পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি আজ রবিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে প্রকাশ্যে নিলামে ৩৬ হাজার বিক্রি হয়েছে। পরে স্থানীয় এক ব্যবসায়ী বাঘাইড় মাছটি কিনে এক ইতালি প্রবাসীর কাছে ৩৮ হাজার টাকায় বিক্রি করেছেন।
রবিবার (২৮ জুন) ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনার দৌলতদিয়া চর করনেশনা এলাকায় জেলে নিয়ামত হালদারের ফাঁশন জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে।
এছাড়া জেলেদের জালে ধরা পড়া পদ্মার প্রায় ১১ কেজি ওজনের ৬টি ইলিশ মাছ ৪৬ হাজার টাকায় স্থানীয় ওই একই ব্যবসায়ী শাহজাহান শেখ কেনেন। পরে ইতালি প্রবাসী একই ব্যক্তি ইলিশ মাছগুলোও ৪৭ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীরা জানান, আজ (রবিবার) ভোররাতে নদীতে স্থানীয়দের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা মাছ শিকারে নামেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলে নিয়ামত হালদার মাছ শিকারে বের হন। পদ্মা ও যমুনা নদীর মোহনায় দৌলতদিয়া চর করনেশনা এলাকায় ফাঁশন জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। ভোরের দিকে জালে বড় ধরনের ঝাঁকি দিলে তিনি বুঝতে পারেন যে বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলেই তিনি দেখতে পান বিশালাকৃতির বাঘাইড় মাছটি। এরপর তিনি সেটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজার আনুখার আড়তে। আড়তে আছটির ওজন করা হলে দেখা যায়, সেটি ২০ কেজি ১০০ গ্রাম ওজনের। পরে নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে বাঘাইড়টি নিলামে তুললে আমিও অংশ নিই। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় মাছটি কিনেছিলাম।
তিনি বলেন, মাছটি কিনে নিজের ফেসবুকে ভিডিও আপলোড করি। ওই ভিডিও দেখে গোপালগঞ্জের বাসিন্দা ইতালি প্রবাসী আবু সায়েম ফোন করে মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে কেজিপ্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ৩৮ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।