শিক্ষা
এক নজরে ডাকসু ও হল সংসদ নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে।
তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে শুরু হয়ে সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদে ৫৬৫টি ও হল সংসদ নির্বাচনে মোট ১২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পদপ্রার্থীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা তিনটা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়।
ডাকসুর মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৬৫ জন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য মোট ৫৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শেষ দিনে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (১৮ আগস্ট) বিকাল ছয়টায় চিফ রিটার্নিং কর্মকর্তা সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
এছাড়া, ১৮টি হল সংসদ নির্বাচনে মোট ১২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল
ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিন হলেও সাংগঠনিকভাবে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। তবে ছাত্রদলের নেতারা পৃথকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন। সূত্র অনুযায়ী, সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ডাকসু সহসভাপতি (ভিপি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। এছাড়া মনোনয়নপত্র নিয়েছেন ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, কবি জসিমউদ্দীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম, বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ।
শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল
ডাকসু নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর ডাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ৯ সেপ্টেম্বর
কার্যনির্বাহী সদস্য পদে সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির মনোনয়ন পেয়েছেন।
ইমি ও বসুর নেতৃত্বে বাম জোট
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাম জোট প্যানেল ঘোষণা করেছে। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী জাবির আহমেদ জুবেল।
ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীরা এই প্যানেলে রয়েছেন।
বামজোট থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। অন্যান্য পদে কারা লড়বেন তা মঙ্গলবার প্রকাশ করা হবে।
প্যানেল ঘোষণা করেনি বাগছাসও
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে কে কোন পদে নির্বাচন করবেন তা এখনও ঘোষণা হয়নি।
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের এ তথ্য জানান। তবে বাগছাসের প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্যানেল
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি পদে সাবিনা ইয়াসমিন, এজিএস পদে রাকিবুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
পড়ুন: ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ
বিজ্ঞানের ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ আন আদিব, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন মনোনয়ন পেয়েছেন।
উমামার স্বতন্ত্র প্যানেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উমামা ফাতেমা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এই স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকতে পারেন। আগামীকাল (মঙ্গলবার) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
জামালুদ্দীন ও এনসিপির মাহিন সরকার প্যানেল
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ভিপি ও জিএস পদে নির্বাচন করবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এজিএস পদে ফাতেহা শারমিন এ্যানি নির্বাচন করবেন।
পরবর্তী প্রক্রিয়া
আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রার্থীদের বাছাই প্রক্রিয়া চলবে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন; ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে।
এর আগে, দীর্ঘ ২৮ বছর পর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। ২০১৯ সালের নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর, জিএস ছিলেন গোলাম রাব্বানী এবং এজিএস পদে নির্বাচিত হন সাদ্দাম হোসেন।
পড়ুন: সাম্য হত্যা নিয়ে ধোঁয়াশা, প্রধান আসামি গ্রেপ্তার না হলেও পুরস্কৃত পুলিশ
সর্বশেষ ২০১৯ সালের ডাকসু নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে ভোট দিয়েছিলেন ভোটাররা। তবে এবার পদসংখ্যা বেড়েছে। ফলে এবার মোট ২৮টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা।
বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির মুখে ৪টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এসব পদ হচ্ছে-গবেষণা ও প্রকাশনা সম্পাদক; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক।
৩০৫ দিন আগে
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৫তম জন্মদিন পালিত
বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে দিবসটি উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং আনন্দ র্যালির আয়োজন করা হয়।
হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ, বিশ্ববিদ্যালয়ের লেকে ও উপাচার্যের বাস ভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘গৌরবের ৬৪ বছর: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহেও বৃক্ষরোপণ করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ ও উপাসনালয়ে প্রার্থনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেন, “বিশ্বমানের পাঠ্যসূচি, অত্যাধুনিক ল্যাবরেটরি এবং আন্তর্জাতিক বিজ্ঞান-সহযোগিতার মাধ্যমে বাকৃবির শিক্ষার্থীরা আজ আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করছে। এখানে দেওয়া ডিগ্রিসমূহ অত্যন্ত সময়োপযোগী এবং বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে।”
পড়ুন: বেরোবিতে পরীক্ষায় অংশ না নিয়েও পাস করলেন ছাত্রলীগের নেত্রী: ৭ মাসেও হয়নি তদন্ত
তিনি আরও বলেন, “এ বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা সরাসরি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার ব্যাপক সুযোগ পেয়েছে। মাতৃসম এ বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ কৃষিবিজ্ঞানীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন এবং পেশাগত পূর্ণতায় বিকশিত হয়ে দেশের কৃষি-সংস্কৃতির পরিমণ্ডলকে সমৃদ্ধ ও আলোকিত করেছেন।”
