বিনোদন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ
আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর পৈতৃকনিবাস ঠাকুরবাড়িতে তার জীবনপ্রদীপ নিভেছিল। বিশ্বকবির প্রয়াণ দিবসে তার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছে বাঙালি জাতি।
১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ ছিল ১৯৪১ সালের ৭ আগস্ট। ৮০ বছর বয়সে সেদিন পরলোকগমন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও রবীন্দ্রজীবন ও সাহিত্য নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া, বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তার জীবন, কর্ম ও প্রভাব নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
আরও পড়ুন: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী আজ
১৮৬১ সালের ৭ মে (বাংলা ২৫ বৈশাখ, ১২৬৮) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। ১৩ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে রবীন্দ্রনাথ ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। সংগীত, উপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতা কিংবা প্রবন্ধ— সাহিত্যের প্রায় সব অঙ্গনেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দৃপ্ত পদচারণা।
তিনি প্রায় দুই হাজারের বেশি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে স্বতন্ত্র ঘরানায় প্রতিষ্ঠিত হয়েছে। তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আটটি উপন্যাস, ৮৪টি ছোটগল্প, অসংখ্য কবিতা, নাটক ও প্রবন্ধ। প্রায় সাত দশকজুড়ে এসব সৃষ্টি করেছেন তিনি।
শিক্ষার প্রসারের জন্য কাজ করেছেন নোবেলজয়ী এই সাহিত্যিক। ১৯২১ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন। প্রথম বাঙালি হিসেবে এই সম্মাননা অর্জন করেছিলেন তিনি।
দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা তিনি। বাংলাদেশে ‘আমার সোনার বাংলা’ এবং ভারতে ‘জন গণ মন’ জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধেও কবির গান সাহস ও প্রেরণা জুগিয়েছে। সব মিলিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙালির হৃদয়ে আজও অম্লান হয়ে আছেন অনন্ত বাসনার রবি।
২৭২ দিন আগে
কিউকি সাস ভি কাভি বহু থি ২: তুলসী চরিত্রে ফের ছোট পর্দায় স্মৃতি ইরানি
গত ২৯শে জুলাই, ২০২৫ মুক্তি পেলো নন্দিত হিন্দি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’-এর দ্বিতীয় কিস্তি। কমেডি ঘরানার ধারাবাহিকটি প্রথম সম্প্রচারিত হয়েছিলো ২০০০ সালে। সেই থেকে ছোট পর্দায় একটানা দীর্ঘ ৮ বছরের রাজত্ব এই অপেরা সোপের। গল্প, চরিত্র, সংলাপ, ও সঙ্গীত; প্রতিটি ক্ষেত্রে সিরিজটির ছিলো স্বতন্ত্র পরিচিতি। এত বছর বাদে সোনালী দিনের সেই চরিত্রগুলোকে আবারও প্রাণবন্ত হতে দেখে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা। চলুন, সিরিজের পুরনো তারকাদের দলে নতুন নাট্যশিল্পী আর নির্মাণের নেপথ্যে থাকা নামগুলোর ব্যাপারে জেনে নেওয়া যাক।
নেপথ্যের কলাকুশলী ও অভিনয়শিল্পীরা
পরিবার কেন্দ্রিক ধারাবাহিকটি তৈরি করেছেন একতা কাপুর। প্রথম কিস্তির মতো এটিও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বালাজী টেলিফিল্মসের ব্যানারেই তিনি তৈরি করেছেন। প্রযোজনা টিমে সাথে ছিলেন মা শোভা কাপুর। রচনায় ছিলেন রাজেশ জোশী, অনন্তিকা সাহির এবং ধীরাজ সার্না। পরিচালনা করেছেন মুজাম্মিল দেশাই এবং খাজা মুঘল।
‘কিউঙ্কি সাস ভি কাভি বহু থি’ থিম সং-এ এবারও শোনা গেছে প্রিয়া ভট্টাচার্যের সেই চিরচেনা কণ্ঠ।
শ্রেষ্ঠাংশে ‘তুলসী’ নিয়ে আবারও হাজির হয়েছেন স্মৃতি ইরানি। তার সাথে মিহির হিসেবে যথারীতি রয়েছেন অমর উপাধ্যায়। নতুন মুখগুলোর মধ্যে রয়েছেন শাগুন শর্মা, রোহিত সুচান্তি এবং আমান গান্ধী।
আরো পড়ুন: রণবীর কাপুর-যশের রামায়ন হতে যাচ্ছে ভারতীয় ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র
