অন্যান্য
এবার বাসভবনে নিরাপত্তা বাড়াচ্ছেন সালমান খান
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মী বলিউড সুপারস্টার সালমানের বাসভবন গ্যালাক্সির বাইরে নতুন করে সিসিটিভি ক্যামেরা সংযোগ দিচ্ছেন। এর পাশাপাশি আনা হচ্ছে ভবনটির অবকাঠামোগত কিছু পরিবর্তন। বিশেষ করে আরও জোরদার করা হচ্ছে জানালার কাঁচ এবং বারান্দার কাঠামো।
গত বছর এপ্রিলে গ্যালাক্সির বাইরে লরেন্স বিষ্ণু গ্যাং সালমান খানকে লক্ষ্য করে গুলি চালায়। এ হামলার পর ফেসবুক পোস্টে লরেন্সের ভাই আনমল বিষ্ণু জানান, তিনিই সালমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে সুপারস্টার সালমানকে।-খবর ইন্টারনেটের
এ নিয়ে বেশ কয়েকবার জীবননাশের হুমকি পেয়েছেন সালমান। গত অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর জনসমক্ষে আসা কমিয়েছেন তিনি। তাকে যখনই কোনো অনুষ্ঠানে দেখা গেছে, সঙ্গে ভারী অস্ত্রসহ দেহরক্ষীদের বিশাল বহর ছিল।
আরও পড়ুন: '৫ কোটি রুপি না দিলে বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে': সালমান খানকে হুমকি
যদিও এত হুমকি ধামকির মধ্যেও পেশাগত জীবন থেকে দূরে সরেননি সুপারস্টার। সম্প্রতি রোহিত শেঠির সিংহাম এগেইন এবং বেবি জন সিনেমায় বিশেষ দৃশ্যের শুটিং শেষ করেছেন। এছাড়া ঈদ সামনে রেখে কাজ করছেন সিকান্দার ছবিতে।
ইতোমধ্যে সিকান্দার ছবির ট্রিজার প্রকাশ পেয়েছে। সেখানে সালমান একটি সংলাপে বলেছেন, ‘শুনেছি বহু মানুষ আমার পিছে লেগে আছে। এখন শুধু ঘুরে দাঁড়ানো বাকি।’ ভক্তরা সালমানের এই সংলাপকে বিষ্ণু গ্যাংয়ের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
৬৬০ দিন আগে
অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান
শুক্রবার বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের বিয়ের গুঞ্জন চলে জোরেশোরে। অবেশেষে আজ (রবিবার) নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।
এর আগে, বিয়ের গুঞ্জন নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
তবে শনিবার সন্ধ্যায় ফেসবুকে দুজনের একটি ছবি শেয়ার করলেও বিস্তারিত আর কিছু জানানতি তিনি। পরে আজ একটি সংবাদমাধ্যমকে রোজা আহমেদের সঙ্গে নিজের বিয়ের কথা নিশ্চিত করেছেন তাহসান।
তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
আরও পড়ুন: সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
এদিকে, রবিবার (৫ জানুয়ারি) স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রোজা আহমেদ যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে।
ছবিগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
৬৬১ দিন আগে
সন্ধ্যায় ‘বিয়ের গল্প’ বলবেন তাহসান
গতরাত থেকেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব। অনেক গণমাধ্যমেও বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের খবর প্রকাশিত হয়েছে।
তাহসান-রোজার বিয়ের খবর ভাইরাল হওয়ার পর থেকে এই যুগলকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিনোদন অঙ্গনের শিল্পীদের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।
তবে গণমাধ্যমে তাহসান বলেছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি।
এ বিষয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
আরও পড়ুন: সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।
অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।
ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে এক দশকের বেশি সময় সংসার করার পর ২০১৭ সালের ৪ অক্টোবর আচমকা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তারপর কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মিথিলা।
৬৬২ দিন আগে
সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
বছর শুরু হতেই নতুন খবরে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। এরইমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। যদিও তাহসান বলছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষেই তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন।পরে নিউ ইয়র্কের কুইনসে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠান দিয়েছেন। গেল এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত।পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তিনি উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।দেশের বিনোদন শিল্পজগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত-ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান তিনি। পাশাপাশি বড় ও ছোট পর্দায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
৬৬২ দিন আগে
স্কুইড গেম সিজন-২: জনপ্রিয় যেসব চরিত্র
একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত কোরিয়ান ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নেটফ্লিক্সে একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পায় ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি।
হোয়াং ডুং-হিয়কের পরিচালনায় খেলাকে ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিটি চরিত্রের সুখ-দুঃখ, হতাশা ও আভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিপূর্ণ জটিল মনস্তত্ত্ব। প্রথম কিস্তির মতো এবারেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে থ্রিলার সিরিজটির বৈচিত্র্যপূর্ণ চরিত্রগুলো। চলুন, সেগুলোর মধ্য থেকে সর্বাধিক জনপ্রিয় ৮টি চরিত্রের নানা দিক সম্বন্ধে পর্যালোচনা করা যাক।
স্কুইড গেম সিজন ২-এর শীর্ষ ৮টি চরিত্র
.
