রংপুর
রংপুরে বিষাক্ত মদ্যপান: চলে গেলেন বাকি দুজনও
রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মদ্যপানে বাকি দুজনও মারা গেছেন। এর ফলে এ ঘটনায় অসুস্থ হয়ে একে একে পাঁজনেরই মৃত্যু হলো।
বুধবার (৩ জুন) রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দুলা মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়। বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মাহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৩১ মে) রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় বাকিদের মৃত্যু হয়।
গত সোমবার (১ জুন) হাসপাতালে বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়ার (৫৫) মৃত্যু হয়। এরপর মঙ্গলবার (২ জুন) সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০)। আর সবশেষ গতকাল (বুধবার) রাতে মৃত্যু হয় দুলা মিয়ার।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে এলাকায় লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে সাবধান করা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে
‘মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করতে চায় সরকার’
ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় সরকার চালু করতে চায়। তাই এর সম্ভববতা যাচাই করতে প্রাথমিক পর্যায়ে পরিদর্শন করতে এসেছি বলে মন্তব্য করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
বৃহস্পতিবার (৪ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলায় অবস্থিত পরিত্যাক্ত মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বন্দর চেয়ারম্যান বলেন, মোগলহাট স্থলবন্দরটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী। একটা সময় এ বন্দর দিয়ে মানুষের যাতায়াত ছিল, যানবাহন ও পন্যেরও যাতায়াত ছিল। এটি পুনরায় চালু করতে সরকার উদ্যোগ নিতে চায়। ভবিষ্যতে এটি নিয়ে কীভাবে কাজ করা যায় তার সম্ভবতা যাচাই করতেই প্রাথমিক পরিদর্শন করতে এসেছি। এ বন্দর বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গেও একটু আগে আমার কথা হয়েছে। মুলত, এটি প্রাথমিক পর্যায়ের একটি পরির্দশন।
এ সময় তার সঙ্গে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এক দিনের সরকারী এই সফরে আজ (বৃহস্পতিবার) সকালে লালমনিরহাট পৌঁছান তিনি। এ সময়ে পরিত্যাক্ত বন্দরটির বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা ঘুরে ঘুরে দেখেন তিনি।
২২ ঘণ্টা আগে
দিনাজপুরে ট্রাকচাপায় ভাই নিহত, বোন আহত
দিনাজপুরের নবাবগঞ্জে একটি মক্তবে পড়তে যাবার সময় ট্রাকচাপায় ছোট ভাই আল আমিন নিহত এবং গুরুত্বর আহত হয়েছে ১২ বছর বয়সী বড় বোন সুমনা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নবাবগঞ্জের ভাদুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ ট্রাক জব্দ করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
নিহত আল আমিন (১০) এবং আহত সুমনা নবাবগঞ্জের ভাদুরিয়ার শামিমের সন্তান।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক সাজেদুল জানান, সকালে পায়ে হেঁটে দুই ভাইবোন স্থানীয় মক্তবে আরবি পড়তে যাবার সময় দিনাজপুরমুখী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলে আল আমিন নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় তার বড় বোন সুমনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
২২ ঘণ্টা আগে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। একটা মহল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন। তারেক রহমান নেতৃত্বে আমরা যখন দেশে নতুন করে কাজ শুরু করেছি, তখন যেন আবার বিভ্রান্ত না হই।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত দেশের সমস্যাগুলো সমাধান করতে কাজ করছেন। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম।… সব কাজ সম্পন্ন করতে আমরা চেষ্টা করছি। রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। আপনাদের ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, এ সরকারের বয়স মাত্র ৩ মাস। এই ৩ মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। তারেক রহমানের সরকার, কথার সরকার। তিনি যে কথাগুলো দিয়েছেন, আমরা সেই কথাগুলো পালন করার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি। তিনি কৃষক কার্ডের কথা বলেছেন, সেটাও শুরু করেছি। খাল খনন কর্মসূচিও শুরু করেছি আমরা। তিনি যে কথাগুলো দিয়েছিলেন আমরা তার প্রত্যেকটি পূরণ করবার জন্য চেষ্টা করে যাচ্ছি।
