রংপুর
লালমনিরহাটে তিস্তায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজছাত্র মুহিদ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। তিনি সম্প্রতি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে চার বন্ধুসহ তিস্তা নদীতে গোসল করতে নামেন মুহিদ। এক পর্যায়ে স্রোতের তোড়ে মুহিদ নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা তিন বন্ধু নদী থেকে উঠতে পারলেও মুহিদ নিখোঁজ হন। এরপর খবর পেয়ে স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। বিকাল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার শরিফুল ইসলাম জানান, রংপুর থেকে ডুবুরি দল নেওয়া হয়েছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তার সন্ধান মেলেনি।
১৮৫ দিন আগে
কুড়িগ্রামে ৬২৯ কোটি টাকার ধরলা প্রকল্পে ধস, আতঙ্কে হাজারো পরিবার
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। এতে বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন আশপাশের বাসিন্দারা।
শুক্রবার (৩০ আগস্ট) রাত থেকে প্রায় ৩৫০ মিটার দীর্ঘ বাঁধটির ৩০ মিটার অংশে একের পর এক সিসি ব্লক ধসে পড়ছে। এতে ঝুঁকিতে রয়েছে সহস্রাধিক পরিবার ও কয়েক হাজার হেক্টর আবাদি জমি।
স্থানীয়রা জানান, একের পর এক সিসি ব্লক দেবে যেতে দেখে তারা অসহায় হয়ে পড়েছেন। বাঁধ রক্ষায় জরুরি ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অবহেলার কারণে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ইতোমধ্যে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে বাঁধ রক্ষার চেষ্টা করছে। তবে স্থানীয়দের অভিযোগ, ডাম্পিং জোনে পর্যাপ্ত সিসি ব্লক ফেলা হয়নি। ফলে পানির প্রবল স্রোত বাঁধটিকে আঘাত করছে এবং ধসের ঝুঁকি বাড়ছে।
সারডোব গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘এই বাঁধ আমাদের রক্ষার কবচ। ধসে গেলে কয়েক হাজার হেক্টর আবাদি জমি ও সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ২০২২ সালের বন্যার ক্ষতি আমরা এখনও সামলে উঠতে পারিনি। এবার যদি বাঁধ ভেঙে যায়, গ্রামটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে।’
কৃষক আব্দুল হোসনের অভিযোগ করে বলেন, ‘বাঁধের কাজে অনিয়ম হয়েছে। প্রয়োজনীয় সিসি ব্লক না ফেলার কারণে বাঁধ এখন স্রোতের আঘাত সহ্য করতে পারছে না। বাঁধটি যদি রক্ষা না হয়, আমরা নিঃস্ব হয়ে যাব।’
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মুন্না হক বলেন, ‘উজানে চর জেগে ওঠায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে স্রোত সরাসরি বাঁধে আঘাত করছে। এ কারণে বাঁধের কিছু অংশ দেবে গেছে।’
তিনি বলেন, ‘আমরা আপাতত জিও ব্যাগ ফেলছি। পানি কমে গেলে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ধসে যাওয়া প্রকল্প এলাকায় রংপুরের ঠিকাদার হাসিবুল হাসান কাজ করেছেন, তবে কাজ হস্তান্তর হয়নি। বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ দায়ভার ঠিকাদারকেই নিতে হবে।
তিরি আরও বলেন, ‘আমরা সর্বদা বাঁধটির ওপর নজর রাখছি। আপাতত জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষা করা হচ্ছে। পানি নেমে গেলে নিয়ম অনুযায়ী মেরামত করা হবে।’
আরও পড়ুন: কাজ শেষ হওয়ার আগেই রংপুরে নদী তীর রক্ষা বাঁধে ধস
কুড়িগ্রামে ধরলা নদীর তীর সংরক্ষণের জন্য ২০২০ সালে ৬২৯ কোটি টাকার ‘ধরলা প্রকল্প’ হাতে নেওয়া হয়। এর আওতায় ২০ কিলোমিটার ২৯০ মিটার নদীতীর সংরক্ষণ, ১৭ কিলোমিটার ৯০০ মিটার বিকল্প বাঁধ নির্মাণ এবং ১৪ কিলোমিটার ৮৮৯ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করছে পানি উন্নয়ন বোর্ড।
এই প্রকল্পের ফলে প্রায় ২২ হাজার ৪০০ পরিবার, ৫০টি হাট-বাজার, ৩০টি নৌ-ঘাট ও ১০ হাজার হেক্টর আবাদি জমি বন্যার কবল থেকে রক্ষা পেয়েছে। তবে সারডোব গ্রামের বাঁধে নতুন করে ধসের শঙ্কা প্রকল্প বাস্তবায়নে প্রশ্ন তুলছে।
১৮৭ দিন আগে
বেরোবিতে প্রভোস্ট ছাড়া হল, খাবারে বড় পোকা পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন এক আবাসিক শিক্ষার্থী।
রবিবার (৩১ আগস্ট) দুপুরের খাবারের সময় হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে। খাবারের মধ্যে বড় আকৃতির একটি কেঁচোর মতো পোকা দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, ‘আমি খাবার নিয়ে খেতে বসার সময়ই দেখি বড় একটা পোকা। দেখতে অনেকটা কেঁচোর মতো। এরপর আর খেতে ইচ্ছা করেনি। এগুলো দেখার পর খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। সব খাবার ফেলে দিয়ে রুমমেটের খাবার খেতে হয়েছে।’ আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, গত এক মাস থেকে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়াই চলছে হল। কোনো কিছু দেখা শোনার কেউ নাই। অব্যবস্থাপনায় চলছে হল। আরেক শিক্ষার্থী মোকছেদুল মমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ দেখলাম খাবারে ২-৩ ইঞ্চি লম্বা কেঁচো। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই।’
