আওয়ামী-লীগ
ইসরায়েলি এজেন্টদের সঙ্গে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী
গত নির্বাচনে বিএনপির চক্রান্ত ভেস্তে যাওয়ায় তারা এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে' এ অভিযোগ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ফিলিস্তিনিদের হত্যা বন্ধে কোনো প্রতিবাদ না করে বিএনপি-জামায়াত ধর্মীয় "সেন্টিমেন্ট" নিয়ে অপরাজনীতি করছে। ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে, নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। এদের মুখোশ উন্মোচন করতে হবে।'
আরও পড়ুন: সাম্প্রদায়িকতা ও কূপমণ্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ: পররাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, 'পুরো পৃথিবী গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সোচ্চার হয়েছে। কিন্তু বিএনপি ও জামায়াত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করে, এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তারা একটা শব্দও উচ্চারণ করেনি। কারণ কেউ অসন্তুষ্ট হতে পারে।'
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ থাকা ইসলামি দলগুলোরও সমালোচনা করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, কিছু ইসলামি দল আছে যারা কারণে-অকারণে বায়তুল মোকাররমে দাঁড়িয়ে যায়। এখন তাদের পাওয়া যাচ্ছে না।
ড. হাছান প্রশ্ন তোলেন, ‘আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনারা কোথায় এখন? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য বায়তুল মুকাররমের সামনে এসে আন্দোলন করেন। ফিলিস্তিনি ভাইদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে তো একটা বড় মিছিল করতে দেখলাম না আপনাদের।'
তিনি আরও বলেন, এরা ইসলামপ্রেমী নয়, এরা হলো মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। এদের মুখোশও উন্মোচন করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, 'সরকারের সমালোচনাকারী নামসর্বস্ব রাজনৈতিক দলের নেতাদের অনেকেরই দলের চেয়ে ব্যক্তি বড়, শরীরের চেয়ে গাল বড়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেককেই দেখি সরকারের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয়, বিষোদগার করে। কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে তো তাদের কথা বলতে শুনলাম না।’
ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান বলেন, বাংলাদেশের সরকার ও মানুষের অবস্থান সবসময় ফিলিস্তিনিদের পক্ষে। আমাদের নীতি ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, স্বাধীনতা পরিষদের নেতা ফরিদুজ্জামান, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান।
আরও পড়ুন: বিএনপি যে কখন তাবিজ-দোয়ার ওপর ভর করে সেটিই প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী
৭৫১ দিন আগে
বিএনপির সমাবেশ মানেই অগ্নিসংযোগ-ধ্বংসযজ্ঞ-রক্তপাত: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশ মানেই অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ ও রক্তপাত।
তিনি আরও বলেন, ‘এজন্য জনগণের জানমাল রক্ষায় আমাদের সক্রিয় থাকতে হবে এবং মাঠে থাকতে হবে।’
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় এ কথা বলেন তিনি।
নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে: হাছান মাহমুদ
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেয় না বরং জনগণের নিরাপত্তার জন্য দলের নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে।
তাই এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: বিএনপিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিৎ: কাদের
উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'এবারে যে ভোট পড়ছে খুব ভালো ভোট পড়েছে বলব না, মোটামুটি পড়েছে। বিএনপির অনেক নেতা দলের ভোট বর্জনকে প্রত্যাখ্যান করে নির্বাচনে অংশ নিয়েছে। পার্টিতে কেউ কারো কথা শোনে না। বিএনপি প্রকৃতপক্ষে ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে। ইতিবাচক রাজনীতিতে না ফেরা পর্যন্ত তারা কিছুই অর্জন করতে পারবে না।’
বিএনপির শাসনামলে কোনো নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে কি-না তা নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সেখানে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এই শান্তিপূর্ণ নির্বাচনের কৃতিত্ব নির্বাচন কমিশন ও সরকারকে দিতে হবে।
'দেশের জনগণকে নয়, প্রতিবেশী দেশকে খুশি করেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে' বিএনপি নেতা গয়েশ্বরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'ভারত আমাদের প্রতিবেশী দেশ ও পরীক্ষিত বন্ধু। তারা আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেনি। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়েই ক্ষমতায় টিকে আছে, ভারতকে তুষ্ট করে নয়, ভারতের দয়ায় নয়।’