সংগি-হন: প্লেয়ার ৪৫৬| লি ঝুং-জে
বিজয়ী হিসেবে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি সং গি-হন তিন বছরেরও বেশি সময় ধরে খুঁজে চলেছে বেনামী ‘রিক্রুটার’কে। উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে অমানবিক স্কুইড গেমকে ধ্বংস করা। দ্বিতীয় সিজনে তার এক বিস্ময়কর এবং অনুপ্রেরণাদায়ক রূপান্তর দেখা গেছে। আর তা হচ্ছে- এক সময়ের ঋণগ্রস্ত জুয়ারি থেকে পাল্টে গিয়ে আবেগপ্রবণ ও নৈতিক দ্বন্দ্বে জর্জরিত ব্যক্তির আগমন। ইল-নাম (প্লেয়ার ০০১)’কে রক্ষা করা থেকে শুরু করে পুরো সিস্টেমের বিরুদ্ধে তার একাকী ভূমিকা প্রধান চরিত্র হিসেবে ন্যায্যতা পেয়েছে। কোমলতা ও অটল সংকল্পের নিবিষ্ট মেলবন্ধনের চিত্রায়নের জন্য থ্রিলারপ্রেমিরা আলাদাভাবে মনে রাখবেন লি ঝুং-জে’কে।
আরো পড়ুন: কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
কিম ঝুন-হি: প্লেয়ার ২২২| ঝো ইউ-রি
পেছনের গল্পটা না জানা গেলেও গর্ভবতী অবস্থায় টুর্নামেন্টে অংশ নেওয়া কিম ঝুন-হি বেশ শক্তিশালী একটি চরিত্র। সহ প্রতিযোগী লি মাইয়ং-গি’র পাশে দাঁড়ানোর বিষয়টি তার নৈতিক অবস্থানকে বিশেষায়িত করে। এছাড়াও কিম ইয়ং-মি’র ভাগ্য নির্ধারণের দৃশ্যগুলোতে কিম ঝুন-হি’র বাস্তববাদী চিন্তা চরিত্রটিতে নতুন পর্যায় যোগ করে। তার শান্ত আচরণ এবং পক্ষপাতহীনতা তাকে স্বতন্ত্রতার পাশাপাশি দিয়েছে মর্যাদা। গল্পে অন্যান্য প্রতিযোগীদের মতো পর্দার বাইরে থেকে দর্শকরাও তার এই স্বকীয়তাকে গভীরভাবে অনুভব করেছে।
ছো হিয়ন-জু: প্লেয়ার ১২০| পার্ক সং-হুন
অস্ত্রপোচারের মাধ্যমে শারীরিক পরিবর্তনের খরচ যোগাতে খেলায় অংশ নেয় ট্রান্সজেন্ডার ছো হিয়ন-জু। তার অংশগ্রহণের আরও একটি উদ্দেশ্য হচ্ছে তার মতো জীবনধারণ করা মানুষগুলোকে অনুপ্রাণিত করা। তার এই মহানুভব দিকটি প্রকাশিত হয় প্রতিযোগিতার ‘গ্লাস ব্রিজ’ নামের শ্বাসরুদ্ধকর পর্বটিতে। যখন তার স্বীকারোক্তিতে উঠে আসে যে, সে শুধু নিজের জন্য এখানে আসেনি। তার আবেগঘন মুহূর্তগুলো গেমের নিষ্ঠুরতা ও বিশৃঙ্খলার মাঝে এক চিলতে মানবিক পরশ হিসেবে কাজ করেছে। সেই সঙ্গে তার সাহসিকতা তাকে করে তুলেছে সিজনের সবচেয়ে প্রভাবশালী।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
ঝাং জিয়ম-ঝা: প্লেয়ার ১৪৯| খাং এ-শিম
ছেলে ইয়ং-সিককে ঋণের বোঝা থেকে মুক্ত করতে মা ঝাং জিয়ম-ঝায়ের প্রবেশ ঘটে এই প্রাণঘাতী খেলায়। কিন্তু টুর্নামেন্টে প্রবেশের পর তার ছেলেকেও সে একজন প্রতিযোগী রূপে দেখতে পায়। সবচেয়ে মর্মান্তিক রেড লাইট গ্রিন লাইট রাউন্ডে তার আকস্মিক ধাক্কা ও অনুশোচনা সত্ত্বেও সে অদম্য স্পৃহা নিয়ে সামনে অগ্রসর হয়। হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা প্রজ্জ্বলন ও ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা ভিন্ন মাত্রা লেপন করেছে এই চরিত্রের ওপর। কুসংস্কারাচ্ছন্নতা ও ছো হিয়ন-জুয়ের সঙ্গে তার বন্ধুত্ব চিহ্নিত করেছে তার বৈশিষ্ট্যের চড়াই-উৎড়াইগুলোকে। সব মিলিয়ে ঝাং জিয়ম-ঝা একাই পুরো নির্দয় উপাখ্যানকে টেনে নিয়ে গেছেন ফ্যামিলি ড্রামার রজ্জুতে বেঁধে।
৬৬৬ দিন আগে
কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
