ফুটবল
একাধিক সুযোগ নষ্ট করে গেতাফের হার, লড়াইয়ে টিকে রইল রিয়াল
৩৬ শতাংশ পজেশন রেখেও ২০টি শট নিয়ে তার ছয়টি লক্ষ্যে রাখল গেতাফে। ম্যাচজুড়ে গোল করার চারটি পরিষ্কার সুযোগও তৈরি করল তারা। তবে গোল আর করা হয়ে উঠল না। বিপরীতে ১৪টি শটের সাতটি লক্ষ্যে রেখে দুটি পরিষ্কার সুযোগ তৈরি করে তা থেকেই ঠিকানা খুঁজে নিল রিয়াল মাদ্রিদ। আর তাতেই কোনোমতে ম্যাচ জিতে নিয়ে শিরোপার লড়াই আরও এক ধাপ এগিয়ে নিল কার্লো আনচেলত্তির দল।
বুধবার রাতে গেতাফের কলিসেউম স্টেডিয়ামে লা লিগার ৩৩তম রাউন্ডের ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
আগের রাতে মায়োর্কাকে একই ব্যবধানে হারানোয় রিয়ালের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান বেড়ে হয় সাত। তাই নিজেদের ম্যাচটি হারা তো দূর, ড্র করলেও লিগ শিরোপার লড়াই থেকে একপ্রকার ছিটকে যেত আনচেলত্তির দল। তবে জিতে সেই ব্যবধান ফের চারে নামিয়ে তা হতে দেয়নি গতবারের চ্যাম্পিয়নরা।
৩৩ ম্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। সমান সংখ্যক ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে নিজেদের পয়েন্ট ৭২-এ উত্তীর্ণ করেছে রিয়াল।
আরও পড়ুন: মায়োর্কার ওপর ছড়ি ঘুরিয়ে ফাইনালের প্রস্তুতি সারল বার্সেলোনা
শনিবারের কোপা দেল রের ফাইনালে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিট রাখতে বার্সার মতোই বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে একাদশ সাজান আনচেলত্তি।
চোটের কারণে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের না খেলার কথা জানা গিয়েছিল আগেই। এছাড়া আন্টোনিও রুয়েডিগার, জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদ্রিচ ও রদ্রিগোকে এদিন বেঞ্চে রাখেন রিয়াল বস। এর ফলে ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণভাগে খেলার সুযোগ পান ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক। মাঝমাঠে খেলতে নামেন আরদা গুলেরও।
একাদশে অদল-বদল হলেও প্রথমার্ধে অসাধারণ পারফর্ম করে রিয়াল মাদ্রিদ। অবশ্য তাদের সমানে জবাব দিয়ে যাচ্ছিল গেতাফেও।
তবে ২১তম মিনিটে গুলেরের চমৎকার এক গোলে এগিয়ে যায় রিয়াল। এ সময় ব্রাহিমের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে পরমুহূর্তে বক্সের বাইরে বল পেয়ে যান গুলের। জায়গা বানিয়ে নিয়েই ২০ গজ দূর থেকে জোরালো শট নেন এই তরুণ তুর্কি, গোলরক্ষক দাভিদ সরিয়া ঝাঁপিয়ে তাতে হাত ছোঁয়ালেও আটকাতে ব্যর্থ হন।
৩২তম মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়েই গিয়েছিল রিয়াল। এন্দ্রিকের শট সরিয়া প্রতিহত করলেও তা গোলের দিকে অগ্রসর হচ্ছিল। তবে শেষ মুহূর্তে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন গেতাফের এক ডিফেন্ডার।
৪২১ দিন আগে
মায়োর্কার ওপর ছড়ি ঘুরিয়ে ফাইনালের প্রস্তুতি সারল বার্সেলোনা
পুরো ম্যাচজুড়ে শট নিল চল্লিশটি, অথচ গোল পেল মাত্র একটি। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। এমনটিই ঘটেছে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার ম্যাচে। ফিনিশিংয়ে ব্যর্থতার এমনই এক রাতে অবশ্য জিতেই মাঠ ছেড়েছে কাতালানরা।
মঙ্গলবার রাতে লা লিগার ৩৩তম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন দানি অলমো।
