অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার মতে, মান ও কনটেন্টের গুণগত দিক ভালো না হলে পাঠকের আগ্রহ তৈরি হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে সংগঠনটির নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা, অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘স্ট্যান্ডার্ড মেইনটেইন করা খুব জরুরি বিষয়। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, মানুষজন আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না।’
নিউজ পোর্টালের মান বজায় রাখতে যথাযথ সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাবের বিষয়ে ইয়াসের খান বলেন, ‘এই ফিটা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়।’
অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া অনলাইন গণমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করা হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।
নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।