সদ্য মুক্তিপ্রাপ্ত সিজন ২- এর রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো সাড়া জাগানো কোরিয়ান সিরিজ স্কুইড গেমের সিজন ৩- এর ঘোষণা। অবশ্য দ্বিতীয় কিস্তির ইতি যেভাবে টানা হয়েছে তাতে আরও যে একটি নতুন সিজন আসতে চলেছে তা বলাই বাহুল্য। তবে এবার আসন্ন সেই কিস্তির মধ্যে দিয়েই শেষ হতে যাচ্ছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজটি। চলুন, বিগত সিজনগুলোর পটভূমিতে নতুন সিজনের ব্যাপারে ভক্তদের উৎকণ্ঠা এবং সেই কাঙ্ক্ষিত স্কুইড গেম তৃতীয় সিজন মুক্তির দিনক্ষণটি জেনে নেওয়া যাক।
স্কুইড গেম বৃত্তান্ত
শিশুদের খেলা দিয়ে হলেও ভয়ঙ্কর প্রাণঘাতী ফলাফল সমন্বিত একটি প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত এই ডিস্টোপিয়ান সিরিজ। প্রাণের ভয় থাকার পরেও ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন জেতার লোভে গেমে অংশ নেয় ৪৫৬ জন তরুণ-তরুণী। এই প্রতিযোগিদের মধ্যকার আবেগ ও উৎকণ্ঠার সন্নিবেশে সার্ভাইভাল সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডুং-হিয়ক। তার সঙ্গে যৌথভাবে সিরিজটির নির্বাহী প্রযোজনায় ছিলেন কিম ঝি-ইয়ান, যিনি সিজন-২ তে সরাসরি প্রযোজনায় সম্পৃক্ত হয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন লি ঝুং-জে এবং গুরুত্বপূর্ণ চরিত্র দ্যা ফ্রন্ট ম্যানের ভূমিকায় আছেন লি বিয়ং-হান।
আরো পড়ুন: মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
এক নজরে বিগত দুই সিজন
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়া প্রথম সিজনে দর্শকরা পরিচিত হন স্কুইড গেমের সঙ্গে। প্রতিযোগিতায় মূল চরিত্র সং গি-হানের জয়লাভের মধ্য দিয়ে শেষের দিকে আবির্ভাব ঘটে গেমের নেপথ্যে থাকা রহস্যময় দ্যা ফ্রন্ট ম্যানের। তারপর তিন বছরের দীর্ঘ বিরতির পর গত ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসে সিজন-২। এ অংশে বিজয়ী গি-হান পুনরায় অংশ নেয় গেমে। কিন্তু এবার জিততে নয়, বরং তার একমাত্র উদ্দেশ্য থাকে পুরো গেমকে ধ্বংস করা।
সিজন ৩ নিয়ে ভক্তদের উত্তেজনা
দ্বিতীয় কিস্তির সিজন ফিন্যালের পরিণতিসহ পোস্ট-ক্রেডিট সিনটি দর্শকদের নতুন সিজন দেখার আগ্রহকে অনেক বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যায় খেলার রেড লাইট-গ্রীন লাইট পর্বের সেই স্কুল ইউনিফর্ম পরিহিত ভয়ঙ্কর রোবট কিশোরীকে। নির্মাতা হোয়াং নিজেও নতুন সিজনের সম্ভাব্য গন্তব্যের ব্যাপারে বলতে যেয়ে এই ক্লিপটি ভালভাবে দেখার ইঙ্গিত দিয়েছেন। পরিচালকের বিবৃতির অনুসারে, তৃতীয় সিজনে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে আবির্ভূত হবে গি-হান চরিত্রটি। এই ঘোষণা ভক্তদের কৌতূহলে রীতিমত অগ্নুৎপাত ঘটিয়েছে। সকলের চিন্তা ভাবনা এখন গি-হানের পরিবর্তন নিয়ে। কাছের সব বন্ধুদের হারানো এবং একের পর এক ব্যর্থতার মুখোমুখি হওয়া গি-হানের আবির্ভাবটা কেমন হতে যাচ্ছে! তার পরের পদক্ষেপ কী হবে? তার ভেতর কি অন্য কোনও রূপ লুকিয়ে আছে? দ্যা ফ্রন্ট ম্যানের প্রতি তার প্রতিক্রিয়াটা কেমন হতে যাচ্ছে? এরকম প্রশ্ন উত্তেজনার খোরাক যোগাচ্ছে কোরিয়ান থ্রিলারপ্রেমিদের মধ্যে।