প্রথম পর্বের প্রিমিয়ার হয় স্টার প্লাস চ্যানেলে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারেও শোটি উন্মুক্ত করা হয়েছে।
পুরনো আবহে নতুন কলরব
শুরুতে স্নিগ্ধ সুরের পটভূমিতে সম্ভাষণ জানায় গণপতি মূর্তি। এই আধ্যাত্মিকতার রেশ ধরে একে একে উদ্ভাসিত হতে থাকে ভারতের প্রসিদ্ধ সব মন্দিরগুলো।
গল্পের চরিত্রগুলোকে স্বাগত জানানো শুরু হয় ভিরানী পরিবারের ঐশ্বর্যমন্ডিত পরিবর্তন দিয়ে। ভিরানীরা এখন আগের থেকে আরও বেশি ধন-দৌলত, প্রভাব ও প্রতিপত্তির অধিকারী। বিলাসিতায় কোনও ঘাটতি না থাকলেও কিছু জায়গায় সৃষ্টি হয়েছে শূন্যতা। প্রিয় চরিত্রগুলোর একজন, বাড়ির মাতামহ বা মারা গেছেন। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত সুধা শিবপুরী।
মূখ্য চরিত্রগুলোর একজন তুলসীর শাশুড়ি সাবিতাও গত হয়েছেন। এই ভূমিকায় অভিনয় করেছিলেন আপারা মেহতা। অবশ্য তার উপস্থিতি একেবারে ম্লান হয়ে যায় নি। তুলসীর ৩৮তম বিবাহবার্ষিকীতে এক মর্মস্পর্শী মুহূর্তের অবতারণা ঘটে। সেখানে তুলসী দেখে যে তার শাশুড়ি মা তাকে আশীর্বাদ করছেন। সেই চির চেনা লাল বিন্দি এবং সুর্মা দেওয়া চোখ রাঙিয়ে মজার ছলে বকে দিচ্ছেন তাকে। যেন শাশুড়ির অবর্তমানে বেজায় সুখে থাকার জন্য বউকে ভর্ৎসনা করা হচ্ছে।
আরো পড়ুন: ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ৩৫ লক্ষাধিক পেইড ভিউ: বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড
পুরো পরিবারটি এখন আগের থেকে বেশ ছোট। কেননা হেমন্ত এবং গৌতম শান্তি নিকেতন ছেড়ে চলে গেছেন। দুজনেরই হয়েছে আলাদা আলাদা সংসার। নতুন প্রজন্ম হয়ে মুগ্ধতা ছড়াচ্ছে পরী, অঙ্গদ, আর ঋত্বিক।
তুলসীর স্বামী মিহির এখন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তার প্রতিটি সকাল শুরু হয় কানে ব্লুটুথ আর স্ত্রীর হাতে বানানো প্রোটিন শেক-এ চুমুক দিয়ে।
কালেশ ওরফে গায়ত্রী চাচি এখনও তার পুরনো অভিযোগ নিয়ে পড়ে আছেন। কমলিকা গুহ ঠাকুর্তা অভিনীত এই চরিত্রটির তুলসী-মিহির দম্পতির উপর ভীষণ রাগ। তার অভিযোগ- তারা পরিবারের সবাইকে নির্বাসনে পাঠিয়ে আধুনিক সীতা আর রামের মতো এই পরিবারটাকে শাসন করে চলেছে।
শেষাংশ
একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি 2’ (দ্বিতীয় কিস্তি) বর্তমানে ভক্তদের অপার নস্টালজিয়ার কারণ। তুলসী চরিত্রে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন সোনালী যুগের নাট্য আবহকে মনে করিয়ে দিচ্ছে নাট্যপ্রেমিদের। এই মুগ্ধতাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে অপরিবর্তিত থাকা থিম সং। পুরনো তারকাদের দলে নতুন মুখগুলো পুরনো আবহে নতুন গল্পের পথ বাতলে দিচ্ছে। এটি কেবল নতুনত্বের হাতছানি নয়, একই সাথে সিরিজের স্বকীয়তা অটুট থাকার প্রচ্ছন্ন প্রেক্ষাপট।
আরো পড়ুন: হৃদরোগে ওউন্ড ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুলের মৃত্যু
২৭৮ দিন আগে
হৃদরোগে ওউন্ড ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুলের মৃত্যু
জনপ্রিয় ‘ওউন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেস গিটারিস্ট এবং কিংবদন্তি চিত্রনায়ক জসিমের ছেলে এ কে রাতুল আর নেই। রবিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম।
সিয়ামের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়ামের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল। প্রথমে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবানা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাতুলের অকালমৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিস্ময় ও শোক প্রকাশ করেছেন।
পড়ুন: চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান
২০১৪ সালে প্রকাশিত ‘ওয়ান’ অ্যালবাম এবং ২০১৭ সালের ‘টু’ অ্যালবামের মাধ্যমে ‘ওউন্ড’ ব্যান্ড দেশীয় রক সংগীতে নিজস্ব একটি ধারা তৈরি করে।