গত ১৫ বছরে লা লিগার কোনো দল এক ম্যাচে এত বেশি (৪০) শট নিতে পারেনি। ফ্লিকের বার্সেলোনার সৌজন্যে সেই বিরল ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব।
চোটে খেলোয়াড়দের অনুপস্থিতি এবং আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা মাথায় রেখে টানা ম্যাচ খেলা একাদশের নিয়মিত খেলোয়াড়দের ছয়জনকে বদল করে নতুন একাদশ সাজিয়ে এদিন শিষ্যদের মাঠে নামান হান্সি ফ্লিক। তবে তাতে তার দলের পারফরম্যান্সে ভাটা পড়েনি।
অপরদিকে, গত কয়েক মৌসুম ধরে কোনোরকমে অবনমন এড়ানো মায়োর্কা চলতি মৌসুমে দারুণ পারফর্ম করে চলেছে। লিগ টেবিলের সাতে থাকা এই দলটির পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। ফলে তাদের ওপর পুরো ম্যাচজুড়ে ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা।
৭৮ শতাংশ পজেশন ধরে রেখে ম্যাচজুড়ে মোট ৪০টি শট নেয় দলটি, যার ১৩টি ছিল লক্ষ্যে। অপরদিকে, মাত্র চারটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি মায়োর্কা।
এর ফলে এক গোলের ব্যবধানে ম্যাচ জিতলেও আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আগামী শনিবার অনুষ্ঠিত হতে চলা কোপা দেল রের ফাইনালের প্রস্তুতি সেরেছে কাতালান জায়ান্টরা। সেই সঙ্গে অনিয়মিত খেলোয়াড়দেরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন ফ্লিক।
চোটে ছিটকে যাওয়া লেভানডোভস্কি এবং রাফিনিয়াকে বিশ্রামে রাখায় এদিন কপাল খোলে আনসু ফাতির। তাকে বাঁ পাশে রেখে ফেররান তোরেস ও লামিন ইয়ামালকে নিয়ে আক্রমণ ত্রয়ী সাজান ফ্লিক।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ সময়ে লেভানডোভস্কির চোট, বিপদে বার্সেলোনা
মাঠে নেমে প্রথম মিনিটেই গোলের উদ্দেশ্যে শট নেন ফাতি, তবে শটটি মায়োর্কার রক্ষণে আটকে যায়। এরপর সপ্তম থেকে নবম মিনিটের মধ্যে লামিনের দুটি ও ফেররানের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বাদশ মিনিটে ফেররান ও লামিনের জোড়া শট প্রতিহত করেন মায়োর্কা গোলরক্ষক লেও রোমান। সতীর্থের বাড়ানো থ্রু বল ধরে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে থেকে জোরালো শট নেন ফেররান, গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে তা ফিরিয়ে দিলে বল চলে আসে ডানপাশে থাকা লামিনের পায়ে। তিনি সেখান থেকে শট নিলেও বল লুফে নেন রোমান।
অষ্টাদশ মিনিটের শুরুতে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে উঠে গোল করার দারুণ এক সুযোগ তৈরি করে মায়োর্কা। তবে গোলমুখে বাড়ানো নিচু ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগবঞ্চিত দলটি।
২৬তম মিনিটে গোল পেয়েই গিয়েছিলেন অলমো, কিন্তু তার অসাধারণ টোকায় গোলের উদ্দেশে বাড়ানো বলের দিক পরিবর্তন করে দেন রোমান। ২৯তম মিনিটে আত্মঘাতী গোল খাওয়া থেকে দলকে রক্ষা করেন তিনি। পরের মুহূর্তেই গাভির নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তার কয়েক মুহূর্ত পর গোলমুখে বল পেয়েও বাইরে মারেন আরাউহো।
এই সময় থেকে মোটামুটি পাঁচ মিনিট মায়োর্কার খেলোয়াড়দের ওপর বুলডোজার চালাতে থাকে বার্সার খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ, শটে গোল আদায়ের জোরালো প্রচেষ্টা চালাতে থাকে দলটি। কিন্তু কোনোমতে বার্সার আক্রমণগুলো প্রতিহত করে ম্যাচে নিজেদের ধরে রাখে মায়োর্কা।
চল্লিশতম মিনিটে আরও একবার দুর্দান্ত আক্রমণ শানিয়ে তিন তিনবার গোলে শট নেন বার্সেলোনার খেলোয়াড়রা, তবে এবারও মায়োর্কার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রোমান। ৪৪তম মিনিটে বাঁ পাশ থেকে বক্সে ঢুকে নেওয়া ফাতির শট পোস্টঘেঁষে বেরিয়ে যায়।