নারী সমাজের প্রতি আবেদন রেখে মির্জা ফখরুল বলেন, রুহিয়ায় নারী সমাজ বেশ সুসংগঠিত। তাদের আরও সংগঠিত হতে হবে যাতে তারা তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে পারে।
যুবকদের বিপথে চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আজকে খুব দুঃখ হয়— যখন দেখি, শুনি আমাদের তরুণরা-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদের মুক্ত হতে হবে।
তরুণ-যুবকদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমি তরুণ যুবকদের অনুরোধ করব তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে। মাদক থেকে দূরে থাকার জন্য তারা যেন একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে। এটা খুবই জরুরি।
রুহিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই দিনে প্রয়াত নেতাদের স্মরণ করে তিনি বলেন, অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই। তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের অবদান রুহিয়ার মানুষ চিরদিন মনে রাখবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
১ দিন আগে
রংপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, অসুস্থ আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২ জন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
রবিবার (৩১ মে) দিবাগত রাতে বালারহাট বাজারে কয়েকজন মিলে মদ্যপান করার পর ওই তিনজনের মৃত্যু হয়।
মদ্যপানে নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০) একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) দিবাগত রাতে বালারহাট বাজারে কয়েকজন মিলে মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। মদ থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়লেও মদ্যপানকারীরা বিষয়টি বুঝতে পারেননি। তারা অন্যান্য সময়ের মতোই মদ্যপান করে নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার আগেই ২ জনের মৃত্যু হয়। অপরজন আজ (সোমবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ছাড়াও আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলীর মৃত্যু হয়। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন আকলিমা বেগমের বাড়িতে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, তারা মদ্যপান করেই মারা গিয়েছেন। মরদেহের যাতে ময়নাতদন্ত করাতে না হয়, সেজন্য পরিবারের লোকজন বিষয়টা গোপন করার চেষ্টা করছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর থানার ওসি এরশাদ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা এবং তদন্ত চলমান রয়েছে।
৩ দিন আগে
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল ও দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন— নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত এবং বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়া।
নিহতদের স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মুহিত বাড়িতে আইপিএসে ব্যাটারির সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। অনুষ্ঠানের সাউন্ড বক্সের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন সাবু মিয়া। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
একই দিনে পৃথক দুই যুবকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুইজনের মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩ দিন আগে
দিনাজপুরে লিচুর লোভ দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের দাবি, আজ (রবিবার) জনি মাস্টারের বাগানে সকালে লিচু কুড়াতে গিয়েছিল ভুক্তভোগী শিশু। রহিম ঋশি ওই লিচু বাগানের পাহারাদার। এ সময় তার হাতে কিছু লিচু তুলে দিয়ে তাকে পাশ্ববর্তী ভূট্টাখেতে নিয়ে যান রহিম। এ সময় তাকে ধর্ষণ করতে গেলে শিশুটির চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। এরপর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় রহিম ঋশিকে আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