তিনি আরও বলেন, ‘৭৫-এর পর অনেক বছর আমরা ক্ষমতায় ছিলাম না, তখন ভারত কোথায় ছিল? ভারত কি আমাদের ক্ষমতায় বসিয়েছে?’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আছি, ভারতকে খুশি করে নয়।’
সভায় আরও ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি।
আরও পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে হবে: কাদের
৭৫৫ দিন আগে
সন্তোষজনক ভোটার উপস্থিতিতে স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে: হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বিএনপির আহ্বানে ভোটাররা কর্ণপাত করেনি এবং সন্তোষজনক ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি বলব ভোটার উপস্থিতি খুবই সন্তোষজনক ছিল।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই অঞ্চলের মধ্যে ভারত, নেপাল ও পাকিস্তানেও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: বিএনপিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিৎ: কাদের
তিনি বলেন, দেশের অন্যান্য নির্বাচন এবং এ অঞ্চলের অন্য দেশের নির্বাচনের তুলনায় বাংলাদেশে সহিংসতার মাত্রা খুবই কম। 'শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।'
হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন বর্জন করে ভোটারদের ভোট বর্জনের আহ্বান জানালেও ভোটাররা সেই আহ্বানে কর্ণপাত করেনি।
তিনি বলেন, 'তাদের প্রার্থীরাও কথা শোনেনি এবং তারা নির্বাচনে অংশ নিয়েছে। তাই নির্বাচন অত্যন্ত সন্তোষজনক হয়েছে।'
আরও পড়ুন: বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে: হাছান মাহমুদ
৭৫৬ দিন আগে
বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে: হাছান মাহমুদ
একের পর এক নির্বাচন বর্জন করে নির্বাচনভীতি থেকে বিএনপির আকার ছোট হয়ে আসছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা এখন নিয়ম হয়ে গেছে। বিএনপির নেতাদের কাছে আমার প্রশ্ন, বিএনপির এমন রাজনীতি তারা আর কতদিন করবে, যে রাজনীতি তাদের কোনো নির্বাচনে অংশ নিতে দেয় না। এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’
বিএনপির উপজেলা, ইউনিয়ন পরিষদ ও সংসদ নির্বাচন বর্জনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটি আত্মহননমূলক পথ অনুসরণ করছে।
ক্রমাগত নির্বাচন থেকে দূরে থাকলে কোনো দল গণমানুষের দল হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য বিএনপি কারওয়ান বাজারসহ রাজধানীর অন্যান্য স্থানে লিফলেট বিতরণ করছে।
তিনি আরও বলেন, কখন যে তারা বাংলাদেশের দূতাবাসগুলোতে লিফলেট বিতরণ শুরু করে- তা বলা যাচ্ছে না।
গত ১৩ দিনে একাধিক দেশে সফরের বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মইনুল কবীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
৭৫৭ দিন আগে
বিএনপিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিৎ: কাদের
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশের যে উন্নতি, যে উচ্চতা- তা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হোন। তিনি (শাহবাজ শরীফ) বলেছেন, তৎকালীন পাকিস্তানের যে অংশকে দেশটির নেতারা বোঝা মনে করতেন সেই ‘বোঝা’ উন্নয়ন-অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করুক না কেন। তাদের শাহবাজ শরীফের এ বক্তব্য থেকে প্রকৃত সত্য অনুধাবন ও শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। আর বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না। দেশের উন্নয়ন নিয়ে এতো হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতাটা বোঝা উচিত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে কথায় কথায় তারা ডামি নির্বাচনের কথা বলে। কিন্তু বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে অকার্যকর হয়ে নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
তিনি বলেন, তারা(বিএনপি) মনে করেছিল, বিএনপি নির্বাচনে অংশ না নিলে সরকার বৈধতা পাবে না। কিন্তু হয়েছে উল্টো। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে ২৩১ টি নির্বাচন হয়েছে। যেখানে ভোট পড়েছে ৬০ শতাংশ।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র এবং নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। এই নির্বাচনে বিএনপি'র কেউ অংশ নিলে তাতে সমর্থন কিংবা বিরোধিতা কোনটাই করবে না আওয়ামী লীগ। বিএনপির ব্যাপার বিএনপিই দেখবে।
উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য প্রসঙ্গে কাদের বলেন, প্রার্থিতা প্রত্যাহারের এখনো সময় আছে। শেষ দিন পর্যন্ত দেখতে হবে। দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা সময় মতো নেওয়া হবে।
আরও পড়ুন: বুয়েটকে নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড ও জঙ্গিবাদের আঁতুড়ঘর হতে দেওয়া যাবে না: কাদের
উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ এবং সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন - সাংবাদিকদের এমন প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংঘাতের আশঙ্কা করতে পারেন। তবে সংঘাত যেন না হয় আমাদের প্রয়াস অব্যাহত আছে।