আরো পড়ুন: ‘ব্ল্যাক মানি’: পূজা চেরী ও রুবেলকে নিয়ে রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ
কবে মুক্তি পাচ্ছে ‘স্কুইড গেম’ সিজন ৩
দ্বিতীয়টি সম্প্রচারের আগেই রিনিউ করা হয়েছিলো তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। হোয়াংয়ের বিবৃতিতে সুনির্দিষ্ট তারিখটি না থাকলেও বলা হয়েছে যে, ২০২৫ সালের সামার বা ফলে প্রিমিয়ারের সম্ভাবনা রয়েছে চূড়ান্ত সিজনের।
শেষাংশ
নির্মাতা হোয়াংয়ের বিবৃতি অনুসারে আশা করা যাচ্ছে, ২০২৫ সালের জুন পরবর্তী সময়ের মধ্যে মুক্তি পেতে পারে স্কুইড গেম সিজন ৩। দ্বিতীয় কিস্তির রূদ্ধঃশ্বাস পরিণতিতে সমূহ উত্তেজনার জোয়ারে ভাসছে ভক্তরা। আসন্ন মৌসুমে তাই সং গি-হানের নতুন রূপটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন কোরিয়ান সিরিজপ্রেমিরা। এই পরিপ্রেক্ষিত নিশ্চিত করছে যে, আগের সিজন দুটোর সাফল্যের ধারাবাহিকতা শেষ পর্যন্ত থাকবে।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
৬৬৭ দিন আগে
বাংলাদেশের সংগীত নিয়ে কাজ করতে চান রাহাত ফাতেহ আলী খান
বাংলাদেশের সংগীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে রবিবার (২২ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নিজের এই আগ্রহের কথা জানান তিনি।
এ সময় তথ্য উপদেষ্টা বলেন, ‘রাহাত ফাতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, উপমহাদেশ তথা সারা বিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে।’
শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।’
বাংলাদেশে আমন্ত্রণের জন্য রাহাত ফাতেহ আলী খানও বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।
৬৭৪ দিন আগে
ক্ষমা চেয়ে টিএসসিতে 'প্রিয় মালতি'র পোস্টার ছিঁড়লেন মেহজাবিন
আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) শঙ্খ দাশগুপ্ত পরিচালিত 'প্রিয় মালতি' সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর।
এই অভিনেত্রী ও পুরো টিম যখন সিনেমার প্রচারে ব্যস্ত, তখন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সোহাগী জাহান তনুর দেয়ালচিত্রের ওপর পোস্টার লাগানো নিয়ে হঠাৎ বিতর্কের সৃষ্টি হয়।
২০১৬ সালের মার্চে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করে দুর্বৃত্তরা।
পোস্টার লাগানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ব্যাপক সমালোচনার ঝড় উঠলে অবশেষে বুধবার সন্ধ্যায় টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর দেয়ালচিত্রের ওপর লাগানো পোস্টারটি ছিঁড়ে ফেলেন মেহজাবিন।
এর আগে সিনেমার প্রচারের জন্য টিএসসিতে গিয়ে নিজ হাতে বিভিন্ন দেয়ালে 'প্রিয় মালতি'র পোস্টার লাগিয়ে দেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেহজাবিনকে তনুর গ্রাফিতি আঁকা দেয়ালে পোস্টার লাগাতে দেখা যায়।
আরও পড়ুন: ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের ঢাকা কনসার্টের টিকেট কিনবেন যেভাবে
বিষয়টি নিয়ে অভিনেত্রী সমালোচনার মুখে পড়েন এবং নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তোলেন, তার মতো একজন তারকা কীভাবে তনু বা জুলাই আন্দোলনের গ্রাফিতিতে পোস্টার লাগিয়ে নিজের সিনেমার প্রচার করতে পারেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবিনকে নেটিজেনদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