ফিরতি বল থেকেই আক্রমণে উঠে বার্সার রক্ষণ ভেঙে এগিয়ে গিয়ে গোল করেন আন্তোনিও সানচেস, তবে শেষ পর্যন্ত তা অফসাইডে কাটা পড়ে।
আরও পড়ুন: হারের শঙ্কা জাগিয়েও সাত গোলের থ্রিলার জিতল বার্সেলোনা
এর কিছুক্ষণ পর বিরতিতে যায় দুদল। বিরতির আগে প্রতিপক্ষকে চোখ রাঙিয়ে অসংখ্য সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। ৭৮ শতাংশ সময় পজেশন রেখে প্রথমার্ধে মোট ২৪টি শট নেয় বার্সেলোনা, যার ৬টি লক্ষ্যে ছিল। প্রথমার্ধে তিনিট ‘বিগ চান্স’ তৈরি করে দলটি, কিন্তু স্কোরবোর্ডে কিছুই যোগ করতে পারে না। অপরদিকে, নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা মায়োর্কার আক্রমণের খাতা ছিল একেবারে শূন্য।
৪২৩ দিন আগে
শেষের গোলে শিরোপার লড়াইয়ে টিকে রইল রিয়াল
মৌসুমের শেষে এসে লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। অপরদিকে, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে একই লক্ষ্য আথলেতিক বিলবাওয়ের সামনেও। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুদল। তবে পুরো ম্যাচ নিজেদের কৌশলে খেলে সফল হলেও শেষে গিয়ে আর পেরে ওঠেনি বিলবাও। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
রবিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে লা লিগার ৩২তম রাউন্ডের ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত সময়ে দুদলের কেউ গোল করতে না পারলেও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক শটে ম্যাচে ব্যবধান গড়ে দেন মাদ্রিদ জায়ান্টদের উরুগুয়ে মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে।
রিয়াল মাদ্রিদের ডেরায় গত ২০ বছর ধরে জয়বঞ্চিত বাস্ক কান্ট্রির দলটি। সেই ২০০৫ সালের ফেব্রুয়ারিতে সবশেষ বের্নাবেউতে জয় পেয়েছিল বিলবাও। তারপর ১৯ ম্যাচ খেলে তিন ড্রয়ে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে দলটি, বাকি ১৬ ম্যাচেই হার। রবিবার এই সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে।
এদিন ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে ম্যাচ শুরু করে বিলবাও। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে লা লিগা থেকে পাঁচটি দল অংশগ্রহণ করার সুযোগ তৈরি হলেও পরের দলগুলোর সঙ্গে ব্যবধান পয়েন্ট বেশি না থাকায় বাকি ম্যাচগুলোতে জয় আবশ্যক এর্নেস্তো ভালভের্দের শিষ্যদের।
আরও পড়ুন: ফিরে আসা কাকে বলে, দেখিয়ে দিল বার্সেলোনা
সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল রয়েছে পাঁচে এবং ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল বেতিস রয়েছে ছয়ে। তাই বাকি ম্যাচগুলোতে পা হড়কালে এই দুই দল বিলবাওকে পেছনে ফেলে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারে।
ফলে এই ম্যাচে মাঠে নামার আগে জয়ের লক্ষ্য নিয়েই মাদ্রিদে এসেছিল বিলবাও। তবে রিয়ালের আক্রমণের তোড়ে কিছুক্ষণের মধ্যেই ‘প্ল্যান বি’ বাস্তবায়নে মনোযোগ দিতে দেখা যায় দলটির খেলোয়াড়দের।
রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে লো-ব্লক ডিফেন্স শুরু করে তারা। পুরো ম্যাচে মাত্র ২৭ শতাংশ সময় পজেশন ধরে রাখতে সক্ষম হয় দলটি। এর মধ্যে দ্বিতীয়ার্ধে কেবল একটি শট লক্ষ্যে রাখলেও প্রথমার্ধে তা-ও নিতে ব্যর্থ হয়। অন্যদিকে, ৭৩ শতাংশ সময় বলের ওপর দখল রেখে ম্যাচজুড়ে মোট ২২টি শট নেয় রিয়াল মাদ্রিদ, যার ১৭টিই ছিল দ্বিতীয়ার্ধে।