এ সময় বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
তিনি বলেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা মানবাধিকারের কোন পর্যায়ে গেছে? প্রতিদিন সেখানে মানুষ মারছে। কারো কথারই তোয়াক্কা করছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবও মানছে না। সেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ফান্ডে ইসরায়েলের অংশের অনুমোদন ইতোমধ্যে দিয়েছে। তার মানে যুদ্ধের উস্কানিতে সহযোগিতা করছে। আগে তারা ইসরায়েলের গণহত্যাটি মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা, এ ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার করুক। তারপর অন্যদের হেদায়েত করুক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।
আরও পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে হবে: কাদের
৭৬৯ দিন আগে
সন্ত্রাসমূলক অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি : ড. হাছান মাহমুদ
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করলেও বিএনপি তাদের কর্মী বলে দাবি করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানিসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয়। বিএনপি নেতা মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা গ্রেপ্তারের যে হিসাব দিচ্ছেন, তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত যারা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, পুলিশের খাতায় যারা অপরাধী, তাদেরকে বিএনপির কর্মী বলে দাবি করছে। বিএনপি নেতাদের কথায় সেটাই মনে হচ্ছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৪তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপির কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেগুলো গাড়ি পোড়ানো, পুলিশ এবং জনগণের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন আছে।
সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ড. হাছান বলেন, আমরা চোরাবালির ওপর দাঁড়িয়ে আছি, এটা গত ১৫ বছর ধরে শুনতে পাচ্ছি। চোরাবালিটা এত শক্ত যে, তাদেরকে আরও বহু বছর অপেক্ষা করতে হবে।
বিএনপি নিজের দলটাকে টিকিয়ে রাখার জন্য গতানুগতিক কিছু কর্মসূচি পালন করে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ি যখন বসে যায় তখন সেটির ব্যাটারি মাঝেমধ্যে স্টার্টে রাখতে হয়। বিএনপিও পুরনো গাড়ির মতো বসে গেছে। বসে যাওয়াতে তারা গাড়ি স্টার্টে রাখার জন্য মাঝেমধ্যে দলটাকে স্টার্ট দেয় এবং সেজন্য কিছু গতানুগতিক কর্মসূচি পালন করে।
এর আগে ১৪তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. হাছান। চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, শামীমা হারুন লুবনা এমপি প্রমুখ বক্তব্য দেনন।
৭৭৫ দিন আগে
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী জিয়া, অথচ ১৭ এপ্রিল পালন করে না বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না।
গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত নবম 'আওয়ার ওশান কনফারেন্সে' যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে 'নভোটেল এথেন্স' হোটেল বলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তার প্রমাণ হয়।’
আরও পড়ুন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা অর্থাৎ বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগের মধ্য রাতে দেশি-বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেসক্লাবে সমবেত হতে বলা হয়। গোপনীয়তার মধ্যে তাদেরকে পরদিন সকালে মুজিবনগরে পৌঁছানো হয়, যেখান থেকে তারা সংবাদ পরিবেশন করেন।
অনুষ্ঠানে গ্রিস প্রবাসী বাংলাদেশিদের আইনানুগ ও পরিশ্রমী জীবনের জন্য নিজের ও গ্রিক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসার কথা জানিয়ে এই সুনাম অক্ষুণ্ণ রাখতে ও সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আহ্বান জানান হাছান মাহমুদ।
তিনি জানান, গ্রিক পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বৈঠকে জানিয়েছেন- গ্রিস আরও ৬টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
আরও পড়ুন: ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনসহ গাজায় হত্যাযজ্ঞ বন্ধ চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গ্রিস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩০টিরও বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ সময় হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান।
গ্রিস আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদারের সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালেদ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস নেতাদের মধ্যে গোলাম মওলা, হাজী আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক মাতুব্বর, আহসান উল্লাহ হাসান, শেখ আল আমিন, আব্দুল কুদ্দুস মাতুব্বর, রায়হান খান, মিজানুর রহমান আলফা প্রমুখ সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