রিফাত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মেহজাবিন আমার শহীদ বোন তনুকে চেনে না? দেয়ালচিত্রের উপর পোস্টার লাগানোর সাহস হয় কী করে? টিএসসিতে এই পোস্টার আমরা ছিঁড়ব না, মেহজাবিন চৌধুরী। আপনারা নিজেরাই এসে এই পোস্টারটি ছিঁড়ে ফেলবেন।’
এর কিছুক্ষণ পর মেহজাবিন টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে সরিয়ে ফেলেন তার প্রথম চলচ্চিত্র 'প্রিয় মালতি'র পোস্টার। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে ক্ষমাও চেয়েছেন তিনি।
ওই পোস্টে মেহজাবিন লেখেন, 'প্রিয় মালতি' ছবির প্রচারণার জন্য আমাদের দল আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিল। ছবিটির প্রচারে অনেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং প্রচণ্ড ভিড়ের কারণে প্রচারটি দ্রুত শেষ করতে হয়েছিল। প্রয়াত সোহাগী জাহান তনুর দেয়ালচিত্রের ওপর ভুল করে ও অনিচ্ছাকৃত একটি পোস্টার লাগানো হয়। তনুর মর্মান্তিক ঘটনার কথা আমরা সবাই জানি এবং তার হত্যার বিচারের জন্য লড়াই এখনও চলছে।’
তিনি আরও বলেন, 'পোস্টার নিয়ে যা ঘটেছে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, ভুল। আমরা তৎক্ষণাৎ পোস্টারগুলো সরিয়ে ফেলি এবং এক মিনিটের নীরবতাও পালন করি। আশা করি আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনা ক্ষমা করে দেবেন।’
তবে অনেক নেটারিক এই ঘটনাকে নেতিবাচক প্রচার এবং বিপণন কৌশল বলে অভিহিত করেছেন। ঘটনাটিকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
'প্রিয় মালতি' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। সামাজিক সংগ্রামের চিত্র তুলে ধরা নিম্ন-মধ্যবিত্ত নারীর চরিত্র মালতি রানী দাস। প্রাথমিকভাবে টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ১৫ বছরের ক্যারিয়ারের পরে চলচ্চিত্রটি তার প্রথম বড় পর্দায় উপস্থিতি।
২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া 'প্রিয় মালতি' সার্টিফিকেশন বোর্ড থেকে 'ইউ' রেটিং (সব বয়সের দর্শকদের জন্য উপযুক্ত) পেয়েছে এবং এরই মধ্যে বিশ্বের বিভিন্ন উৎসব থেকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সহযোগিতায় ফ্রেম পার সেকেন্ড প্রযোজিত এই ছবির লেখক ও পরিচালক শঙ্খ দাশগুপ্তের ফিচার ফিল্ম।
আরও পড়ুন: কবি হেলাল হাফিজ মারা গেছেন
৬৭৮ দিন আগে
ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের ঢাকা কনসার্টের টিকেট কিনবেন যেভাবে
বহুল প্রতীক্ষিত ‘ইকোস অফ রিভোলিউশন’ কনসার্টের মাহেন্দ্রক্ষণ একদম সন্নিকটে। আগামী ২১ ডিসেম্বর শনিবার কনসার্টের মধ্যমণি হয়ে পারফর্ম করবেন প্রখ্যাত পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এই জমকালো আয়োজন উপভোগের জন্য রাখা হয়েছে ডিজিটাল টিকেট বুকিং পদ্ধতি। ইতোমধ্যে শুরু হয়ে গেছে অনলাইন টিকেট বিক্রির কার্যক্রম। চলুন, রাহাত ফতেহ আলী খানের ঢাকা কনসার্টের টিকেট কেনার এই ইলেক্ট্রনিক প্রক্রিয়া সহ কনসার্টটির বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফতেহ আলী খানের কনসার্টের টিকেট কেনার উপায়
