শিক্ষা
ধর্ম উপদেষ্টার ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, (ইউএনবি)— ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটির প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম। এই বইয়ে চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ইমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “কুরআন হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করে তিনি বইটিকে ডিজিটাল ফর্মেও প্রকাশের পরামর্শ দেন। ধর্মীয় কোনো বিষয়ে প্রশ্নের উদয় হলে তাৎক্ষণিকভাবে সেটির সমাধান যেন এই বই থেকেই পাঠক খুঁজে পেতে পারে, সে বিষয়ে প্রকাশককে ব্যবস্থা নিতে অনুরোধ জানান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা।
আরও পড়ুন: আমানুল্লাহ খানের প্রিয় বইয়ের নতুন ঠিকানা এইউবির পাঠাগার
সভাপতির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কুরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে—এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে।’
বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েলগুলো আরও বিশদভাবে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বইটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ, আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন প্রমুখ।
৩৮৪ দিন আগে
ববি উপাচার্যের পদত্যাগ দাবি, কার্যালয়-বাসভবনে তালা দিল শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবি করে তার কার্যালয় ও বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ববি ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এর আগে ববির গ্রাউন্ড ফ্লোর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মেয়াদ শেষ হওয়ার পরও নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী ফ্যাসিস্ট রেজিস্ট্রারকে বহাল রেখেছেন উপাচার্য। এছাড়া উপাচার্য অনৈতিক সুবিধা নিতে পাতানো গোপন সিন্ডিকেট সভার আহ্বান করেছেন।
তারা বলছেন, ২৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে নৃশংস হামলায় অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আগাম জামিন পাওয়াসহ আজও ক্যাম্পাসে তাদের নিষিদ্ধ করা হযনি। নিয়মবহির্ভূতভাবে দুইজন সিন্ডিকেট সদস্যকে বাদ দিয়ে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে পাতানো গোপন সিন্ডিকেটের আয়োজন করা হয়েছে। আইন, সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের স্বপদে বহাল রেখে মূল পদে আনার কুচক্রী পাঁয়তারা চালানো হচ্ছে। ক্যাম্পাস অভ্যন্তরে সন্ত্রাসী ছাত্রলীগের অবাধ বিচরণ, মাদক সেবন ও ভাঙচুরের বিরুদ্ধে ববি প্রশাসন পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে বলেও দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দেওয়া ২২ দফার কোনো প্রতিফলন গত ৬ মাসেও হয়নি।
আন্দোলনকারী শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগে উপাচার্যবিরোধী একটি আন্দোলন হয়েছিল। তখন ২২ দফা শর্ত দেওয়া হয়েছিল। সেই সময় উপাচার্য বলেছিলেন, তিনি সেই শর্তগুলো পূরণ করবেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনো কথাই রাখেননি। তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা আর কোনো ব্যাখ্যা চাই না। আমাদের এক দফা দাবি পদত্যাগ।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ববির পরিবেশ স্থিতিশীল রাখতে কাজ করেছি। ববির কার্যক্রম যখন সুষ্ঠুভাবে চলছে তখনই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে স্বৈরাচারী এজেন্ডা বাস্তবায়নে অপতৎপরতা চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পর্কে অবগত নই। সব শিক্ষার্থীদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, তারা এসে তাদের সুবিধা-অসুবিধার কথা অবগত করেন।
আরও পড়ুন: ছাত্রলীগের বিরুদ্ধে মামলা, একমঞ্চে জাবি ছাত্রদল-শিবির
৩৮৬ দিন আগে
জাবি ছাত্রলীগের বিরুদ্ধে মামলা, একমঞ্চে ছাত্রদল-শিবির
২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার ঘটনায় জাবি শাখা ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেছে জাবি শাখা ছাত্রদল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানায় জাবি শাখা ছাত্রদলের পক্ষে মামলাটি করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান।
মামলায় ১ নম্বর আসামি করা হয় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং ২ নম্বর আসামি করা হয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে।