রাতুল ভোকাল ও বেস গিটারিস্ট হওয়ার পাশাপাশি একজন দক্ষ মিউজিক প্রোডিউসার হিসেবেও প্রশংসিত ছিলেন। দেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় অ্যালবাম তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
চিত্রনায়ক জসিমের তিন পুত্র—এ কে সামি, এ কে রাতুল ও এ কে রাহুল—সকলেই সংগীতাঙ্গনের পরিচিত মুখ। ২০০৭ সালে বড় দুই ভাই সামি ও রাতুল ‘ওউন্ড’ ব্যান্ডটি গঠন করেন। তাদের ছোট ভাই রাহুল বর্তমানে জনপ্রিয় ‘ট্রেইনরেক’ ব্যান্ডের সদস্য।
অভিনেতা জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর ব্রেন হ্যামারেজে মারা যান। এ কে রাতুলের অকালমৃত্যু দেশের সমসাময়িক সংগীত অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
২৮২ দিন আগে
চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান
হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান। তিনি ছিলেন পেশাদার রেসলিংকে সারা বিশ্বে জনপ্রিয় করার অন্যতম পথিকৃৎ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পুলিশ জানিয়েছে, ক্লিয়ারওয়াটারে হোগানের বাড়ি থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে পৌঁছায় জরুরি সেবা দল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ক্লিয়ারওয়াটার পুলিশ বিভাগের মেজর নেট বার্নসাইড বলেন, ‘তার মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু নেই।’
হাল্ক হোগান, যার আসল নাম টেরি বোলিয়া, ১৯৮৫ সালে প্রথম রেসলম্যানিয়াতে মেইন ইভেন্টে অংশ নিয়ে বিশ্ব রেসলিংয়ের মুখ হয়ে ওঠেন।
রেসলম্যানিয়া হলো যুক্তরাষ্ট্রের কোম্পানি ডব্লিউডব্লিউই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) আয়োজিত একটি বার্ষিক পেশাদার রেসলিং প্রতিযোগিতা। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী পেশাদার রেসলিং ইভেন্টগুলোর একটি।
পেশাদার জীবনে অ্যান্ড্রে দ্য জায়ান্ট, র্যান্ডি স্যাভেজ ও দ্য রকের মতো কিংবদন্তিদের সঙ্গে লড়েছেন হাল্ক হোগান। তিনি ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করেন।
পড়ুন: হলুদের ঝলক: টাইমলাইনে সোনালি আলোর নতুন ট্রেন্ড
হোগান ২০০৫ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হন। ১৯৮০’র দশকে ‘হাল্কাম্যানিয়া’ সারা আমেরিকায় ঝড় তোলে। লাল-হলুদ পোশাক, পেশিবহুল বাহু—’২৪ ইঞ্চির পাইথন’—ও বর্ণাঢ্য উপস্থিতি দিয়ে তিনি হয়ে ওঠেন আমেরিকান সংস্কৃতির (পপ কালচার) প্রতীক।
পরবর্তীতে সিনেমা, টিভি অনুষ্ঠান ও ভিএইচ১ হুগান নোজ বেস্ট রিয়েলিটি শোতেও জায়গা করে নেন তিনি।
সাম্প্রতিক সময়ে হোগান রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন। একই সঙ্গে ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ নামে নতুন এক রেসলিং লিগের কমিশনার হন। এই লিগটি ‘আনস্ক্রিপ্টেড’ বা পূর্বনির্ধারিত নয়।
১৯৮৪ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে তিনি ‘রেসলম্যানিয়া’ যুগের সূচনা করেন। ১৯৮৭ সালে অ্যান্ড্রে দ্য জায়ান্টকে পরাজিত করা এবং র্যান্ডি স্যাভেজের সঙ্গে তার দ্বন্দ্ব রেসলিংয়ের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা। পরে ১৯৯৬ সালে তিনি নিজের ইমেজ বদলে ‘হলিউড হোগান’ রূপে ডব্লিউসিডব্লিউতে নতুন ফেস (চেহারা) নিয়ে আবির্ভূত হন।
আশ্চর্যজনক ক্যারিয়ার ও ক্যারিশমায় ভরপুর হোগান নিজেই একবার বলেছিলেন, ‘আমি যেখানেই যাই, মানুষ এখনো আমাকে চ্যাম্পিয়ন বলেই দেখে।’
সূত্র: বিভিন্ন সংবাদ সংস্থা
২৮৪ দিন আগে
রণবীর কাপুর-যশের রামায়ন হতে যাচ্ছে ভারতীয় ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র
