ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়া দুই হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশের (৩৮) মৃত্যু হয়।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান, ইফতেখার মাহমুদ হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তিনি রাজধানীর মিরপুরের পীরেরবাগের মাহবুব আলমের ছেলে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানেই গতকাল (বুধবার) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশ রাজধানীর দারুস সালাম থানার বাগবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে। গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তবে এ দুই হাজতি কোন কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।