৪২৪ দিন আগে
গুরুত্বপূর্ণ সময়ে লেভানডোভস্কির চোট, বিপদে বার্সেলোনা
আর্থিক সংকটের কারণে স্কোয়াডের ব্যাপ্তি বাড়াতে না পারার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বার্সেলোনা। মৌসুমের শেষে এসে যখন সম্ভাব্য সবগুলো শিরোপা জয়ের সম্ভাবনা দলটির জন্য জোরালো হচ্ছে, ঠিক তখনই টানা ম্যাচ খেলে চলায় একের পর এক দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা চোট পেয়ে ছিটকে যাচ্ছেন।
শনিবার (২০ এপ্রিল) রাতে ঘরের মাঠে অসাধারণ এক প্রত্যাবর্তনে সেল্তা ভিগোর কাছ থেকে জয় ছিনিয়ে নেয় হান্সি ফ্লিকের দল।
দুই বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলতে শুধু এই ম্যাচটি নয়, লিগের অবশিষ্ট ম্যাচগুলোতেও জয়ের বিকল্প নেই কাতালানদের। তাছাড়া আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। এরপর ১ ও ৭ মে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সেরি-আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ১১ মে-ই আবার লিগে রিয়ালকে ঘরের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনা। সব মিলিয়ে মহা গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহ অপেক্ষা করছে দলটির সামনে।
আরও পড়ুন: হারের শঙ্কা জাগিয়েও সাত গোলের থ্রিলার জিতল বার্সেলোনা
মৌসুমজুড়ে যে পারফরম্যান্স উপহার দিয়ে এই পর্যায়ে এসেছে হান্সি ফ্লিকের দল, তাতে বার্সা সমর্থক থেকে শুরু করে ফুটবল সমালোচক—সবার কাছেই এ মৌসুমের সম্ভাব্য সব শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার কাতালান জায়ান্টরা।
তবে নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগ এবং সব প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে থাকায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার ফুসরত পাচ্ছেন না দলটির খেলোয়াড়রা, যার প্রভাব পড়ছে তাদের শরীরে। আর সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই তা প্রকাশিত হয়ে এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য।
সেল্তা ম্যাচে পায়ের পেশিতে টান লাগায় ৭৮তম মিনিটে মাঠ ছাড়েন দলের সর্বোচ্চ গোলদাতা রবের্ট লেভানডোভস্কি। এরপর আজ (রবিবার) তার স্বাস্থ্য পরীক্ষার পর ভক্তদের দুঃসংবাদ শুনিয়েছে বার্সেলোনা। ক্লাবের বিবৃতিতে তার হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
এই চোটের ফলে অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। তা সত্যি হলে কোপা দেল রের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবেন না ফ্লিক। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগে তার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন: ফিরে আসা কাকে বলে, দেখিয়ে দিল বার্সেলোনা
গত সপ্তাহে লিগ ম্যাচে চোটে পড়েন দলটির লেফট ব্যাক আলেহান্দ্রো বালদে। তিনিও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
বালদের অনুপস্থিতিতে বার্সার রক্ষণ খানিকটা দুর্বল হয়ে গেছে। মাঠের খেলায় তা স্পষ্টতই চোখে পড়ে। এদিকে, দলটির সব শিরোপা জয়ের সম্ভাবনাকে সব শিরোপা হাতছাড়া হওয়ার আশঙ্কায় পরিণত করেছে লেভানডোভস্কির অনুপস্থিতি।
৪২৫ দিন আগে
ফিরে আসা কাকে বলে, দেখিয়ে দিল বার্সেলোনা