কিংবদন্তির মহাকাব্য রামায়ন এবার আসতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য পর্দায়। এমনকি দুটি পর্বের এক সমৃদ্ধ ফ্র্যাঞ্চাইজির অবতারণা করতে চলেছে ঐতিহাসিক সৃষ্টিকর্মের এই চলচ্চিত্ররূপ। এখন পর্যন্ত ২০২৬ ও ২০২৭-এর দুই দীপাবলিতে দুটি কিস্তিতে এর মুক্তির কথা চলছে। শ্রেষ্ঠাংশে রণবীর কাপুর, যশ, ও সাই পল্লবী নামগুলো ইতোমধ্যে বেশ হৈচৈ-এর জন্ম দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। তবে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর বিশাল বাজেট। ভারতীয় চলচ্চিত্র নির্মাণে এক নতুন মাইলফলক রচনা করতে চলেছে ‘রামায়ন’। চলুন, বহু প্রতীক্ষিত এই ছবিটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
তারকা নির্ভর চলচ্চিত্র রামায়ণ
এখানে কেন্দ্রীয় চরিত্র রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে বলিউডের রণবীর কাপুরকে। তার বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের সাই পল্লবী। দক্ষিণের সুপারস্টার যশ থাকবেন রাবণের ভূমিকায়, আর হনুমানের ভূমিকায় অবতীর্ণ হবেন সানি দেওল। গুরুত্বপর্ণূ বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন লারা দত্ত, কাজল আগারওয়াল, বিবেক ওবেরয়, রবি দুবে এবং অরুণ গোভিল।
মহা এই আয়োজনের নেপথ্যের চলচ্চিত্র শিল্পীরা
সিনেমার পরিচালনায় রয়েছেন প্রথিতযশা নির্মাতা নীতেশ তিওয়ারি। প্রযোজনা করছেন আটবার অস্কার বিজয়ী প্রযোজক নমিত মালহোত্রা। তার প্রোডাকশন হাউজ ডিএনইজি ও প্রাইম ফোকাস স্টুডিওর সাথে যৌথ প্রযোজনায় আছে যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স।
ডিএনইজি মূলত একটি বিশ্বখ্যাত ভিএফএক্স কোম্পানি। ‘ডিউন’, ‘অপেনহাইমার’ এবং ‘ইন্টারস্টেলার’-এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রগুলোর ভিজ্যুয়াল এফেক্টের জন্য এটি ব্যাপক ভাবে সমাদৃত। তাছাড়া, ‘রামায়ণ’ শ্যূট করা হবে বিশেষভাবে আইম্যাক্সের জন্য।
আরো পড়ুন: মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের’ দাপট
সিনেমার সঙ্গীতায়োজনে একত্রিত হয়েছেন দুই অস্কারজয়ী সুরকার। ভারতের এআর রহমান এবং বিখ্যাত জার্মান সুরকার হ্যান্স জিমার। জিমারের জগদ্বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে ‘দ্যা লায়ন কিং’ (১৯৯৪), ‘দ্যা ডার্ক নাইট’ (২০০৮), ‘ইনসেপশন’ (২০১০) এবং সম্প্রতি দুই পর্বের ‘ডিউন’ মুভি সিরিজ।
অ্যাকশন কোরিওগ্রাফিতে রয়েছেন গাই নরিস। তার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’।
ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের মুভি
রামায়ণের প্রথম পর্বের জন্য বাজেট ঠিক হয়েছে ৯০০ কোটি রুপি আর সিক্যুয়েলের জন্য ৭০০ কোটি রুপি। সব মিলিয়ে গোটা ফ্র্যাঞ্চাইজির নির্মাণ বাজেট দাড়িয়েছে ১ হাজার ৬০০ কোটি রুপি। প্রথম ছবিতে একদম শূন্য থেকে আদ্যোপান্ত নতুন এক জগত তৈরি করা হয়েছে। আর এই প্রোডাকশন সেটই মূলত এত বড় বাজেটের জন্য দায়ী। দ্বিতীয় অংশে এই পূর্ব নির্মিত সেটেই চিত্রায়িত হবে অ্যাকশন দৃশ্যগুলো। তাই দ্বিতীয় ছবিতে তুলনামূলক কম বাজেট। তবে গোটা ভারতীয় মুভি ইন্ডাস্ট্রিতে এমন বাজেটের নির্মাণ এই প্রথম।
আরো পড়ুন: ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ৩৫ লক্ষাধিক পেইড ভিউ: বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড
প্রধান কুশীলবদের কে কত পারিশ্রমিক পাচ্ছেন
দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হচ্ছেন রণবীর কাপুর। প্রতি কিস্তির জন্য ৪২ বছর বয়সী এই অভিনেতা নিচ্ছেন ৭৫ কোটি রুপি। সুতরাং পুরো ফ্র্যাঞ্চাইজিতে তার মোট আয় দাড়াচ্ছে ১৫০ কোটি রুপি।
দুই কিস্তি জুড়ে প্রধান নারী চরিত্রের জন্য সাই পল্লবী নিচ্ছেন ৬ কোটি করে। অর্থাৎ পুরো মুভি সিরিজে তিনি পাবেন মোট ১২ কোটি রুপি। যশের পারিশ্রমিক ৫০ কোটি করে মোট ১০০ কোটি রুপি। আর সানি দেওল নিচ্ছেন ২০ কোটি করে সর্বমোট ৪০ কোটি রুপি।
উপমহাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব মঞ্চে রামায়ন
গত ৩ জুলাই ভারতের নয়টি প্রধান শহরে একযোগে প্রকাশিত হয় রামায়নের প্রথম লুক- ‘রামায়ণ: দি ইন্ট্রোডাকশন’। এই শহরগুলো ছিলো মুম্বাই, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, পুনে, এবং কোচি।