প্রথমে সরাসরি চলে যেতে হবে গেট সেট রক নামক অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে (https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01)। শুরুতেই দেখা যাবে তিন ধরনের টিকেট ক্যাটাগরি, যেগুলো নির্ধারণ করা হয়েছে কনসার্টে অবস্থানের ভিত্তিতে। ভিআইপি (১০ হাজার টাকা), ফ্রন্ট রো ( সাড়ে ৪ হাজার টাকা) এবং জেনারেল (আড়াই হাজার টাকা)।
তিনটির যেকোনোটিতে ক্লিক করলে নিচে ‘বাই এ টিকেট নাউ’ শিরোনামের ফর্মটি আসবে। এখানে ক্রমানুসারে নাম, ই-মেইল ঠিকানা, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ বসাতে হবে।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি বরবাদ ও দাগি: আবারও মুখোমুখি শাকিব খান ও আফরান নিশো
এই সিস্টেমের মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫টি টিকেট বুক দেওয়া যাবে। তাই সে অনুসারে প্রযোজ্য সংখ্যাটি টিকেট কোয়ান্টিটির ঘরে বসাতে হবে। তবে প্রত্যেকটিতেই থাকবে একক ও অদ্বিতীয় টিকেট নাম্বার এবং একটি টিকেট শুধুমাত্র একজনের জন্যই প্রযোজ্য।
ফর্মের নিচে উল্লেখিত র্শত স্বীকারক্তিতে টিক চিহ্ন দিয়ে ‘বাই নাউ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আসবে টিকেট মূল্য পরিশোধের পালা। এখানে অনলাইন পরিশোধের মাধ্যম হিসেবে মোবাইল পেমেন্ট গেটওয়ে, অনলাইন ব্যাংকিং এবং কার্ড ব্যবহার করা যাবে। এই পরিশোধের সঙ্গে সঙ্গেই কনসার্টের জন্য টিকেট নিশ্চিত হয়ে যাবে। আর এর ফলে টিকেট ক্রেতার নাম চূড়ান্তভাবে ইলেক্ট্রনিক পদ্ধতিতে কনসার্টের জন্য নিবন্ধিত হবে।
‘ইকোস অফ রিভোলিউশন’ কনসার্টে প্রবেশের নির্দেশনা
শুধুমাত্র অনলাইন নিবন্ধনই কনসার্টের দর্শক হিসেবে তালিকাভুক্তির একমাত্র মাধ্যম। কোনো ধরনের কাগজের টিকেট অনুমোদনযোগ্য নয়। প্রবেশের সময় ছবির মাধ্যমে যাচাইয়ের জন্য টিকেটধারীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মতো বৈধ নথি সঙ্গে রাখতে হবে।
আরো পড়ুন: আল্লু অর্জুনের পুষ্পা-২ রিভিউ: ছবি নিয়ে যত হইচই
প্রবেশকালে যাচাইকরণ সম্পন্ন হয়ে গেলে একটি টোকেন দেওয়া হবে। আর এই টোকেনটিই মূলত টিকেটের হার্ডকপি হিসেবে কাজ করবে, যার মাধ্যমে দর্শকরা কনসার্টে প্রবেশ করতে পারবেন। তাই এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করতে হবে।
রাহাত ফতেহ আলীর ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্টের বৃত্তান্ত
কনসার্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শনিবার (২১ ডিসেম্বর)। দর্শকদের জন্য প্রধান ফটক খোলা হবে দুপুর ২টায় এবং কনসার্ট বিকাল ৪টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টার আগ পর্যন্ত।
ফতেহ আলী খান ছাড়াও এই আয়োজনে থাকবে আর্টসেল, চিরকুট এবং আফটারম্যাথ ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। বিনোদনে বৈচিত্র্য আনতে যোগ করা হয়েছে র্যাপ শিল্পী শেজান ও হান্নান এবং কাওয়ালি শিল্পীগোষ্ঠী সিলসিলাকে। এছাড়াও রয়েছে জুলাই বিপ্লব নিয়ে গ্রাফিতি প্রদর্শনী এবং একটি মঞ্চ নাটক।
আরো পড়ুন: ৩৬-২৪-৩৬: কারিনা কায়সার বনাম সমাজে নারীর প্রথাগত সৌন্দর্য্যের মাপকাঠি