পিএসজির বিপক্ষে বার্সেলোনার সেই ঐতিহাসিক ‘রেমন্তাদা’র কথা মনে আছে নিশ্চয়ই। ওই রকম না হলেও উত্তেজনার অন্যরূপ দেখিয়ে, নাটকীয়তার চরমে উঠে আরও একটি ফিরে আসার গল্প লিখল কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়ন্স লিগের আবহে গত সপ্তাহজুড়ে রিয়াল মাদ্রিদ জগতে চর্চিত ছিল ‘ফিরে আসার গল্প’ বা রেমন্তাদা। কামব্যাকের আরও একটি গল্প লেখার প্রত্যয়ে দলটির খেলোয়াড় থেকে সমর্থক—সবাই মুখে ‘রেমন্তাদা’র ফেনা তুলে ফেললেও শেষ পর্যন্ত আর্সেনালের কাছে হেরে বসে। দুই লেগেই হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটিকে।
ওই ঘটনার তিন দিন পরই কাকতালীয়ভাবে লা লিগায় রেমন্তাদা, অর্থাৎ ফিরে আসার নাটক রচনা করল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
ফুটবলের অপকৌশল খ্যাত রক্ষণাত্মক ফুটবল যে সেল্তা ভিগো খেলতে জানে না, তা অনেক আগে থেকেই সবার জানা। দলটির অধিনায়ক ও ফরোয়ার্ড ইয়াগো আসপাসের ক্ষিপ্রতার কথা কে না জানে! তার ওপর আবার চলতি মৌসুমে আক্রমণে ধার বাড়িয়েছে দলটি। বোরহা ইগলেসিয়াসকে দলে ভিড়িয়েছে তারা। ফলে এই আক্রমণ-শক্তির সামনে বার্সেলোনার হাই লাইন ডিফেন্স ঠিক কতটা কার্যকর হয়, ছিল তা-ই দেখার অপেক্ষা।
মাঠের খেলায় নিজেদের নামের প্রতি সুবিচারে একটুও কমতি রাখেনি সেল্তা। আসপাসকে শুরুর একাদশে না রাখা হলেও ঝলক দেখিয়েছেন ইগলেসিয়াস।
আরও পড়ুন: হারের শঙ্কা জাগিয়েও সাত গোলের থ্রিলার জিতল বার্সেলোনা
ফ্লিকের অফসাইডের ফাঁদ ভাঙতে দলটি যে বিশেষ অনুশীলন করে মাঠে নেমেছে, তা খেলা শুরুর পর তাদের একের পর এক নির্ভুল লং পাস ও সুনিপুণভাবে অফসাইড এড়িয়ে আক্রমণে ওঠা থেকেই বোঝা যাচ্ছিল। আর এই খেলার কাছেই এদিন দিশেহারা হয়ে যায় তারুণ্যনির্ভর বার্সেলোনা। সেল্তাকে কীভাবে থামাবে তা কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না কুবারসি, কুন্দে, ইনিগো মার্তিনেসরা।
ফলে দ্বাদশ মিনিটে পেদ্রির থ্রু বল ধরে অসাধারণ নৈপুণ্যে ফেররান তোরেস দলকে এগিয়ে নিলেও মিনিট চারেক পরেই সেল্তাকে সমতায় ফেরান বোরহা। এখানেও সেই ডিফেন্সভাঙা কৌশলে সাফল্যস্বরূপ গোলের দেখা পান তিনি।
এ সময় বার্সার ডিফেন্স চিরে সতীর্থের দুর্দান্ত পাস পেয়ে এগিয়ে যান ইকের লোসোদা। এরপর বিপরীত পাশে ইগলেসিয়াসের উদ্দেশে পাস বাড়ান তিনি। এ সময় ভয়চিয়েখ স্টান্সনি এগিয়ে এসে ঝাঁপিয়ে পাসটি নিষ্ক্রিয় করতে চেয়েও ব্যর্থ হন। আর প্রথম ছোঁয়াতেই উন্মুক্ত গোলে বল পাঠান ৩২ বছর বয়সেও ছুটে চলা এই স্প্যানিশ স্ট্রাইকার।
৪২৬ দিন আগে
হারের শঙ্কা জাগিয়েও সাত গোলের থ্রিলার জিতল বার্সেলোনা
একই বলে ফিরে আসা। শুরুতে এগিয়ে গিয়েও টানা তিন গোল হজম, এরপর চকিতে দুই গোল দিয়ে সমতায় ফেরার পর প্রতিপক্ষের ওপর অবিরাম চাপ রেখে শেষ মুহূর্তে জয় তুলে নেওয়া—এমনই এক নাটকীয় ফিরে আসার গল্প রচনা করল বার্সেলোনা।
লা লিগার ৩২তম রাউন্ডের ম্যাচে শনিবার ঘরের মাঠে প্রায় হেরেই বসেছিল কাতালানরা। তবে শ্রম দিয়ে ভাগ্য গড়ে দুর্দান্ত সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ ব্যবধানের জয় তুলে মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
এদিন ম্যাচের দ্বাদশ মিনিটে গোল পেয়ে এগিয়ে গেলেও তিন মিনিটের মধ্যে বোরহা ইগলেসিয়াসের গোলে সমতায় ফেরে সেল্তা। এরপর এই ফরোয়ার্ডের টানা হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে একপর্যায়ে।