তিনি আরও বলেন, ‘লাইভ স্ট্রিমিং কিংবা কলে কথা বলতেও মিনিটে মিনিটে নেট বাফারিং। ওয়াইফাই সমস্যা আর কাটছেই না। হলের ছোট একটা গেস্টরুম সেটা ঠিকঠাক করার দিকে কোনো নজর নাই। স্টুডেন্টদের রিডিং রুমে জায়গা সংকুলান, মাঝেমধ্যে এটা ওটা নষ্ট হচ্ছে এগুলো নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নাই। বড় কথা হলের প্রভোস্টই নাই। আমরা আর কতদিন এভাবে চলবো নানান সমস্যার মধ্য দিয়ে। ডাইনিংয়ের উন্নয়নের বিষয়সহ অন্যান্য সব সমস্যার বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
আরও পড়ুন: বেরোবিতে ছাত্র সংসদের নামে ৪৫ লাখ টাকা লোপাটের অভিযোগ
এ বিষয়ে ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, ‘শাকে এত বড় পোকা পাওয়া রীতিমতো অসম্ভব। শাক ধোয়া হয় তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এইটা তো হাতেও লাগার কথা। এটি পরিকল্পিত কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।’
১৮৭ দিন আগে
রাণীশংকৈলে নদীতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কুলিক নদীতে ডুবে সায়ন হোসেন (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়ন হোসেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নীলফামারীর কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কুলিক নদীতে জিও ব্যাগ দিয়ে পাড় বাঁধার কাজ চলছিল। শিশু সায়ন সেখানে কাজ দেখতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
১৯৪ দিন আগে
ঠাকুরগাঁওয়ে সরকারি সারবোঝাই ট্রাক জব্দ
ঠাকুরগাঁওয়ে ৩০০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার জব্দ করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে ঠাকুরগাঁও জেলা শহর থেকে একটি ট্রাক রায়পুর ইউনিয়নের দেহন ময়দানবাজার এলাকায় পৌঁছালে সেটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। ট্রাকটিতে সার রয়েছে বুঝতে পেরে তারা চালক ও সহকারীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি এবং পরে কৌশলে পালিয়ে যান।
এরপর খবর পেয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কৃষি কর্মকর্তা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: যৌথবাহিনী অভিযানে লক্ষ্মীপুরে বিভিন্ন অস্ত্রসহ মাদকদ্রব্য জব্দ, আটক ৩
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ‘স্থানীয় লোকজন ফোন করে জানায় যে তারা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে। পরে ঘটনাস্থলে এসে ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, ৩০০ বস্তা সার অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় স্থানীরা সারসহ ট্রাকটি জব্দ করেছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তারা আগেই পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বলেও জানান ওসি।
১৯৮ দিন আগে
ডিমলায় নদীভাঙনে ঘরহারা শতাধিক পরিবার
তিস্তা নদীর পানি কমতে শুরু করায় নীলফামারীর ডিমলায় নদীভাঙন শুরু হয়েছে। গত দু’দিনে উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের কিসামত ছাতনাই, বাইশপুকুর ও পূর্বখড়িবাড়ী এলাকায় শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিমলার পাঁচটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এ সময় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ১৫ আগস্ট থেকে নদীর পানি কমতে শুরু করলে সঙ্গে সঙ্গে নদীভাঙনও শুরু হয়।
ভাঙনের শিকার জয়নাল, কোরবান আলী, মজিবর রহমান, আবুল কাসেম, রায়হান, দুদু মন্ডল, আব্দুল কাদের, সিরাজুল, জাহিদুলসহ অনেকে জানান, গত দু’দিনে তাদের মতো অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বাড়িঘর হারিয়ে সবাই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গ্রোয়েন ও স্পার বাঁধসহ অন্যের জমিতে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: চাঁপাইয়ে পদ্মার পানি সরলেও দুর্ভোগ কমেনি
খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ‘ভাঙন কবলিত এলাকায় ত্রাণ হিসেবে চাল, ডাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, ‘ভাঙন কবলিতদের তালিকা করা হচ্ছে। যে কোনো সরকারি সহায়তা পেলে তা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া বিভাগীয় প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘ভাঙন ঠেকাতে ইতোমধ্যে কিছু কাজ চলমান রয়েছে। এ ছাড়াও যদি কোথাও তীব্র ভাঙন দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
২০১ দিন আগে
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নজিরের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নজরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতলগ্রাম ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত তোফজ্জল ইসলামের ছেলে।
আরও পড়ুন: জয়পুরহাটে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে শীতল গ্রামে তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন নজরুল। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। এদিকে, রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজে না পেলেও আজ সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গত রাতে বাড়ির পাশেই দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। হত্যার কারণ এখনো জানা যায়নি, তবে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