এর মাত্র একদিন পরেই লুকটি প্রকাশ পায় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ডিজিটাল বিলবোর্ডে। এর মাধ্যমে দেশের গণ্ডী পেরিয়ে বিশ্বব্যাপী কোটি মানুষের কাছে পৌছে যায় ভারতের ‘রামায়ন’।
আরো পড়ুন: ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’: এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা
পরিশিষ্ট
রণবীর কাপুর, যশ, ও সাই পল্লবীর ‘রামায়ণ’ এখন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একটি হট টপিক। নীতেশ তিওয়ারি ও নমিত মালহোত্রার বিশ্বমানের নির্মাণে প্রাণবন্ত হয়ে ওঠার রসদ পাচ্ছে ভারতের পৌরাণিক কাহিনীকে। এই চলচ্চিত্ররূপকে আরও অলংকৃত করতে রয়েছে এআর রহমান ও হ্যান্স জিমারের যৌথ সঙ্গীত। অন্যদিকে, ১ হাজার ৬০০ কোটি রুপির বাজেটে রয়েছে ভারতীয় সিনেমার নতুন শিখর জয়ের উন্মাদনা। সর্বপরি, তারকা-অভিনয়শিল্পী ও পর্দার পেছনের কুশলীদের সমন্বয়ে এক কালজয়ী সৃষ্টিকর্ম পেতে চলেছে ভারতীয় মুভি ইন্ডাস্ট্রি।
৩০১ দিন আগে
মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের’ দাপট
হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এবার এসেছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’।
এ গল্পের পটভূমিতে ডাইনোসর ক্লান্তি থাকলেও দর্শকদের ক্ষেত্রে বিষয়টি একদমই প্রযোজ্য হয়নি। বরং বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ দাপট দেখিয়েছে ছবিটি। রবিবার (৬ জুলাই) স্টুডিও থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৩১৮ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। এটি মুক্তি পেয়েছিল গত বুধবার।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের চতুর্থ সিনেমা এবং ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত মাইকেল ক্রাইটনের উপন্যাস অবলম্বনে প্রথম ‘জুরাসিক পার্ক’ মুক্তির পর থেকে সিরিজের মোট সপ্তম সিনেমা এটি।
আন্তর্জাতিক বাজারে চীনসহ ৮২টি দেশে ছবিটি মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে প্রথম পাঁচ দিনে আয় ১৭১ মিলিয়ন ডলার। শুধু চীনেই আয় হয়েছে ৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার। সেখানে ছবিটি ৬৫ হাজার পর্দায় চলেছে, যার ৭৬০টি ছিল আইম্যাক্স স্ক্রিন। এটিই চলতি বছরে চীনে সবচেয়ে বড় ‘মোশন পিকচার অ্যাসোসিয়েশন’ (এমপিএ) মুক্তির রেকর্ড গড়েছে।
৩০২ দিন আগে
দেশের সঙ্গীত অঙ্গন ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা: দুলু
সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে এদেশের সঙ্গীত অঙ্গন ধ্বংস করে দিয়েছে। সংগীত অঙ্গনকেও তিনি দলীয়করণ করেছে। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গাতেও সংগীতানুষ্ঠান করতে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, দেশের শিল্পীদের বিভক্তি তার দ্বারাই হয়েছে। শিল্পীরাও গান ছেড়ে রাজনীতির মঞ্চে নেমেছিল।
রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সংগঠনের কোরাস পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানে দুই প্রবীণ শিল্পীকে শিল্পী সম্মাননা দেওয়া হয়। এবারে শিল্পী সম্মাননা পান আব্দুল গফুর সরকার ও তমাল কান্তি লাহিড়ি।
এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, জেলা কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান। সভাপতিত্ব করেন রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট।
৩১১ দিন আগে
হলুদের ঝলক: টাইমলাইনে সোনালি আলোর নতুন ট্রেন্ড
সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত হলুদময়। কয়েকদিন ধরে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও সয়লাব হয়েছে পানিতে গুঁড়া হলুদ মেশানোর ভিডিও। এই ট্রেন্ডে মেতে ওঠেছেন বিশ্বের কোটি ব্যবহারকারী।
কীভাবে করবেন এই টারমারিক গ্লো?
* মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে সেটি সমতল জায়গায় রাখুন।* তার ওপরে একটি স্বচ্ছ পানির গ্লাস রাখুন।* ঘরের লাইট নিভিয়ে দিন।* এবার সামান্য হলুদ গুঁড়া বা ভিটামিন বি-টু (রিবোফ্লাভিন) ক্যাপসুল গুড়া করে পানিতে দিন।সঙ্গে সঙ্গেই পানির গ্লাসে দেখা যাবে অনেকটাই সোনালি ঝলমলে আলো।
এটি দেখার পর ছোট শিশুদের বিস্মিত মুখের ভিডিও এখন ভাইরাল হয়ে উঠেছে। এই ট্রেন্ডে অসংখ্য ভিডিও বানানো হচ্ছে, প্রচুর রিঅ্যাকশন আর শেয়ার হচ্ছে ভিডিওগুলো।
আরও পড়ুন: হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে কী প্রভাব পড়তে পারে?
কেন এত জনপ্রিয় হচ্ছে?
একদম কম খরচ ও সহজে এই ট্রেন্ডে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। এতে রয়েছে বিজ্ঞানের মজার খেলা। পুরো পরিবারের মিলে ঘরে বসে এই পরীক্ষা করা যাচ্ছে। অনেকে ভিডিওতে মজার সঙ্গীত, ক্যাপশন বা মিমও যোগ করছেন।
মজার বিষয় হলো, অনেকেই মজা করে বলছেন, হলুদের দোকানে নাকি এখন স্টক শেষ হয়ে যায় কি-না! আরও উজ্জ্বল আলোর জন্য অনেকে হলুদের বদলে ভিটামিন বি-টু ট্যাবলেট—বেকোসুলস গুড়া করে ব্যবহার করছেন এবং ইউভি লাইটের নিচে ধরছেন।এতে রিবোফ্লাভিনের কারণে পানিতে সবুজ-হলুদ আলো আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠেছে।
বিজ্ঞান, বিনোদন আর একটু জাদুর ছোঁয়া মিলিয়ে সামাজিক মাধ্যমের সবচেয়ে আলোচিত বিষয় এখন এই টারমারিক গ্লো এক্সপেরিমেন্ট।
কেউ করছেন শেখার জন্য, কেউ শুধুই মজার খাতিরে—যেভাবেই হোক, সবার টাইমলাইনে এখন ঝলমলে সোনালি আলো!
৩১৬ দিন আগে
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ৩৫ লক্ষাধিক পেইড ভিউ: বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড
ঈদুল আজহায় মুক্তির অনেক আগে থেকেই বিপুল উন্মাদনায় ভেসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তরা। নিদেনপক্ষে ঈদের আগেই প্রি-বুকিংয়ের বিষয়টি তা স্পষ্টভাবে নিশ্চিত করেছে। আর ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ সম্প্রচারের ঘোষণা আসার পরপরই রম্য ধারাবাহিকটিকে ঘিরে হৈচৈটা যেন দ্বিগুন বেড়ে গেছে। দীর্ঘ দিন ধরে ভক্তদের জমে থাকা প্রত্যাশা কেবল পূরণ করেই ক্ষান্ত হয়নি। ওটিটি কন্টেন্টটি তার জনপ্রিয়তাকে নিয়ে গেছে রীতিমত মাইলফলকের পর্যায়ে। চলুন, ব্যাচেলর পয়েন্ট সিরিজটির নতুন সিজনকে (সিজন ৫) ঘিরে হৈচৈ-এর নেপথ্যের রহস্যটা উন্মোচন করা যাক।
‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন মুক্তি পরবর্তী প্রতিক্রিয়া
৭ জুন রাতেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ থেকে একযোগে সম্প্রচারিত হয় ৮টি এপিসোড। পুরো ফ্র্যাঞ্চাইজিতে একসাথে নতুন ৮ পর্ব দেখার ঘটনা এটাই প্রথম। কুরবানী ঈদ উপলক্ষে এই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছেন এক শতাধিক দেশের বাংলা ভাষাভাষী দর্শক।
চমকের এখানেই শেষ নয়! এবারের সিজনটি অন্যান্যগুলোর মত দর্শকদের জন্য ফ্রি ছিলো না। বঙ্গ’র সাবস্ক্রিপশন কিনে তারপর দেখতে হয়েছে এপিসোডগুলো। কিন্তু এরপরেও মুক্তির পর থেকে মাত্র তিন দিনে এই পেইড ভিউ সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে গেছে। এপিসোডগুলো সব মিলিয়ে ওয়াচ টাইম পেয়েছে আড়াই কোটি মিনিটেরও বেশি।
আরো পড়ুন: ঈদুল আজহার সিনেমা নীলচক্র: আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সাড়া জাগানো সাসপেন্স থ্রিলার
পূর্বে ওটিটিতে সর্বোচ্চ ওয়াচ টাইমের রেকর্ডটি ছিলো ধারাবাহিক ‘ফিমেল ৪’-এর দখলে। সেই তুলনায় ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর অর্জন তিনগুণ বেশি।
এটি একক ভাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং বঙ্গ কন্টেন্ট প্রত্যেকটির জন্যই যুগান্তকারি রেকর্ড। সেই সাথে বাংলাদেশের সমগ্র ওটিটি ইন্ডাস্ট্রির জন্যও এটি এক নতুন ইতিহাস।