তবে তারপর থেকেই দাপট দেখিয়ে দুই গোল করার পর অব্যাহত চাপের ফল হিসেবে একেবারে শেষ মুহূর্তে পেয়ে যায় পেনাল্টি। তা থেকে দলকে জিতিয়ে সমর্থকদের উল্লাসে ভাসান রাফিনিয়া।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান সাতে নিয়ে গেল বার্সেলোনা। ৩২ ম্যাচে ২৩ জয় ও চার ড্রয়ে দলটির পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৬। রবিবার রাতে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আথলেতিক বিলবাও। ম্যাচটি জিততে পারলে ব্যবধান ফের চারে নামাবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
পড়ুন ম্যাচের গল্প: ফিরে আসা কাকে বলে, দেখিয়ে দিল বার্সেলোনা
৪২৬ দিন আগে
বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ইন্টার মিলান
ইন্টারের ডেরা থেকে জয় নিয়ে যাওয়া যে ভীষণ কঠিন, তা জেনেও অদম্য উদ্যোমে সেই অসাধ্য সাধন করতে চেয়েছিলেন হ্যারি কেইন-থমাস মুলাররা। তবে শত চেষ্টা করেও সাফল্যের দেখা পাননি তারা। এগিয়ে যাওয়ার পর উল্টো পিছিয়ে পড়ে পরে ম্যাচ ড্র করলেও সামগ্রিক ফলাফলে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে বাভারিয়ানদের।
বুধবার রাতে ইতালির সান সিরো স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।
তবে প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্নের ২-১ গোলের হারই দুই লেগের এই লড়াইয়ে ব্যবধান গড়ে দিয়েছে। আর ৪-৩ অগ্রগামিতায় সেমিফাইনালে উঠে গেছে সিমোনে ইনজাগির শিষ্যরা।
এদিন প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে পরিষ্কার এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় বায়ার্ন। ইন্টার মাত্র একটি শট লক্ষ্যে রাখলেও তা থেকে সফলতা পায়নি। ফলে স্কোরবোর্ড অপরিবর্তিত রেখেই বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরেই গোল করে দলকে অগ্রগামিতায় সমতায় ফেরান কেইন। তবে ৫২ মিনিটে করা ওই গোলের আনন্দ ম্লান হয়ে যায় ছয় মিনিট পরই। ম্যাচের ৫৮ ও ৬১তম মিনিটে যথাক্রমে লাউতারো মার্তিনেস ও বায়ার্ন ছেড়ে গত গ্রীষ্মে ইন্টারে যোগ দেওয়া বেনিয়ামিন পাভার্দ বল জালে পাঠালে চকিতে দুই গোলে পিছিয়ে পড়ে জার্মানরা।
ইন্টারের জার্সিতে এদিন প্রথম গোলের দেখা পান পাভার্দ, আর সেটিও তার পুরনো ক্লাবের বিপক্ষে। আর টানা পাঁচ ম্যাচ জালের দেখা পেয়ে ইন্টার খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়ে ফেলেন লাউতারো। ক্লাবটির ইতিহাসের প্রথম কোনো খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়ল।
৭৬তম মিনিটে অবশ্য এরিক ডায়ার গোল পেলে ফের স্বপ্ন দেখতে শুরু করে বায়ার্ন, কিন্তু ইন্টারের অভেদ্য রক্ষণ আর সুযোগ পেলেই পাল্টা আক্রমণ দলটিকে অলআউট আক্রমণে উঠতে দেয়নি। ফলে গোলও আর পাওয়া হয়নি। এর ফলে হতাশা সঙ্গী করে ঘরে ফিরতে হয় ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের।
আর এর সঙ্গে শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগে থমাস মুলারের বর্ণিল এক অধ্যায়। বায়ার্ন মিউনিখে এটিই যে শেষ মৌসুম, তা তিনি জানিয়ে দিয়েছিলেন আগেই। এবার হেরে বিবর্ণ বিদায় নিতে হলো বছরের পর বছর ধরে বায়ার্নকে সেবা দিয়ে আসা এই সৈনিককে।
৪২৯ দিন আগে
ব্যাপক তোড়জোড় করেও হেরে গেল রিয়াল, সেমিফাইনালে আর্সেনাল