আয়োজক হিসেবে রয়েছে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি সংগঠন ‘স্পিরিট অব জুলাই’। সামগ্রিক অর্থায়নে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
কনসার্টটির মূল উদ্দেশ্য জুলাই আন্দোলনে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা করা। তাই এর টিকেট বিক্রি থেকে আয়কৃত অর্থ কাজে লাগানো হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানে।
উল্লেখ্য যে, ফতেহ আলী খান তার এই পরিবেশনের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।
আরো পড়ুন: লাকি ভাস্কর মুভি রিভিউ: সততা বনাম লোভের এক জমজমাট গল্প
পরিশিষ্ট
ঢাকায় অনুষ্ঠিতব্য ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের ‘ইকোস অফ রিভোলিউশন’ কনসার্টের বিশেষত্বের নেপথ্যে রয়েছে বিগত জুলাই বিপ্লবের চেতনা। আয়োজনে ব্যান্ড, র্যাপ, কাওয়ালি সঙ্গীত, গ্রাফিতি প্রদর্শন এবং মঞ্চ নাটকের বৈচিত্র্যময় সংযোজন দর্শকদের আগ্রহের খোরাক যোগাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আয়োজনে আগ্রহীদের যোগদানের প্রক্রিয়াকে সহজ করে তুলেছে গেট সেট রক। ডিজিটাল প্ল্যাটফর্মটির সহজবোধ্য ইন্টারফেস কারিগরি জটিলতামুক্ত থেকে টিকেট সংগ্রহের ক্ষেত্রে সহায়ক। কনসার্টের টিকেট বিক্রি থেকে সংগৃহীত অর্থ ব্যয় হবে বিপ্লবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার কাজে।
আরো পড়ুন: মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’
৬৭৯ দিন আগে
কবি হেলাল হাফিজ মারা গেছেন
দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) শাহবাগের সুপার হোম হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে মৃত অবস্থায় দেখতে পাওয়া গেছে। দুপুর সোয়া ২টার দিকে ওয়াশরুমের দরজা খোলা হয়।
জানা যায়, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন, এতে রক্তক্ষরণও হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার মরদেহ আছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম।
তিনি বলেন, ‘বেলা আড়াইটার দিকে হোটেলের লোকজন তাকে মৃত অবস্থায় নিয়ে আসেন। পুলিশ বিষয়টি তত্বাবধায়ন করছে।’
আরও পড়ুন: জনপ্রিয় সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
গত কয়েক বছর ধরে গ্লুকোমা, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়বিক ব্যাধিসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন প্রতিভাধর এই কবি।
সাংবাদিক মাহমুদ হাফিজ জানিয়েছেন, আগামীকাল (শনিবার) বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে কবির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী।
অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন কবি হেলাল হাফিজ।
সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন তিনি। সর্বশেষ দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন কবি।
হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। তার দ্বিতীয় এবং শেষ কাব্যগ্রন্থ 'বেদনাকে বলেছি কেঁদো না' প্রকাশিত হয় ২০১৯ সালে।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি কবিতায় বাংলা একাডেমী পুরস্কার পান।
৬৮৪ দিন আগে