এবারের সিজনে পর্দার সামনে ও পেছনের কলাকুশলীরা
যথারীতি নির্দেশনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যের দিকটাও এবার দেখেছেন কাজল আরেফিন অমি। কাস্টিং-এও যথারীতি মুগ্ধতা ছড়িয়েছে পরিচিত মুখগুলো। এরা হলেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, চাষী আলম, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, সাবিলা নূর, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লামিমা লাম, এবং ইশতিয়াক আহমেদ রুমেল।
ডিজিটাল পার্টনার বঙ্গ’র পাশাপাশি প্রযোজনা টিমে ছিলো বুম ফিল্মস এবং টিভি পার্টনার চ্যানেল আই। নিবেদনে ছিলো ন্যাশনাল এগ্রিকেয়ার এবং সিগনেচার পার্টনার দ্যা প্যালেস।
আরো পড়ুন: ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’: এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা
টিভি ও ওটিটি মিলিয়ে এপিসোড সূচী
আগামী জুলাই মাসের ৩ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ’তে সিরিজের আরও ৮ এপিসোড মুক্তি পাবে। এর ২ ঘন্টা পর রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রচার করা হবে প্রথম এপিসোড। এর আধ ঘন্টা পরেই এপিসোডটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।
৪ তারিখ শুক্রবার একই সময়ে প্রথমে বুম ফিল্মসের ইউটিউবে এবং আধ ঘন্টা পরে চ্যানেল আইতে প্রচারে যাবে দ্বিতীয় এপিসোড। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ইউটিউব ও টিভিতে ধারাবাহিকের নতুন সিজনটি বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা।
যারা আগে ভাগেই দেখে ফেলতে চান, তাদেরকে জুলাই থেকে প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার বঙ্গতে সাবস্ক্রাইব করতে হবে। এতে তারা সবার আগে নতুন ৮ পর্বের সবগুলো দেখতে পারবেন।
বিনামূল্যে দেখার জন্য পরের মাসের বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইউটিউব ও টিভির পর্দায় চোখ রাখতে হবে।
আরো পড়ুন: শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে জোভানের ‘আশিকি’
উল্লেখ্য যে, এখানে ওটিটির দর্শকদের জন্য কোনও এক্সটেন্ডেড ভার্সনের সুযোগ নেই। ওটিটিতে যা দেখানো হবে তা অপরিবর্তিত ভাবে টিভি ও ইউটিউবেও প্রচারিত হবে।
পরিশিষ্ট
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর নতুন রেকর্ড বাংলাদেশের সমগ্র ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট অর্জন। নির্মাতা অমি একদিকে ধারাবাহিকভাবে তার ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন। অন্যদিকে এর মাধ্যমে সর্বাধিক চাহিদা সম্পন্ন কন্টেন্টের দৃষ্টান্ত উপস্থাপন করলেন। একই কাস্টিং নিয়ে জনপ্রিয় সিরিজ নির্মাণ দেশে এটাই প্রথম নয়। তবে বিশ্বায়নের যুগে সারা পৃথিবী থেকে এই বাংলা কন্টেন্ট উপভোগ করতে পারছেন নাট্যপ্রেমিরা। তাই ভিউ ও ওয়াচ টাইমের এই রেকর্ড সম ধারার সিরিজ নির্মাণের চর্চাকে আরও অগ্রসর করতে পারে।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
৩২৬ দিন আগে
ঈদুল আজহার সিনেমা নীলচক্র: আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সাড়া জাগানো সাসপেন্স থ্রিলার
গত ৭ জুন ঈদুল আজহার ধামাকা আয়োজনে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর অন্যতম ছিলো ‘নীলচক্র’। প্রথম সারির চলচ্চিত্রগুলোর সাথে এই থ্রিলার ঘরানার মুভিটিও চলে এসেছে দর্শকদের আলোচনার কেন্দ্রে। আরেফিন শুভ ও নবাগতা মন্দিরা চক্রবর্তী জুটির ছবিটি ইতোমধ্যে নিজের সমুচিত জায়গা করে নিয়েছে ঢালিউড বক্সঅফিসে। চলুন, ‘নীলচক্র’-এর নির্মাণ, কুশীলব, চিত্রনাট্য, ও সর্বশেষ আয়ের ব্যাপারে জেনে নেওয়া যাক।
এক নজরে টিম নীলচক্র
ছবির নির্দেশনা ও গল্প লেখনীতে ছিলেন মিঠু খান। কাহিনী রূপায়নে তার সাথে যোগ দিয়েছেন অঞ্জন সরকার জিমি, অংকন পোদ্দার, এবং নাজিম উদ দৌলা।