ফিরে আসার নানা গল্প, একের পর এক ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, বের্নাবেউয়ের ছাদ অবরুদ্ধ করে ম্যাচের আয়োজন—সব বৃথা গেল রিয়াল মাদ্রিদের। যাবে না-ই বা কেন, আসল যে কাজ, অর্থাৎ মাঠের খেলায় যা করে দেখানোর দরকার ছিল, সেটাই যে করতে পারেনি তারা। উল্টো শেষদিকে গোল খেয়ে আবারও হেরে নিদারুণ এক বিদায় নিতে হয়েছে দলটির।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি আর্সেনালের কাছে ২-১ ব্যবধানে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
এই ফলাফলে সামগ্রিক লড়াইয়ে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-১-এ। এমিরেটস স্টেডিয়ামে গত সপ্তাহে ৩-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই একটি করে পেনাল্টি পেলেও বাজে শট নিয়ে থিবো কোর্তোয়ার হাতে ধরা পড়েন বুকায়ো সাকা। কিছুক্ষণ পর এমবাপ্পেকে পেনাল্টি দিয়েও পাঁচ মিনিটের দীর্ঘ ভিএআর রিভিউ শেষে তা বাতিল করে দেন রেফারি।
৩ গোলের ব্যবধান কমানোর লক্ষ্যে মাঠে নামলেও প্রথমার্ধে গোল করা তো দূরের কথা, গোলে একটি শটও নিতে পারেনি রিয়াল। পক্ষান্তরে চারটি শটের তিনটিই লক্ষ্যে রাখে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে তিনটি করে শট লক্ষ্যে রাখে দুদলই, তবে তা থেকে আর্সেনাল দুটি ও রিয়াল একটিকে গোলে পরিণত করতে সক্ষম হয়।
আরও পড়ুন: হ্যাটট্রিক করেও হতাশ গিরাসি, হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
ম্যাচের ৬৫তম মিনিটে প্রথম স্কোরবোর্ডে পরিবর্তন আনেন আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা। এর দুই মিনিট পর নিজেদের ভুলে ভিনিসিয়ুসের কাছে গোল খায় লন্ডনের দলটি। পরে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
এর ফলে আর্সেনালের বিপক্ষে প্রথম জয়ের খোঁজ আরও দীর্ঘ হলো রিয়ালের। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকেই এবার বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়নদের।
অন্যদিকে, ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল আর্সেনাল। ২০০৮/০৯ মৌসুমে আর্সেন ওয়েঙ্গার সবশেষ দলটিকে ইউরোপের এলিট এই টুর্নামেন্টের সেমিফাইনালে তুলেছিলেন।
অপর ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। তবে ঘরের মাঠে প্রথম লেগ ২-১ গোলে হারায় সামগ্রিক লড়াইয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
আরও পড়ুন: বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ইন্টার মিলান
এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের সেরা চার দল নিশ্চিত হয়েছে। এর মধ্যে আগামী ২৯ এপ্রিল ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দেবে আর্সেনাল এবং পরের রাতে বার্সেলোনার মাঠে খেলতে নামবে ইন্টার।
পরের সপ্তাহে ৬ মে ইন্টার-বার্সা এবং ৭ মে পিএসজি-আর্সেনালের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
৪২৯ দিন আগে
হ্যাটট্রিক করেও হতাশ গিরাসি, হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
হান্সি ফ্লিকের অধীনে বদলে যাওয়া বার্সেলোনার আক্রমণের যে ধার, তার বিন্দুমাত্রও দেখা মিলল না পুরো ম্যাচজুড়ে। ঘর সামলাতেই পার হয়ে গেল নিজেদের খুঁজে ফেরা দলটির সময়। মাঝে তিনটি গোল হজম করে হেরেও গেল, তবুও অগ্রগামিতায় এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।
জার্মানির জিগনাল ইডুনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৪-০ গোলে হেরে থাকায় সেমিফাইনালে ওঠার জন্য পর্যাপ্ত হয়নি দ্বিতীয় লেগের এই জয়। দুই লেগ মিলিয়ে অগ্রগামিতায় ৫-৩ গোলে পিছিয়ে থাকায় শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে নিকো কোভাকের শিষ্যদের।