এছাড়াও সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি জোবায়ের রহমান, রতন বিশ্বাস, অভিষেক মন্ডল, মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, বিপ্লব হোসেন, আর রাফি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, ফরহাদ হোসেন, মেহেদী জয়সহ ১৭২ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, গতবছর জুলাই-আগষ্ট বিপ্লবে ১৪ থেকে ১৭ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নারকীয় তাণ্ডব চালায় জাবি শাখা ছাত্রলীগ। সিসিটিভি ক্যামেরা এবং শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ও তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা হয়। এর আগে বার বার জাবি প্রশাসনের কাছে দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের দাবির যথার্থতা বুঝতে পেরে জাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন আগামী ২১ মের মধ্যেই অনুষ্ঠিত হবে: জাবি উপাচার্য
এ বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেলের প্রধান মো. আফফান আলী বলেন, গত বছর জুলাই বিপ্লবে একটি ন্যায়সঙ্গত আন্দোলনে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের উপর শাখা ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী এবং প্রশাসনের সম্মিলিত হামলায় রক্তাক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হামলাকারী এইসব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে জাবি শাখা ছাত্রদল আপোষহীন। এজন্যই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়। আমরা আশা করি আমাদের সঙ্গে অন্যান্যরাও এসে শরীক হবেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, ছাত্রলীগের বিরুদ্ধে জাবি শাখা ছাত্রদল একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জাবি শাখার নেতাসহ একাধিক শিক্ষার্থী মামলা করতে এসেছিলেন। কিন্তু কারো মামলা গ্রহণ করা হয়নি।
বিষয়টি স্বীকার করে তিনি সাংবাদিকদের জানান, কিছু সীমাবদ্ধতার কারণে তখন আমরা মামলা গ্রহণ করতে পারিনি, তবে এখন থেকে সবার মামলা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমবারের মতো জাবিতে একসঙ্গে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রদল এবং শাখা শিবিরের নেতারা।
উল্লেখ্য, ইতোপূর্বে জাকসু নির্বাচন কেন্দ্রীয় জাবি প্রশাসনের সঙ্গে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতবিনিময় সভা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে শিবির নেতারা উপস্থিত থাকায় শাখা ছাত্রদল সভাগুলো বর্জন করেছিল।
আরও পড়ুন: জাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
৩৮৬ দিন আগে
স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব জাবি উপাচার্যের
জাবি,১৩ ফেব্রুয়ারি, (ইউএনবি)— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আগামী বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জাবিসহ অন্য তিনটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নেওয়ার প্রস্তাব করার কথা জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব করবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি তার সমপর্যায়ের বিশ্ববিদ্যালয়ের সম্মতি ও সহযোগিতা পায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গ্রহণ করা হবে।’
‘আমরাও অন্য বিশ্ববিদ্যালয়কে এখানে ভর্তি পরীক্ষা নিতে সহযোগিতা করব। প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরিদর্শকদের অঙ্গীকার ও মান রক্ষা করতে পারলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সম্ভব।’
উপাচার্য বলেন, ‘এক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করতে পারি। তাই আমি ব্যক্তিগতভাবে আগামী ফোরামে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিতে চাই।’
আরও পড়ুন: জাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলছে, ‘ডি’ ইউনিটে' আসন প্রতি লড়ছেন ২৮০ জন
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. এম আব্দুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ রেজাউল রাকিব ও শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) মাধ্যমে জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং ‘সি-১’ ইউনিট কলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) তা শেষ হবে।
উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৫০টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন ১৪৫ জন শিক্ষার্থী।
৩৮৬ দিন আগে
কেএমআরএফের বৃত্তি পেল সিরাজগঞ্জের ৭৪৭ শিক্ষার্থী