উপাচার্য যোগ করেন, “দেশ আজ ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে অসামান্য সাফল্য লাভ করেছে। কৃষিক্ষেত্রে দৃশ্যমান এ সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক এবং এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের। বিশ্ববিদ্যালয় দিবসের এই পরম লগ্নে বাকৃবির সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই, জেলা প্রশাসন, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীসহ সকল স্তরের জনগণকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”
৩০৫ দিন আগে
বেরোবিতে ছাত্র সংসদের দাবিতে চলমান অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। কর্মসূচির ২৩ ঘণ্টা পেরোলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন চারজন শিক্ষার্থী।
সোমবার (১৮ আগস্ট) সকালে ওই চার শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনশনরত আরেক শিক্ষার্থী আশিকুর রহমান।তিনি জানান, রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন ওই চার শিক্ষার্থী।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের রুম্মানুল ইসলাম রাজ এবং শিক্ষার্থী সুমন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন অসুস্থ শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যেতে চাইলে তারা অস্বীকৃতি জানান। ফলে সেখানেই তাদের স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রুম্মানুল ইসলাম রাজ বর্তমানে কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে।
আরও পড়ুন: স্বাস্থ্যখাত সংস্কারের দাবি আদায়ে লাগাতার বরিশাল ব্লকেড কর্মসূচির ঘোষণা
তারা অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও এখনো একবারও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অনশনের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্ট্রার ড. হারুন অর রশিদও আজ (সোমবার) সকালে কোনো কিছু না খেয়ে অবস্থান করায় প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়েন।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান এবং রুম্মানুল ইসলাম রাজ।
গতকাল (রোববার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। তাদের একমাত্র দাবি— ছাত্র সংসদ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা।
৩০৫ দিন আগে
জাবি ছাত্রদলের দোয়া মাহফিলে দুই গ্রুপের দফায় দফায় উত্তেজনা, হাতাহাতি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় নেতাদের আগমনের পর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও উত্যপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জাবাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় পৌঁছালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি এবং উত্তেজনা দফায় দফায় ছড়িয়ে পড়ে।
শাখা ছাত্রদলের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার পর ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোঃ ইয়াহিয়াসহ কেন্দ্রীয় নেতারা এবং জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা জাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে পৌঁছান।
এ সময় ছাত্রদলের অর্ধশতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী (পদবঞ্চিত) বাইক শোডাউন করে ক্যাফেটেরিয়ায় প্রবেশ করেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে চাইলে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা তাদের বাধা দেন। এরপর দুই গ্রুপ উত্যপ্ত বাক্য বিনিময় ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পদবঞ্চিত নেতাকর্মীরা জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। শীর্ষ পাঁচ নেতা তাদের অনুসারীদের সঙ্গে ক্যাফেটেরিয়ার নিচে অবস্থান নেন।
ছাত্রদলের একটি সূত্র জানায়, কেন্দ্রীয় নেতারা মূলত জাবি ছাত্রদলের দুই গ্রুপের অচলাবস্থা ও দ্বন্দ্ব নিরসনের জন্যই ক্যাম্পাসে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় বিদ্রোহী নেতাকর্মীদের পক্ষে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখানে সবসময় হাঙ্গামা, আন্দোলন, মিছিল, মিটিং চলে। তাই এখানে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের প্রয়োজন। কিন্তু অযোগ্যদের পদায়ন ও স্বজনপ্রীতি করা হয়েছে যা বিপদজনক।’
তিনি আরও বলেন, ‘এত গুরুত্বপূর্ণ ইউনিটে ছাত্রলীগ, ছাত্রশিবির, বহিষ্কৃত, চাঁদাবাজ, ছিনতাইকারী ও ভ্রূণহত্যাকারীদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে, যা লজ্জার বিষয়।’ অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
পড়ুন: জাবিতে আহ্বায়ক কমিটি বর্ধিতসহ অনুষদ ও হল কমিটি দিল ছাত্রদল
এরপর কেন্দ্রীয় নেতারা ক্যাফেটেরিয়ায় পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিছুক্ষণ পরই জাবির কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মসজিদের বাইরে অবস্থান নেন।
দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবারও ক্যাফেটেরিয়ায় ফিরলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পদবঞ্চিত নেতাকর্মীরা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবসহ বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের জন্য সেক্রেটারি নাছির উদ্দীন নাছিরকে ক্যাফেটেরিয়ায় আসতে নির্দেশ দেন।
বহিরাগতরা ক্যাম্পাস ত্যাগ করলে কেন্দ্রীয় নেতারা জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে বৈঠক করতে শিক্ষক লাউঞ্জে প্রবেশ করেন।
ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা অভিযোগ করেন, ৮ আগস্ট জাবি ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটি ও হল কমিটি ঘোষণায় চিহ্নিত ছাত্রলীগ, ছাত্রশিবির, বহিষ্কৃত, ছিনতাইকারী, চাঁদাবাজ ও ভ্রূণহত্যাকারীদের স্থান দেওয়া হয়েছে। তাই তারা আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ পাঁচ নেতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘যারা বিদ্রোহ করছে তাদের মধ্যে বহিষ্কৃত নেতাকর্মীরাও রয়েছে। এরা উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ইমেজ নষ্ট করছে। নতুন কমিটি নিয়ে অভিযোগ থাকলে জানালে সমাধান করা হবে।’
কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইউএনবিকে বলেন, ‘ছাত্রদল একটি বৃহৎ সংগঠন। এত বড় কমিটি তৈরি করার সময় সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমরা সবার সঙ্গে কথা বলছি এবং দ্রুতই ভালো সমাধান আশা করছি।’
৩০৬ দিন আগে
ঢাবি-সাত কলেজের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সরকারি সাত কলেজের সব ধরনের অন্তর্ভুক্তি বাতিলের পর সব দায়িত্ব ও শিক্ষার্থীদের তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সরকারি সাত কলেজের সব প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সব তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনার বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে সব দায়িত্ব ও তথ্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে হস্তান্তর করেন।
এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।
পড়ুন: ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ এবং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।
৩০৯ দিন আগে
আজ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী, মোট ২০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ ১৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩ জন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অন্যান্য পদে বাকি ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
বুধবার (১২ আগস্ট) বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চীফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতকাল প্রথম দিনে ডাকসু মনোনয়নপত্র নিয়েছে ৭ জন। যার মধ্যে দুই জন ভিপি পদের জন্য মনোনয়ন নিয়েছেন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন, যার মধ্যে ভিপি পদে ৩ জন।
পড়ুন: ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ
তিনি জানান, এখন পর্যন্ত ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেইসাথে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে। এ ক্ষেত্রে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।
এ পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
৩১০ দিন আগে
৫ দফা দাবিতে উপাচার্য বরাবর জবি ছাত্রদলের স্মারকলিপি
সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন শাখা সংগঠনের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, গত বছরের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য উপাচার্যের কাছে ২১ দফা দাবি জমা দেওয়া হলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো যদি দ্রুত পূরণ না হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। স্বৈরাচারের সহযোগী ছাত্রলীগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিচার না হলে জবির শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরবে না।’
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘ফ্যাসিস্টের সহযোগী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের যারা ফৌজদারি অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জকসুর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করে জকসু নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে হবে।’
দাবিগুলো হলো— অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) দেওয়া ও ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা,বিশ্ববিদ্যালয়ের সাত একর নিজস্ব জমিতে এক মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ কাজ শুরু করে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করা, পূর্বের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত ছাত্রলীগের শিক্ষার্থী ও নতুন তালিকায় ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখিত ৬৮ শিক্ষক ও ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিচারের পর স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করা।
৩১১ দিন আগে
ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।
প্রার্থীরা ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বিকেল ৩টা।
প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র প্রার্থীকে সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর ডাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ৯ সেপ্টেম্বর
ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
এদিকে, নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থর্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা।
৩১১ দিন আগে
সেশনজট থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার আশ্বাস জবি উপাচার্যের
চলতি শিক্ষাবর্ষে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এতে করে শিক্ষার্থীরা ক্রমান্বয়ে সেশনজট থেকে মুক্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।
উপাচার্য বলেন, ‘গত শিক্ষাবর্ষের তুলনায় এবার আমরা চার মাস আগে পাঠদান কার্যক্রম শুরু করেছি। আশা করছি, সেশনজট থেকে ক্রমান্বয়ে মুক্তি পাবে শিক্ষার্থীরা।’
আরও পড়ুন: জবির আইইআর ইনস্টিটিউটে র্যাগিং, ১০ দিন পেরোলেও গুরুত্বে নেয়নি পরিচালক
চলতি শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় সর্বপ্রথম পাঠদান কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এটি ভবিষ্যতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামগুলো নির্ধারিত সময়ে শেষ করতে সহায়ক হবে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে একাডেমিক জীবনের গুরুত্ব দিতে হবে। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। আগামীর সুন্দর একাডেমিক পরিবেশে তোমরা মেধাচর্চা করে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেবল ডিগ্রি বা সনদ অর্জনের লক্ষ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাদের বক্তব্য ও চিন্তাধারার প্রকাশে শালীনতা ও মাধুর্য থাকতে হবে। সমালোচনার ভাষাও হতে হবে পরিমিত ও ভদ্র, কেননা পুরো দেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও বক্তব্য লক্ষ্য করে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং মেন্টরসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
৩১১ দিন আগে
বেরোবিতে পরীক্ষায় অংশ না নিয়েও পাস করলেন ছাত্রলীগের নেত্রী: ৭ মাসেও হয়নি তদন্ত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছিলেন।
সেই সময় ঘটনার সত্যতা যাচাইয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ৭ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন জমা পড়েনি।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তদন্ত কমিটির সদস্যরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তদন্তই করেননি। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেন সুরাইয়া ইয়াসমিন ঐশী, যিনি বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি জানাজানি হলে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে শুরুতে ঐশী ফোন রিসিভ করেননি।
পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি। তবে কখন, কবে পরীক্ষা দিয়েছেন এ বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি।
গত বছরের ১৬ জুলাই ছাত্রলীগের হামলায় নিহত আবু সাঈদের ঘটনার পর থেকে ঐশী আত্মগোপনে রয়েছেন।এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অভিযুক্ত শিক্ষক, গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় প্রশাসন।
তদন্ত কমিটির সদস্য সচিব গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হান্নান বলেন, আমরা কাজ করেছি। তদন্ত চলমান। শীঘ্রই রিপোর্ট দেব আমরা।
৩১২ দিন আগে