রংপুরে চিরকুটসহ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
রংপুরের পীরগাছা উপজেলায় রেললাইনের পাশে চিরকুটসহ এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মে) দুপুরে পীরগাছা উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেটের মধ্যবর্তী স্থানে ট্রেনের নিচে মাথা দিয়ে এক যুবক আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বিষয়টি পীরগাছা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের পাশে পাওয়া একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন। মরদেহের হাতে মেহেদি দিয়ে লেখা ছিল হোসাইন। তবে প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম মুন বলেন, মরদেহের এখনও পুরোপুরি পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
৪ দিন আগে
অধিকাংশ চরাঞ্চলে নেই ঈদের আনন্দ, হয়নি পশু কোরবানি
উত্তরের নদীবেষ্টিত চরাঞ্চলে এবার ঈদুল আজহা এসেছে নিঃশব্দ বেদনা হয়ে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীর বুকে ছড়িয়ে থাকা শত শত চরে নেই উৎসবের রঙ, কোরবানির আনন্দ। কোথাও ঈদের দিনেও হাঁড়িতে ওঠেনি মাংস, কোথাও আবার নদীভাঙনের আতঙ্কে মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে বসতভিটা।
রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় প্রায় ৭০০টি চর রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চর কুড়িগ্রামে, প্রায় ৪৫০টি। প্রতিটি চরে বসবাস করে ১৫০ থেকে ৫০০ পরিবার। এসব চরবাসীর প্রধান জীবিকা কৃষিকাজ। কিন্তু এবার আলু, ধান, ভুট্টাসহ প্রায় সব ফসলেই লোকসানের কারণে ঈদের আনন্দ যেন হারিয়ে গেছে। অধিকাংশ চরেই হয়নি পশু কোরবানি।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধান এলাকার কৃষক মকবুল হোসেনের বয়স এখন ৬৮। জীবনের বেশিরভাগ সময় কেটেছে মাঠে-ঘাটে। কিন্তু এবারের ঈদ তার কাছে উৎসব নয়, বরং দীর্ঘশ্বাসের আরেকটি দিন। উঠানে ধান শুকালেও ঘরে নেই ঈদের আনন্দ, শিশুদের নতুন জামার হাসিও নেই।
১১ বিঘা জমিতে আলুচাষ করে ৩ লাখ টাকার বেশি লোকসান গুনেছেন তিনি। এখনও তার মাথায় আড়াই লাখ টাকার ঋণ। ভেবেছিলেন বোরো ধান হয়তো কিছুটা স্বস্তি দেবে। কিন্তু ভালো ফলন হলেও বাজারদর তাকে আরও হতাশ করেছে।
মকবুল হোসেন বলেন, ‘প্রতি মণ ধান উৎপাদনে খরচ পড়েছে প্রায় ৯৫০ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। ধান, আলু, ভুট্টা—সবখানেই লোকসান। কয়েক দফা কালবৈশাখীতে সবজিও নষ্ট হয়ে গেছে। কৃষিকাজে এবার শুধু ক্ষতি আর ক্ষতি। মনে কোনো শান্তি নেই। ঈদের আনন্দও নেই।’
লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীর বুকে দ্বীপচর ফলিমারীতে প্রায় ৩০০ পরিবারের বসবাস। গত কয়েকদিন ধরে নদীভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো চরে। ঈদের দিনেও নদীর তীরে চলেছে ভাঙন। ফলে উৎসবের বদলে উৎকণ্ঠাই এখন সঙ্গী। গত বছর এই চরে দুটি গরু ও তিনটি ছাগল কোরবানি হলেও এবার কোনো পশু কোরবানি হয়নি।
৭ দিন আগে
ঈদের দিন দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ঝরল দুই শিশুর প্রাণ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু দুটির মা ফরিদা বেগম (২৫) ও দুলালী বেগম (২০)। অটোরিকশাচালকও এ ঘটনায় সামান্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন ভোর সোয়া ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুল্লাহ (৪) জয়পুরহাটের পাঁচবিবির রশিদপুর গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে। নিহত আরেক শিশু আরিফা (৪) দিনাজপুরের হাকিমপুরের বারো আরিয়া মাটিকাটা গ্রামের আল আমিনের মেয়ে ছিল সে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে বিকল্প কোচে চড়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়ান এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিল দুই পরিবারের দুই শিশুসহ দুই নারী। গোবিন্দগঞ্জে কোচ থেকে নেমে অটোরিকশায় চড়ে গন্তব্যে যাবার সময় ঘোড়াঘাটের কানাগাড়ী বাজার হাইওয়ে এলাকায় ভোর সোয়া ৪টার দিকে বৃষ্টির কারণে ধীরগতিতে চলা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শিশুদুটিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎক।
এছাড়া ওই দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
৭ দিন আগে