আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাওয়া ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে সমন্বিত ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী একটি ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বুধবার (১০ জুন) ডিজিটাল ক্যাশ বা নগদহীন লেনদেন প্রসারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোশতাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে এই প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
এই ডিজিটাল পেমেন্ট বা লেনদেন উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—সমন্বিত ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কের নিরবচ্ছিন্ন লেনদেনের সুবিধা এবং বহুস্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে গ্রাহক, ক্ষুদ্র ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংক এবং ডিজিটাল ফাইন্যান্স অংশীজনদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে একটি জোরালো প্রচার অভিযান চালানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এই অভিযানের লক্ষ্য হলো—আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেন অবকাঠামোকে উল্লেখযোগ্যভাবে আরও গ্রাহকবান্ধব, দ্রুতগতির, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।