চলচ্চিত্রটির মাধ্যমে এই প্রথমবারের মত একসঙ্গে কাজ করলেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’র পর এটি মন্দিরার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
আরো পড়ুন: ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’: এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা
এতে দেখা গেছে ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, এবং শিরিন আলমের মত বর্ষিয়ান অভিনেত্রীদের। নতুনদের মধ্যে ছিলেন প্রিয়ন্তী ঊর্বি, পারভীন পারু, মনির আহমেদ শাকিল, দীপান্বিতা মার্টিন, এবং মাসুম রেজওয়ান। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শিশুশিল্পী মায়েশা আহমেদ অদিতিকে।
এছাড়াও অন্যান্য ভূমিকায় ছিলেন বড় পর্দার পরিচিত মুখ শাহেদ আলী ও টাইগার রবি।
সিনেমায় আলাদা একটি মাত্রা যোগ করেছিলো সঙ্গীতশিল্পী বালামের অভিনয়। এর মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে বালামের অভিষেক ঘটলো। এছাড়া গোটা চলচ্চিত্রের মিউজিক কম্পোজেও ইমন সাহার সাথে যৌথভাবে কাজ করেছেন বালাম।
আরো পড়ুন: শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে জোভানের ‘আশিকি’
ঈদের দুদিন আগে সিনেমায় তার গাওয়া ‘ধোকা’ গানটি প্রকাশ পায়। গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন, আর সুর করেছেন বালাম নিজেই।
এছাড়া অন্যান্য কন্ঠশিল্পীদের মধ্যে ছিলেন জালালী শাফায়াত এবং মাশা ইসলাম।
অ্যাকশন নির্ভর ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন রাজু রাজ।
ফিল্ম লাইফ প্রোডাকশন এবং ফিল্ম ফায়োস প্রোডাকশনের ব্যানারে প্রযোজনায় ছিলেন আসিফ আকবর এবং এনায়েত আকবর মিলন। পরিবেশনায় ছিলো অভি কথাচিত্র।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
সিনেমার কাহিনী
অনলাইনে ক্লিক বেইটের শিকার হয়ে এক দর্শকের অভিজ্ঞতা কেবল একটি ভুল কন্টেন্ট দেখাতেই সীমাবদ্ধ থাকে না। অনেকে সরাসরি স্ক্যামের মত সাইবার অপরাধের অসহায় শিকারে পরিণত হয়। এই চিত্র এখন পুরো শহরের। এভাবে একের পর এক ব্যক্তিগত ভিডিও ফাঁস হতে হতে গোটা সমাজ ছেয়ে যায় অন্ধকার আর আতঙ্কে। দানা বেধে ওঠে রহস্য, ভয়, ও উত্তেজনা। এমনি সমসাময়িক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলচক্র’।
রহস্য, সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, ও নাটকীয়তার এক দারুণ সমন্বয় ছবিটি। হলিউডের অপরাধের সয়লাবে পরিপূর্ণ নয়ের ফিল্মের পুরো আমেজটাই পাওয়া গিয়েছে এতে। একই সাথে এর অন্যতম প্রধান উপাদান ছিলো আন্তর্জাতিক ডার্ক ফিল্মের অন্ধকার পটভূমি।
ঢালিউড বক্স অফিসে নীলচক্র’-এর আয়
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব প্রিমিয়ারের পর কুরবানী ঈদের দিন বাংলাদেশে মুক্তি পায় ‘নীলচক্র’। মুক্তির পর দ্বিতীয় দিনে সিনেমার সংগ্রহ ছিল ৩.০২ লাখ টাকা। তৃতীয় দিনে সেটি সামান্য বেড়ে হয় ৩.২৬ লাখ টাকা। তবে চতুর্থ দিনে তা সামান্য কমে দাড়ায় ২.৯৯ লাখে। চতুর্থ দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে ‘নীলচক্র’-এর উপার্জন সব মিলিয়ে ১০.০৬ লক্ষ টাকা।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
শেষাংশ
৭ জুন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আরেফিন শুভ ও মন্দিরা অভিনীত ‘নীলচক্র’-এর এই সমুচিত সাফল্য বাংলাদেশি মূলধারার চলচ্চিত্রে সৃজনশীল সংযোজন। বিশেষত সাইবার অপরাধ সারা বিশ্বের জন্যই একটি চলমান সংকট। এমন পটভূমিতে মিঠু খানের এই নির্মাণটি নিঃসন্দেহে বিশ্ব মানের উপাদান সংযোগের একটি যুগোপযোগী প্রয়াস। অভিনয়ের দিক থেকে সিনেমাটি মন্দিরা এবং বালামের ক্যারিয়ারের জন্য এক মাইলফলক রচনা করেছে। সব মিলিয়ে, দর্শকদের কাছে ছবির গ্রহণযোগ্যতা ভবিষ্যতেও একই ধরণের কাস্টিং, সিনেমাটোগ্রাফি ও গল্পচর্চার দাবি রাখছে।
৩২৭ দিন আগে