ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধায় চারটি রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেছেন হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের বাগান গেটে বিআরটিসির দ্বিতলবিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন তিনি। প্রাথমিকভাবে দুটি রুটে তিনটি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি বড় অংশ নারী। তাদের যাতায়াতে হাসপাতালের নিজস্ব কোনো পৃথক পরিবহন ব্যবস্থা নেই। এ কারণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে ডিসকাউন্ট রেটে বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) তিনটি রুটে বিআরটিসির দ্বিতলবিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যাত্রীসংখ্যা কম থাকায় দুটি রুটে তিনটি বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মধ্যে একটি বিশ্বরোড এবং বাকি দুটি কাচপুর, চিটাগাং রোড, শনিআখড়া ও রায়েরবাগ রুটে চালু করা হয়েছে।
পর্যায়ক্রমে বাকি রুটগুলোতে বাস সার্ভিস চালু হবে বলেও জানান ঢামেক হাসপাতলের পরিচালক।