২০১ দিন আগে
জন্মাষ্টমী: হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আজ (শনিবার) বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিএঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, আজ শনিবার সারা দেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শুভ জন্মাষ্টমী উদযাপন করছে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল (রবিবার) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পারবেন।’
এ বিষয়ে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, সরকারি ছুটির কারণে আজ কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকবে। তবে আগামীকাল থেকে কাস্টমস অফিস খোলাসহ পণ্য আমদানি-রপ্তানিও পুনরায় শুরু হবে।
২০৩ দিন আগে
রংপুরে হত্যাচেষ্টা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিরও সদস্য।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।
আরও পড়ুন: রাজবাড়ীর পাংশা উপজেলা আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৭
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে আতাউর জামান আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার অভিযোগ রয়েছে।
ওসি আতাউর রহমান জানান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার এক নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার পাঁচ নম্বর আসামি। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে।
২০৪ দিন আগে
চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুই ব্যক্তিকে সংঘবদ্ধ পিটুনি দিয়ে হত্যার ঘটনায় দুই উপপরিদর্শকসহ (এসআই) মোট আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে গঠিত হয়েছে কমিটি।
দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার (১৩ আগস্ট) রাতে রংপুর পুলিশ সুপারের নির্দেশে ওই আটজনকে বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, এসআই সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধীরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দিন ঘটনার সময়ে তারা তারাগঞ্জ থানায় মোবাইল টিমের দায়িত্বে ছিলেন।
সেই সঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে।
এ বিষয়ে রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, ঘটনার সময় তারাগঞ্জ থানা এবং পুলিশ লাইনসের দুটি দল সেখানে গিয়েছিল। কিন্তু উত্তেজিত জনতার সংখ্যা বেশি হওয়ায় তারা পরিস্থিতি সামাল দিতে পারেনি।
তিনি বলেন, এ বিষয়ে তাদের দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে ২ এসআই ও ৬ কনেস্টেবলকে সাময়িক বরখাস্ত ও ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে ‘সি’ সার্কেল সহকারি পুলিশ সুপার আসিফা আফরোজ আদুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে জামাই-শ্বশুর হত্যায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা, মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ
গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাস নামের দুজনকে আটক করে পিটিয়ে হত্যা করে এলাকার উচ্ছৃঙ্খল জনতা।
স্থানীয়রা জানান, রূপলাল দাসের বড় মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লাল চাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। গত রোববার তার বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে রূপলাল দাসের ভাগনি-জামাই প্রদীপ দাস শনিবার রূপলাল দাসের বাড়ির দিকে রওনা হন। কিন্তু তারাগঞ্জে এসে গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় পৌঁছে রূপলাল দাসকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনে রিকশাভ্যানে চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে রওনা দেন।
রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে তাদের এলাকার কয়েকজন আটক করেন। এরপর সেখানে লোকজড়ো হতে থাকেন। একপর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে চারটি প্লাস্টিকের ছোট বোতল বের করেন স্থানীয় লোকজন। এর একটি বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান। এতে লোকজনের সন্দেহ বেড়ে যায়।
এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে উপস্থিত হন। এরপর সংঘবদ্ধ পিটুনিতে গুরুতর আহত হন তারা। পরে পুলিশ তাদের তারাগঞ্জ হাসপাতালে নেয়। সেখানে আহত কাকাশ্বশুর রুপলাল রবিদাসকে (৪০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন (১০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রদীপ লাল (৪৫)।
আরও পড়ুন: পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত
এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা জড়িতদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তি দাবি করেন।
এ ঘটনায় রুপলালের স্ত্রী মালতি রানী ওরফে ভারতী রানী অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
২০৫ দিন আগে