আসন্ন রমজানে খেজুর আমদানির চাপ কমাতে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুরের ওপর অতিরিক্ত শুল্ক অব্যাহতি দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সোমবার (২৩ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ।
প্রজ্ঞাপনে তাজা ও শুকনো—দুই ধরনের খেজুরের ওপরই ৫ শতাংশের বেশি অতিরিক্ত শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এই সুবিধার আওতায় এইচএস কোড ০৮.০৪-এর চার ধরনের খেজুর রয়েছে। এগুলো হলো আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা তাজা খেজুর ও অন্যান্য তাজা খেজুর এবং আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা শুকনো খেজুর ও অন্যান্য শুকনো খেজুর।
সরকার সীমিত সময়ের জন্য আমদানি করা আরও কিছু ফলের ওপরও কর ছাড় ঘোষণা করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কমলা ও আপেলের ওপর ৫ শতাংশের বেশি অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), ২০ শতাংশের বেশি অতিরিক্ত সম্পূরক শুল্ক ও অগ্রিম কর অব্যাহতি দেওয়া হবে।
কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর বিধান অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।
জনস্বার্থে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।