সিরাজগঞ্জ জেলার সমস্ত উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন (কেএমআরএফ)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান শিক্ষর্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো মানুষ হতে হলে শুধুমাত্র ভালো রেজাল্টই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়িত্ববোধের সঙ্গে চলতে হবে। এছাড়া জীবনে চলার ক্ষেত্রে হিসাব করে চলতে হবে। এই বয়স থেকেই জবাবদিহি, নিষ্ঠা, দায়িত্ববোধ, হিংসা থেকে একেবারে সরে আসা; পরনিন্দা-পরচর্চা না করা, মিথ্যা না বলা, হালাল-হারাম বেছে চলার অনুশীলন করতে হবে।’
তিনি বলেন, ‘যত বেশি জবাবদিহির আওতায় নিজেকে সোপর্দ করবে, দায়িত্বশীল হবে, তত বেশি আলোকিত মানুষ হতে পারবে।’
আরও পড়ুন: বাকৃবির মধ্যে রিকশাভাড়া নির্ধারণ করল প্রশাসন
৩৮৭ দিন আগে
জাকসুর তফসিল ঘোষণার আগেই অছাত্রদের হল ত্যাগের নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্রত্ব শেষ হওয়া কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই তাদের হল ছেড়ে দিতে হবে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন আগামী ২১ মের মধ্যেই অনুষ্ঠিত হবে: জাবি উপাচার্য
এছাড়া এক হলের শিক্ষার্থী অন্য হলেও অবস্থান করতে পারবে না। সকল শিক্ষার্থীকে স্ব-স্ব বরাদ্দকৃত হলেই অবস্থান করতে হবে।
নির্দেশনায় হলের বিভিন্ন কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করতে হল প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
৩৮৯ দিন আগে
জাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলছে, ‘ডি’ ইউনিটে' আসন প্রতি লড়ছেন ২৮০ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। প্রথম দিনের ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছেন ২৮০ জন শিক্ষার্থী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে প্রথম শিফট শুরু হয়। বিকাল ৩টা ১৫মিনিট ৫ম শিফটের পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আজকের পরীক্ষা শেষ হবে।
ইউনিট ভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩ হাজার ১৬৯ শিক্ষার্থী।
এ ছাড়াও কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে লড়বেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৭৪টি। ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৭টি।
‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৩টি। ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘আমরা এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ১৫মিনিট পরে আসলে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশের অনুমতি না থাকলেও অতিরিক্ত যানযট বিবেচনা করে প্রথম শিফটে ৩০মিনিট পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছিল।
৩৯০ দিন আগে
জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল, মানতে হবে যেসব নির্দেশনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা। এতে মোট আবেদন জমা পড়েছে দুই লাখ, ৬২ হাজার ৪৫০ জন। ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১৮১৪ জন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী এমন তথ্য দিয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ‘ডি’ (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটের পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে, যেখানে শুধু মেয়ে শিক্ষার্থীরা অংশ নেবে। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) একই ইউনিটের ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা হবে প্রথম চার শিফটে।
একই দিনে পঞ্চম শিফটে আইবিএ-জেইউর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থী অংশ নিতে পারবে।
আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে মেয়ে শিক্ষার্থীদের এবং দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নানা অব্যবস্থাপনায় জাবিতে কমেছে অতিথি পাখির আগমন
একইদিন তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে প্রথম তিন শিফটে মেয়েদের এবং পরবর্তী তিন শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম শিফটে ‘সি১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে প্রথম ২ শিফটে মেয়েদের এবং তৃতীয় শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া সি১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (MCQ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
যেসব নির্দেশনা মানতে হবে ভর্তিচ্ছুদের
ওএমআর ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। ওএমআর ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত ফরম দেওয়া হবে না। ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেওয়া, স্টাপলার বা পিনআপ করা এবং ফরমের ওপর পানি ফেলা যাবে না।
ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট ও প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট ঘর যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওএমআর শিট ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের ন্যূনতম ১০ মিনিট আগে তাদের পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মুঠোফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিরা ভিন্ন অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভর্তি পরীক্ষার ফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ সাতদিনের মধ্যে ju-admission.org ওয়েবসাইট থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন আগামী ২১ মের মধ্যেই অনুষ্ঠিত হবে: জাবি উপাচার্য
ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এ জন্য যেসব পরীক্ষার্থী ঢাকা শহর বা দূরবর্তী অন্য কোনো স্থান থেকে এসে পরীক্ষা দেবে, তাদের যানজটসহ অপ্রত্যাশিত দুর্ভোগ এড়ানোর জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কোনো বাসে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা আসা-যাওয়া করার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে।
৩৯১ দিন আগে
জাকসু নির্বাচন আগামী ২১ মের মধ্যেই অনুষ্ঠিত হবে: জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলতি বছরের ২১ মের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত শিক্ষার্থীদের এ কথা জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সই করা এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
উপাচার্য জানান, জাকসু নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মের মধ্যে) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করবে।
আরও পড়ুন: জাবিতে শেখ মুজিবের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিল শিক্ষার্থীরা
এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, এর আগে আমাদের যে আশ্বাস দিয়েছিলেন, দলীয় প্রেসার হোক, কোন সংগঠনের প্রেসার হোক কিংবা কিছু শিক্ষকদের অসহযোগিতা হোক; আপনারা সেই কথা রাখতে পারেননি, আমরা চাই আজকের আশ্বাসই সবশেষ আশ্বাস হোক।
গত ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার তারিখ থাকলেও ছাত্রদলের সংস্কারের দাবির মুখে তা হয়নি।
৩৯২ দিন আগে
আমানুল্লাহ খানের প্রিয় বইয়ের নতুন ঠিকানা এইউবির পাঠাগার
ইউএনবির প্রয়াত চেয়ারম্যান আমানুল্লাহ খান স্মরণে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) পাঠাগারে শিক্ষাসামগ্রী প্রদান করেছে তার পরিবার। এ উপলক্ষে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক স্মরণসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আমানুল্লাহ খান স্মরণে এইউবি আয়োজিত অনুষ্ঠানে তার সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী শিরিন খান বলেন, ‘দীর্ঘ কর্মজীবনে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বই পড়তে এবং সংগ্রহ করতে।’
‘বই ছিল আমানুল্লাহ খানের প্রাণ। আমার বাসার সব জায়গায় শুধু বই আর বই। কোথাও গেলে কার্টন কার্টন বই নিয়ে যেতেন আমানুল্লাহ। বই আর লাইব্রেরিই ছিল তার সব।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমাদের ৫৩ বছরের সংসারের স্মৃতির সঙ্গে বই জড়িয়ে আছে। পেশাগত জীবনে আমানুল্লাহ ছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট। কিন্তু ইউএনবির সঙ্গে জড়িয়ে তার ধ্যান-ধারণা সাংবাদিকতা আর বই নিয়েই ছিল। আজকে আমানুল্লাহ খানের এই বই আপনাদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি এইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ জাফর সাদিক বলেন, ‘আমানুল্লাহ খান আজকে মহানুভবতার উদহারণ তৈরি করে গেলেন। আজকে তার পরিবার বই উপহার দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। মানুষ চলে যায় কিন্তু হয়তো কিছুই রেখে যায় না। তবে আমানুল্লাহ খান জ্ঞানের বিশাল ভান্ডার রেখে গেলেন বিশ্ববিদ্যালয়ের জন্য।’
বই গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান রাবেয়া আক্তার বলেন, ‘আমানুল্লাহ খান ও শিরিন খানের কোনো সন্তান নেই; বই ছিল তাদের কাছে সন্তানসম। আর এই মহামূল্যবান সম্পদই আজকে তারা আমাদের হাতে তুলে দিলেন। এই বই আমাদের কাছে মহামূল্যবান সম্পদ হিসেবে গচ্ছিত থাকবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এইউবির ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘আমানুল্লাহ খানের এই অনুদান শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের জন্য অতি মূল্যবান উপহার। তার পরিবারের এই বদান্যতায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৃতজ্ঞ। এই বই উপহার আমানুল্লাহ খানের দেওয়া সদকায়ে জারিয়া। এই বইয়ের উসিলায় আল্লাহ তার আত্মার মাগফিরাত নসিব করবে—এই দোয়া করছি।’
৩৯৩ দিন আগে