চুরকিন ভ্লাদিমির (২৫) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) রাতে নতুনহাট গ্রিন সিটির আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
চুরকিন রুশ পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অটোমটেক ইনির্গতে কর্মরত ছিলেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, গতকাল (শুক্রবার) রাতে গ্রিন সিটির ভেতরে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। সহকর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশের তৈরি করা সুরতহাল প্রতিবেদনেও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, আজ (শনিবার) আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
৩৩ দিন আগে
নাটোরে ফসলি জমিতে পানি প্রবেশ ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অস্থায়ী বাঁধ নির্মাণ
উজানের পানি প্রবাহের কারণে নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে। ফলে ওই এলাকায় আত্রাই অববাহিকার বিভিন্ন পয়েন্ট দিয়ে চলনবিলে পানি প্রবেশ ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অস্থায়ী বাঁধ নির্মাণ করছেন স্থানীয় কৃষক ও উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলনবিলে পানি প্রবেশ করতে থাকায় পাকা বোরো ধান নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। কৃষকদের সহায়তায় উপজেলা প্রশাসন ইতোমধ্যেই উপজেলার জোড় মল্লিকা সেতু পয়েন্টে নদীর পানি ঠেকাতে অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে।
এছাড়া হাঁসপুকুড়িয়া নষ্ট স্লুইস গেটে দিয়ে বিলে পানি প্রবেশ ঠেকাতে কৃষকরা নিজ উদ্যোগে মাটির বস্তা ফেলে স্লুইস গেট বন্ধ করে দিয়েছেন। আত্রাই নদীর পাটকোল বেইলি সেতু পয়েন্ট দিয়ে পানি প্রবেশ ঠেকাতে সেখানেও আস্থায়ী বাঁধ নির্মাণ করেছেন স্থানীয় কৃষকরা। বন্ধ করে দেওয়া হয়েছে দুই স্লুইস গেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, ইতোমধ্যেই চলনবিলের ৫০ শতাংশ ধান কেটে নেওয়া হয়েছে। অবশিষ্ট ধান কেটে ঘরে তোলার কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিলে পানি প্রবেশের সবগুলো পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।
৩৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো র্যাব-৫-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকার একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেওয়ালের পাশে সন্দেহজনকভাবে একটি ব্যাগ পড়ে রয়েছে। পরে গতকাল (বুধবার) সন্ধার সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে একটি কাপড়ের বাজারের ব্যাগ থেকে ১টি দেশীয় বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৫ দিন আগে