আরও পড়ুন: দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর হওয়ার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর
৭৭৭ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। আর সে লক্ষ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা সড়কের মাধ্যমে ইতোমধ্যে জেলা শহরের চিত্র অনেকটা বদলেছে। পরিকল্পিত শহর ব্যবস্থা গড়ে উঠছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অন্নদা ঈদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর হওয়ার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর
মন্ত্রী বলেন, পৃথিবীর আধুনিক শহরের সঙ্গে মিল রেখে তিতাস নদীর পাড়ে একটি আধুনিক শহর গড়ে তোলা হবে।তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজের। ইতোমধ্যেই সরকারের কাছে এ বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোও হবে।
মোকতাদির বলেন, শহরের পুরাতন জেলাখানায় শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক গড়ে তোলা হবে। তিনি সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্নদা ঈদ উৎসবের আহ্বায়ক ডাক্তার আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন আবেশ’র সভাপতি গ্রুপ ক্যাপ্টেন ছাগির আহমেদ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লে. জেনারেল সাজ্জাদুল হক প্রমুখ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে হামলা-গুলিতে ছাত্রলীগের ৪ কর্মী আহত
৭৮২ দিন আগে
লক্ষ্মীপুরে হামলা-গুলিতে ছাত্রলীগের ৪ কর্মী আহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অতর্কিত হামলায় ছাত্রলীগ কর্মী এম সজীবসহ ৪ জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে আড্ডারত ছাত্রলীগ কর্মীদের ওপর প্রতিপক্ষের লোকজন গুলিও করেছে।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৩ টার দিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ হামলার বিষয়টি নিশ্চিত করেন।
আহত সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আহত অন্যরা হলেন- ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি। আহতরা ছাত্রলীগ নেতা বর্তমান চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা ও আহতরা জানায়, ঘটনার সময় আহত ৪ জনসহ কয়েকজন যদির পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিল। এসময় তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালানো হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সজিব, সাইফুল ও সাইফুল ইসলামসহ তিনজনক আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
আহত রাব্বিকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রধারী সেই ছাত্রলীগ কর্মীকে খুঁজছে পুলিশ
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী বাবলুর সঙ্গে আমার বিরোধ দেখা দেয়। এর জের ধরেই আমার লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান,হামলা-মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তারা হাসপাতালে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: বগুড়ায় দু’পক্ষের সংঘর্ষ, ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে বহিষ্কার
৭৮৩ দিন আগে
দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর হওয়ার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর
দেশে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার মাধ্যমে দেশ থেকে চিরতরে অপরাজনীতি দূর করার জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা আমাদের দেশে যে সম্প্রীতি আছে, সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারি। একই সঙ্গে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়।’
বৃহস্পতিবার(১১ এপ্রিল) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রামের সুখবিলাস জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ড. হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীদের বলেন, আজকে পবিত্র ঈদের দিন আপনাদের মাধ্যমে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি ও স্থিতি বিরাজমান এবং আজকে বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি যেন আরও বেগবান হয়।
আরও পড়ুন: রাজনৈতিক দৈত্যের দল বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে। আমাদের এই দেশ থেকে যেন সমস্ত সম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে। এই দেশে যেন আমরা সব সম্প্রদায় এবং সব মত-পথের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারী-শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সে বর্বরতার যেন চির অবসান হয়। এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।
একইসঙ্গে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তার নেতৃত্বে দেশ যেন আরও এগিয়ে যায়, মহান স্রষ্টার কাছে সেই প্রার্থনা করেন মন্ত্রী ড. হাছান।
আরও পড়ুন: যাদের জন্মই অগণতান্ত্রিক তারাই গণতন্ত্রের কথা বলে: বিএনপির উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী
৭৮৪ দিন আগে