ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মো. আরিয়ান আহমেদ ইমরান (২২) বরগুনার পাথরঘাটা থানার কাঁঠালতলী গ্রামের আব্দুস সালামের ছেলে।
কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানান, গতকাল (রবিবার) রাত ১১টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিয়ান। পরে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
রাত ১২টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর কিছুক্ষণ পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরিয়ান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাবন্দি ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আরিয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।