এই ম্যাচে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন অবশ্য ডর্টমুন্ডের গিনিয়ান স্ট্রাইকার সেরহু গিরাসি। দলের তিনটি গোলের সবগুলো এসেছে তার পা থেকে। হ্যাটট্রিকের রাতে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়, হয়েছেন এখন পর্যন্ত টুর্মামেন্টের সর্বোচ্চ গোলদাতাও; দলকে জেতানোর রাতে তবুও থেমেছে তার যাত্রা।
বার্সেলোনা এদিন নিজেদের পা থেকে কোনো গোলই করতে পারেনি। একটি গোল যে পেয়েছে, তাও ডর্টমুন্ডের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া আত্মঘাতী গোল।
তারা যে কতটা নিষ্প্রভ ছিল, পরিসংখ্যানের দিকে তাকালেই তার আভাস পাওয়া যায়। ম্যাচজুড়ে ৫৪ শতাংশ সময় পজেশন ধরে রাখলেও মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পারেন লেভানডোভস্কি, রাফিনিয়ারা। অপরদিকে, মোট ১৮টি শটের ১১টি লক্ষ্যে রাখে ডর্টমুন্ড।
আরও পড়ুন: লামিন, রাফিনিয়ার রেকর্ডের রাতে সবার আগে কোয়ার্টারে বার্সেলোনা
এর ফলে টানা ২৪ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল ফ্লিকের শিষ্যদের। নতুন বছরে এটিই তাদের প্রথম হার। অবসর ভেঙে ফেরা পোলিশ গোলরক্ষক ভয়চিয়েখ স্টান্সনিরও বার্সার জার্সিতে হয়েছে প্রথম হারের অভিজ্ঞতা। নিজের ২৩তম ম্যাচে এসে হারলেন তিনি।
৪৩০ দিন আগে
কষ্টের জয়ে এগিয়ে যাওয়ার রাতে বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ
বলের দখলে আধিপত্য বিস্তার করলেও ধারহীন আক্রমণেরে কারণে ম্যাচজুড়ে ভুগতে হলো বার্সেলোনাকে। তবে ভাগ্যের ছোঁয়ায় প্রতিপক্ষের দেওয়া আত্মঘাতী গোল ও তাদের বেশ কয়েকটি আক্রমণ থেকে বেঁচে যাওয়ায় তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।
মাদ্রিদের বুতার্কে স্টেডিয়ামে শনিবার (১২ এপ্রিল) রাতে লা লিগার ৩১তম রাউন্ডের ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।
এতে করে ২২ জয় ও চার ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
লিগে প্রথম দেখায় ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে একই ব্যবধানে হারে বার্সেলোনা। ফিরতি লেগে এসে তার প্রতিশোধ নিল তারা।
অবশ্য ঠিক প্রতিশোধ বলা চলে না। কারণ মাঠে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরালেও তেমনভাবে সুযোগ তৈরি করতে পারেনি দলটি। অন্যদিকে বেশ কয়েকটি দারুণ আক্রমণ শানিয়েছিল লেগানেস, তা থেকে গোলও আদায় করতে পারত দলটি। মাঝে একবার বল জালেও জড়িয়েছিল তারা, কিন্তু অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। শেষের দিকে সময়ক্ষেপণ করে ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ার জন্য শিষ্যদের ইঙ্গিত করতে দেখা যায় ফ্লিককে। শেষ পর্যন্ত হয়েছেও তাই।
হারলেও ম্যাচ শেষে তাই কিছুটা তৃপ্তি ঝরেছে লেগানেস কোচ বোর্হা হিমেনেসের কণ্ঠেও, ‘আজ আমরা বার্সেলোনার মতো একটি দলকে সময় নষ্ট করতে এবং শেষের বাঁশি চাইতে বাধ্য করেছি।’
এই জয়ে শীর্ষস্থান মজবুত করে লিগ শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।
তবে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের রাতের স্বস্তিতে নেই দলটি। চোট পেয়ে প্রথমার্ধে বিরতির আগে মাঠ ছাড়তে হয় বার্সার তরুণ ফুলব্যাক আলেহান্দ্রো বালদেকে।
৪৩৩ দিন আগে